ইস্ট বেঙ্গল-মোহন বাগান আসছে এই বাংলায়?

>শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের তৃতীয় আসর বসতে যাচ্ছে অক্টোবরে। এবার কলকাতার জনপ্রিয় দুই ক্লাব ইস্ট বেঙ্গল ও মোহন বাগানকে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে চায় আয়োজক চট্টগ্রাম আবাহনী ক্লাব।
শুধু ভারতে নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা দুই দল কলকাতার জনপ্রিয় ক্লাব ইস্ট বেঙ্গল ও মোহন বাগান। এবার এই দুই দলকে একসঙ্গে নিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ আয়োজন করতে চায় চট্টগ্রাম আবাহনী। অক্টোবরের মাঝামাঝি টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা রয়েছে চট্টগ্রামে।
আন্তর্জাতিক এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করবে। এর মধ্যে ৫টি বিদেশি দল রাখতে চায় আয়োজক চট্টগ্রাম আবাহনী। টুর্নামেন্টের জৌলুশ বাড়াতে এই অঞ্চলের জনপ্রিয় দুই ক্লাব ইস্ট বেঙ্গল ও মোহন বাগানকে তারা চায়। ওই বাংলার ১০০ বছর কিংবা তারও বেশি বয়সী পুরোনো দুই ক্লাবকে আনুষ্ঠানিক প্রস্তাব দিতে আগামীকাল কলকাতায় যাচ্ছেন চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান তরফদার রুহুল আমিন। কলকাতার দুই দলের সঙ্গে কথা চূড়ান্ত করেই টুর্নামেন্টের দিনক্ষণ ঠিক করতে চান তিনি। ‘তাদের সঙ্গে আগে থেকেই আলাপ আলোচনা হয়ে আছে’—বলেছেন রুহুল আমিন।
স্বাভাবিকভাবে ভারতের এই দুই ক্লাব থাকলে টুর্নামেন্টের জৌলুশ বেড়ে যাবে বহুগুণ। ২০১৫ সালে প্রথম শেখ কামাল টুর্নামেন্টে খেলতে এসেছিল ইস্ট বেঙ্গল। সেবার চট্টগ্রাম আবাহনীর সঙ্গে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের। প্রথম আসরে তাদের খেলা দেখার জন্য গ্যালারিতে উপচে পড়েছিল দর্শক। তাই আবার ইস্ট বেঙ্গলকে নিয়ে আসার চেষ্টা আয়োজকদের। সঙ্গে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহন বাগানকেও।
বাকি তিনটি বিদেশি দলের জন্য মালদ্বীপ, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও কম্বোডিয়াকে চিঠি পাঠানো হয়েছে। আর বাংলাদেশের তিন ক্লাব হলো আয়োজক চট্টগ্রাম আবাহনী, আবাহনী লিমিটেড ও প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন নবাগত বসুন্ধরা কিংস। এবার অংশগ্রহণকারী দলগুলোকে দেওয়া হবে ১০ হাজার মার্কিন ডলার। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ৫০ হাজার মার্কিন ডলার। রানার্সআপ দলের পুরস্কারের পরিমাণটা হতে পারে ৩০ হাজার মার্কিন ডলার।
টুর্নামেন্টের দ্বিতীয় ও সর্বশেষ আসর বসেছিল ২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ। শেষ আসরে ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশের কোনো ক্লাব। সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার ক্লাব এফসি পোচেয়নের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় আয়োজক চট্টগ্রাম আবাহনী। আর চ্যাম্পিয়ন হয়েছিল মালদ্বীপের টিসি স্পোর্টস। তবে ২০১৫ সালের প্রথম আসরটা আয়োজকদের জন্য স্মরণীয় হয়ে আছে। সেবার ভারতের ইস্ট বেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চট্টগ্রাম আবাহনী।