ইস্টবেঙ্গলে ওয়েডসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েডসন আনসেলমে
ওয়েডসন আনসেলমে

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, ঢাকার ক্লাব ছেড়ে কলকাতা যাচ্ছেন ওয়েডসন আনসেলমে। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। কলকাতার পরাশক্তি ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন শেখ জামাল ধানমন্ডির সদ্য বিদায়ী হাইতিয়ান এই স্ট্রাইকার।
ঢাকায় প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে শেখ জামাল ধানমন্ডির সঙ্গে চুক্তি আর নবায়ন করেননি ওয়েডসন। কাল নিজের ফেসবুকে দিলেন ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার খবর, ‘আমি অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলাম ইস্টবেঙ্গলের হয়ে খেলব। অবশেষে এই ক্লাবে যোগ দিতে পেরে খুবই খুশি।’ ক্লাবটির সঙ্গে চুক্তি সইয়ের বেশ কিছু ছবিও দিয়েছেন ফেসবুকে। আপাতত চুক্তি দেড় বছরের।
ওয়েডসন তিন বছর আগে যাঁর হাত ধরে ঢাকায় এসেছিলেন, সেই স্বদেশি সনি নর্দে বছর দুয়েক আগেই নাম লেখান কলকাতার আরেক পরাশক্তি মোহনবাগানে (বর্তমানে আইএসএলে খেলছেন মুম্বাই এফসিতে)। এবার দুই বন্ধু মিলে মাতাবেন ভারতের ফুটবল। এর আগে মাতিয়েছেন বাংলাদেশের ফুটবল। সাম্প্রতিক বছরে শেখ জামাল দুটি লিগ জিতেছে, ঘরে তুলেছে দুটি ফেডারেশন কাপ, এমনকি ভুটানে জিতেছে কিংস কাপ। এসব টুর্নামেন্টে ওয়েডসনের পা থেকেই এসেছে বেশির ভাগ গোল। ওয়েডসন হয়তো সনির মতো তারকাখ্যাতি পাননি, তবে স্ট্রাইকার হিসেবে দারুণ সফল।
ঢাকায় নিজের প্রথম লিগেই হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। পরেরবার দ্বিতীয় সর্বোচ্চ, দুটি ফেডারেশন কাপের ফাইনাল ও টুর্নামেন্ট-সেরাও ছিলেন এই স্ট্রাইকার। এবারের প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষে ৯ গোল নিয়ে ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।