ইয়ংমেন্স ফুটবলারদের স্বপ্নভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিমিয়ার লিগে উত্তরণ নিশ্চিত হওয়ার পর এমন উৎসব করেছিল ইয়ংমেন্সের খেলোয়াড়েরা
প্রিমিয়ার লিগে উত্তরণ নিশ্চিত হওয়ার পর এমন উৎসব করেছিল ইয়ংমেন্সের খেলোয়াড়েরা

মাগুরায় নিজের গরুর খামারের জন্য দুটি নতুন গরু কেনার ইচ্ছা ছিল আক্কাস শেখের। ইচ্ছাটা পূরণ হয়ে যেত ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাব আসন্ন প্রিমিয়ার লিগে খেললে। ক্লাব থেকে তখন টাকা পেতেন। কিন্তু তাঁর রঙিন ইচ্ছাটা হঠাৎই মরীচিকা হয়ে গেছে। ইয়ংমেন্স ক্লাব পেশাদার যুগে প্রথমবার প্রিমিয়ারে খেলার সুযোগ পেয়েও তা বিস্ময়করভাবে পায়ে ঠেলছে। না খেলার ইচ্ছাটা তারা চিঠি দিয়ে পরশু জানিয়েছে বাফুফেকে।
ক্লাবটির ফুটবলারদের কাছে এটা যেন বিনা মেঘে বজ্রপাত। গত ৯ জানুয়ারি দিনটির কথা ভাবলেই খুব কষ্ট হচ্ছে তাঁদের। যখন ইয়ংমেন্সকে চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন করেছেন তাঁরা। সেই সুবাদে ২০০৭ সালে পেশাদার লিগ প্রবর্তনের পর প্রথমবার প্রিমিয়ারে ওঠার টিকিট পায় একসময়ের সাড়া জাগানো ক্লাব ইয়ংমেন্স। অথচ এখন দলটি নানা সমস্যার কথা বলে প্রিমিয়ারে খেলতে চায় না! সিনিয়র ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেয়েও একবার খেলেনি ইয়ংমেন্স!
কিন্তু চ্যাম্পিয়নশিপ আর প্রিমিয়ার লিগের মর্যাদা, স্বাদ, সবই ভিন্ন। চ্যাম্পিয়নশিপ লিগে দলটির গোলরক্ষক আক্কাস শেখের কণ্ঠ তাই বেদনাক্রান্ত, ‘অনেক পরিশ্রম করে দলটাকে প্রিমিয়ারে তুলেছি আমরা। এত দিন ক্লাব বলেছে, আমাদের নিয়েই প্রিমিয়ারে খেলবে। এখন না খেললে আমরা কোথায় যাব?’
প্রশ্নটা চ্যাম্পিয়নশিপ লিগে ইয়ংমেন্সের অধিনায়ক ফারুক পারভেজসহ সবারই। চ্যাম্পিয়নশিপের ১১ ফুটবলারকে শর্তাধীন ধরে রেখে প্রিমিয়ারের জন্য দল গড়তে চেয়েছিল ইয়ংমেন্স। বাফুফেকেও এটা চিঠি দিয়ে জানায় তারা। সেই শর্তাধীন ফুটবলাররাই এখন বেশি হতাশ। অন্য দলের ডাক পেয়েও তাঁরা যেতে পারেননি। ডিফেন্ডার ফারুক বারবার বলছিলেন, ‘প্রিমিয়ারে নিজেকে তুলে ধরব আশা ছিল। কিন্তু তা হচ্ছে না। বলতে পারেন, একটা স্বপ্নভঙ্গ হয়েছে।’
১ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দলবদলের সময়সীমা। ১২ মে ফেডারেশন কাপ শুরু, ১২ জুন লিগ। শেষ সময়ে ইয়ংমেন্সের দল না গড়ার খবর জেনে ডিফেন্ডার জালাল মিয়ার খেদোক্তি, ‘ইয়ংমেন্সকে চ্যাম্পিয়ন করে মনে হয় অপরাধ করেছি!’
সম্প্রতি জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে ডাক পাওয়া ভৈরবের ছেলে জালাল কদিন আগে ক্লাবে যান ছাড়পত্র আনতে। তাঁকে বলা হয়, ‘তুমি আমাদের টিমেই খেলো।’ তা আর হচ্ছে না বলে তাঁর মনটা খুব খারাপ। বর্তমানে সিনিয়র ডিভিশনে খেলা ৪৫ বছর বয়সী গোলরক্ষক মোহাম্মদ আলী চ্যাম্পিয়নশিপ লিগের চ্যাম্পিয়ন ইয়ংমেন্সে ছিলেন। জুনিয়রদের কষ্টটা কাছ থেকে দেখেছেন। তাই অন্যদের সঙ্গে তাঁর মনটাও বিষণ্ন, ‘২৫-৩০ জন ফুটবলারের রুটি-রুজির ওপর আঘাত এল।’
সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, চ্যাম্পিয়নশিপ লিগে দলটিকে চাম্পিয়ন করা কোচ মহিদুর রহমান মিরাজকে গত সপ্তাহেও নাকি ক্লাব কর্তৃপক্ষ বলেছিল, ‘প্রিমিয়ারের জন্য দল গোছান।’ সেই মিরাজ শর্তাধীন (বাইন্ডিংস) ১১ জনের সঙ্গে আরও কয়েকজনের কথা ভেবেও রাখেন। পরশু খবরটা শুনে তিনি স্তম্ভিত, ‘এমন কিছু শুনব, কল্পনাও করিনি।’ বড় কষ্ট পাচ্ছেন তিনি, ‘চ্যাম্পিয়নশিপ লিগে জীবনের সবচেয়ে বড় কষ্টটা করেছি। বড় স্বপ্ন নিয়ে এগোচ্ছিলাম। খুব আশাহত হয়েছি। আজ সব ছেলে আমাকে বারবার ফোন করে বলেছে, ভাই, এটা কী হলো?’
ইয়ংমেন্স ক্লাবটি কাল যেন ডুবে ছিল নির্জনতায়। চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ক্লাবে আলোকসজ্জা করা হয়েছিল। কিছুদিনের মধ্যেই সব ফিকে। তবে ক্লাবটির সাধারণ সম্পাদক ও মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের ভাষ্য, ‘আমরা তো খেলব না বলিনি। ১-৩০ এপ্রিল দলবদলের সময়টা কিছুদিন বাড়াতে বলেছি। আর বলেছি, এবার না হলে আগামীবার আমরা প্রিমিয়ারে খেলতে চাই।’
৯ এপ্রিল ইয়ংমেন্স ক্লাবের সভায় আপাতত প্রিমিয়ারে না খেলার ব্যাপারে আলোচনা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বললেন, দল গড়তে ২ কোটি টাকা সংগ্রহের চেষ্টা হচ্ছিল। কিন্তু তেমন সাড়া মেলেনি বলেই পিঠটান। তাহলে ইয়ংমেন্সের ভবিষ্যৎ কী? সিদ্ধান্তটা আজই বাফুফের জরুরি সভা থেকে আসবে। একটা আভাস অবশ্য দিয়েই রেখেছেন লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী, ‘বাইলজ অনুযায়ীই সিদ্ধান্ত নেব আমরা।’
বাইলজ মেনে অবনমন হোক বা অন্য কিছু হোক, একঝাঁক ফুটবলারের ভাগ্য নিয়ে ছিনিমিনিই তো খেলা হলো!