ঈদ-আমেজেই বড় ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ জামাল-শেখ রাসেল লড়াই আজ
শেখ জামাল-শেখ রাসেল লড়াই আজ

‘চাঁদরাতে’ও ম্যাচ!
ঢাকার ক্লাব ফুটবলে এমন সময় আগে আসেনি। প্রিমিয়ার লিগ দ্রুত শেষ করার তাগিদে গত শুক্রবার ঈদের আগের সন্ধ্যায়ও দুটি ম্যাচ হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। মোহামেডান ৬-১ গোলে ফরাশগঞ্জকে গুঁড়িয়ে দেওয়ার আগে প্রথম ম্যাচে গোল হয়েছে আরও বেশি—৯টি। ফেনী সকার ৬-৩ ব্যবধানে জিতেছে রহমতগঞ্জের বিপক্ষে। হ্যাটট্রিক করেও দলের হার এড়াতে পারেনি আফ্রিকান ফরোয়ার্ড গিডিয়ন।
এই চার দলের বেশির ভাগ ফুটবলারই বাড়িতে গিয়ে ঈদ করতে পারেননি। প্রিয়জনদের সঙ্গে ঈদ করা হয়নি আরও চার দলের ˆবেশির ভাগ ফুটবলারের। এর আগে জাতীয় দলের ক্যাম্পে ঈদ করার অভিজ্ঞতা আছে অনেকের। ঈদের দিনে ম্যাচও খেলা হয়েছে। তবে ঘরোয়া আসরে এবারই প্রথম ক্লাবে ঈদ করতে হলো। ঈদ-আমেজের মধ্যে আজই যে আবার মাঠে নেমে যেতে হচ্ছে।
বিকেল সোয়া চারটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে লিগের সবচেয়ে বড় ম্যাচে মুখোমুখি শেখ জামাল ধানমন্ডি ও শেখ রাসেল। সন্ধ্যা সাড়ে ছয়টায় আবাহনীর সামনে ব্রাদার্স। ১৫ ম্যাচে শেখ জামালের পয়েন্ট ৩৬, শেখ রাসেলের ১৪ ম্যাচে ২৯। আবাহনী ও মোহামেডানের ১৫ ম্যাচে ৩০, ব্রাদার্সের ২৮। শেখ জামাল আজ জিতলে শিরোপা নিশ্চিত করে ফেলবে অনেকটা। শেখ রাসেলের জয়ের বিকল্প নেই। শেখ রাসেল অধিনায়ক মিঠুন চৌধুরী তো এটিকে ‘ফাইনাল’ ম্যাচ হিসেবেই নিতে চান।
কিন্তু সেই ‘ফাইনাল’ ম্যাচের আগে শেখ রাসেল খেলোয়াড়েরা মানসিকভাবে পিছিয়ে। ঈদের এক দিন আগে আবাহনীর কাছে ৫-০ গোলে উড়ে যাওয়া দলের জন্য বড় এক ধাক্কাও। আজ তাই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ মারুফুল হক ও তাঁর দলের সামনে। শেখ জামাল থেকে লিগের মাঝপথে বরখাস্ত হওয়া মারুফ জপছেন শুধু জয়ের মন্ত্রই, ‘আমাদের জিততেই হবে। এটি আমাদের টিকে থাকার লড়াই।’
শেখ জামালের জন্য তা নয়। তারপরও জিততে মরিয়া দলটি। তাই ঈদের দিন অন্য দলগুলো অনুশীলন বন্ধ রাখলেও শেখ জামাল ব্যতিক্রম। ভোর ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত খেলোয়াড়দের নিয়ে অনুশীলন মাঠে কাটিয়েছেন কোচ যোসেফ আপুসি। এরপর কর্মকর্তাদের সঙ্গে নামাজ পড়া, ক্লাব সভাপতির বাসায় খেলোয়াড়দের ঈদ উদ্যাপন। মিডফিল্ডার মামুনুল ইসলামের কাছে দিনটা ছিল অন্য রকমই, ‘এই প্রথম ক্লাবে ঈদ করলাম। খুব একটা খারাপ লাগেনি। শেখ রাসেলকে হারিয়ে শিরোপার পথে বড় বাধা দূর করতে চাই।’
শক্তির বিচারে শেখ জামালই এগিয়ে। দুই দলের শেষ পাঁচ ম্যাচেই জয় তাদের। লিগে ৯ সাক্ষাতে ৫ জয়, ৩ ড্র ও ১ হার। শেখ রাসেল গত ৫ ম্যাচে করেছে ১১ গোল, শেখ জামালের ২৫! আক্রমণে তিন অস্ত্র ল্যান্ডিং, এমেকা ডার্লিংটন ও ওয়েডসনের গোলই শেখ রাসেলের মোট গোলের চেয়ে ৯টি বেশি—৩৪! যোসেফ আপুসি তাই আত্মবিশ্বাসী কণ্ঠে বলতে পারছেন, ‘ফরোয়ার্ডরা গোল পেলে অবশ্যই জিতব।’
ওয়েডসনদের থামাতে পারবে শেখ রাসেল?