উচ্ছ্বাসের বাঁকে বাঁকে
বার্সেলোনায় বাড়বে জন্মহার!
বার্সেলোনার হাসপাতালগুলোকে একটা পরামর্শ দিয়ে রাখলেন জেরার্ড পিকে। এখন থেকে নয় মাস পর যেন তারা সেবিকার সংখ্যা বাড়ায়। বার্সেলোনায় শিশু জন্মহার যে বাড়তে চলেছে! পরশু রাতটি নাকি বার্সা সমর্থকদের জন্য ছিল ভালোবাসাবাসির! পিএসজির কাছে প্রথম লেগে দলের ৪-০ গোলে হেরে যাওয়ার রাতটি ছিল বিশ্ব ভালোবাসা দিবসের। গোলাপের সুবাসের বদলে সে রাতে তাদের কপালে জুটেছিল একরাশ হতাশা। সে কথা মাথায় রেখেই কি বার্সা ডিফেন্ডার এমন কথা বলেছেন? ২০০৯ সালে আন্দ্রেস ইনিয়েস্তার গোলে চেলসিকে পেছনে ফেলে ফাইনালে উঠেছিল বার্সা। সেই ম্যাচের নয় মাস পরও কিন্তু বার্সেলোনা শহরে শিশু জন্মের হার গিয়েছিল বেড়ে! এএফপি।
‘কামব্যাক ক্লাবে’ অভিনন্দন
এই তো গত মাসের কথা। এনএফএলের ফাইনাল ‘সুপার বোলে’ আটলান্টা ফ্যালকনসের বিপক্ষে থার্ড কোয়ার্টারেও ২৮-৩ পয়েন্টে পিছিয়ে ছিল নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস। সেখান থেকে ঘুরে দাঁড়ায় তারা। ম্যাচটি জিতে নেয় ৩৪-২৮ পয়েন্টে। প্রথম লেগের ৪ গোলের ঘাটতি কাটিয়ে পরশু পিএসজিকে ৬-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠে বার্সেলোনা। অনেকেই এটিকে বলছেন ফুটবলের সর্বকালের সেরা ‘কামব্যাক’। ম্যাচের পরপরই বার্সাকে অভিনন্দন জানিয়েছে প্যাট্রিয়টস। বার্সা থেকেও তাদের ধন্যবাদ জানানো হয়েছে। ফোরফোর টু।
সমর্থক-জটে মেসি
‘মেসি, মেসি!’ ম্যাচ শেষে বান্ধবী আর ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন বার্সা তারকা লিওনেল মেসি। কিন্তু এমন এক জয়ের পর চাইলেই কি নীরবে ফেরা সম্ভব! গাড়ি নিয়ে মাঠের বাইরে বের হতেই ঘিরে ফেললেন সমর্থকেরা। ভালোবাসায় সিক্ত করতে চাইলেন প্রিয় তারকাকে। কিন্তু তাঁকে ছোঁয়ার তো আর উপায় নেই। তাই গাড়ির জানালার কাচের কাছে ঝুঁকে ‘মেসি, মেসি’ স্লোগানে প্রকম্পিত করে তোলেন পুরো ন্যু ক্যাম্প। এএফপি।
৪+২=৬!
নিজেদের মাঠে বার্সাকে ৪-০ গোলে হারিয়ে উড়ছিল পিএসজি। সেই জয় উদ্যাপন করতে গিয়ে পিএসজির মিডফিল্ডার আদ্রিয়েন র্যাবিওট একটি ছবি দিয়েছিলেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। তিনি নিজে এক হাতের চার আঙুল দেখাচ্ছেন। আর লেফটব্যাক লেভিন কুরজাওয়া দেখাচ্ছেন দুই আঙুল। তাঁরা বোঝাতে চেয়েছিলেন ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগে বার্সাকে দুটি গোল দেবে পিএসজি। কিন্তু বার্সার মাঠে ৬-১ গোলে উড়ে গেছে পিএসজি। পরশু ম্যাচ শেষে ওই ছবিটি নিয়ে নেইমার একটু পরিবর্তন করে পোস্ট করেছেন। ৪+২=৬—লিখেছেন ছবির ওপরে। মেইল অনলাইন।