উজবেকদের কাছে এবারও তিন গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>এশিয়ান গেমস ফুটবলে নিজেদের প্রথম ম্যাচেই উজবেকিস্তানের বিপক্ষে ৩-০ গোলে হারল বাংলাদেশ

উচ্চতা, স্কিল আর ফুটবল মস্তিষ্ক। তিনটির মিশ্রণ ঘটাতে পারলে আর কী লাগে! অন্তত বাংলাদেশের মতো দলের সামনে ‘বাঘ’ হয়ে দাঁড়াতে কোনো সমস্যাই হওয়ার কথা নয় উজবেকিস্তানের মতো দলের। আজ সেটি হয়ওনি পশ্চিম জাভার পাকান সারি স্টেডিয়ামে। বাংলাদেশকে হেসেখেলেই ৩-০ গোলে হারিয়ে এশিয়ান গেমস শুরু করেছে শক্তিশালী উজবেকিস্তান। গত এশিয়ান গেমসেও ঠিক একই ব্যবধানে বাংলাদেশ হেরেছিল ১৯৯৪ হিরোশিমা এশিয়াডে সোনাজয়ী উজবেকিস্তানের কাছে।

তবে আজ যেভাবে শুরু করেছিল উজবেকিস্তান, প্রথম চার মিনিটেই হয়ে যেতে পারত অন্তত দুটি গোল। গোলরক্ষক আশরাফুল রানা বাধা হয়ে দাঁড়িয়েছেন বলেই উজবেকিস্তানকে প্রথম গোলটা পেতে অপেক্ষা করতে হয়েছে ২৩ মিনিট পর্যন্ত। ইকরেমজনের ক্রস থেকে অধিনায়ক জাবিখিল্লাভের হেডে লক্ষ্যভেদ।

প্রথমার্ধে এই একটি গোল বাংলাদেশকে আশা দেখাচ্ছিল। অন্তত হারের ব্যবধানটা যেন বড় না হয় সেই লক্ষ্যপূরণে অর্ধেকটা ভালোই কাটিয়েছে লাল সবুজের দল। যদিও উজবেকদের দ্রুত দল দেওয়া-নেওয়া, চোখের পলকে জায়গা করে বাংলাদেশ দলকে ধাঁধায় ফেলছিল বারবার। অধিনায়ক জাবিখিল্লাভ আর প্লে মেকার জাবোখিরের বোঝাপড়া এত ভালো ছিল যে, কোন দিক বল আসছে বুঝতেই পারছিল না বাংলাদেশের রক্ষণ।

তারপরও সীমিত সামর্থ্য নিয়ে প্রথামার্ধের শেষ কয়েক মিনিট সাহস করে ওপরে এসেছে বাংলাদেশ। যদিও এই সময় মাঝমাঠে কিছুটা লাগাম ছেড়ে দেয় উজবেকিস্তান। ৪-২-৩-১ ছকে খেলা বাংলাদেশ একটু বল পজেশন রেখে উজবেকদের অ্যাটাকিং থার্তে হানা দিয়েছে বার দুয়েক। কিন্তু সুফিল, বিপলু, মাসুক মিয়া জনিরা শারীরিকভাবে এত পিছিয়ে যে, পারলেন না তেমন কিছুই করতে।

উল্টো দ্বিতীয়ার্ধে বাংলাদেশের জালে বল ঢুকেছে আরও দুবার। গোল তো হতে পারত আসলে আরও বেশি। কিন্তু হয়নি গোলরক্ষক রানা আস্থা নিয়ে খেলায়। একবার শুধু রানার হাত ফসকেছে বল। তবে বাংলাদেশের ডিফেন্ডারদের দাঁড় করিয়ে যেভাবে বাঁ প্রান্ত দিয়ে দুটি আক্রমণকে গোলে পরিণত করেছে উজবেকিস্তান, বড় দলের শক্তির প্রদর্শনী তো এখানেই। ৫৭ রানার মাথার ওপর দিয়ে বল পাঠিয়েছেন দোস্তনবেক। ৬৬ মিনিটে ইকরমজন গোল করে মনটা একটু খারাপই করে দিয়েছেন বাংলাদেশ দলের।