উজবেকদের সঙ্গে আজ কঠিন ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজবেকিস্তানকে গ্রুপ সেরা ধরেই গ্রুপের বাকি তিনটি দল রানার্সআপ হওয়ার ছক কষছিল। প্রথম দুই ম্যাচে বড় জয় তুলে সেই পথে অনেকটাই এগিয়ে দলটি। সেই উজবেকিস্তানকে আজ যদি বাংলাদেশ হারিয়ে দেয়!
এটা কল্পনা! তবে জয়ের আকাঙ্ক্ষা আছে বাংলাদেশ দলে। সেই আকাঙ্ক্ষায় আজ সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে নামছে স্বাগতিক বাংলাদেশ। কিন্তু বাস্তবতা ভিন্ন। উজবেকিস্তানকে হারানোর সামর্থ্য আসলে বাংলাদেশের নেই।
যদি তেমন কিছু হয়েই যায়, সেটি কোচ সাইফুল বারীর চোখে হবে অলৌকিক, ‘উজবেকদের হারানো আমাদের জন্য হবে মিরাকল। ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে।’ তবে সাইফুল কম করে হলেও ড্র চান। তাতে হয়তো অনূর্ধ্ব-১৯ এএফসি ফুটবলের চূড়ান্ত পর্বে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা থাকবে।
পরশু ভুটানের কাছে অপ্রত্যাশিত ড্রটাই আসলে বাংলাদেশের স্বপ্নে দিয়েছে বড় ধাক্কা। বড় ব্যবধানে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমে উল্টো নিজেরাই ছন্নছাড়া। আজ হারলে বিদায়। উজবেকরা কিন্তু ভুটানকে সাত আর শ্রীলঙ্কাকে তিন গোলে উড়িয়ে দিয়েছে।