উজ্জীবিত কিশোরদের নেপাল-বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের আনফা কমপ্লেক্স মাঠের দিকে আজ তাকিয়ে থাকবে বাংলাদেশের ফুটবল। স্বাগতিক নেপালকে হারাতে পারলেই সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের ফাইনাল। আর ২৭ আগস্টের ফাইনাল তো খেলাই উচিত বাংলাদেশের। গ্রুপের দুই ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ ও ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়া দলের কাছে সেটি মোটেই বাড়াবাড়ি নয়।

কিন্তু সেমিতে নেপাল সামনে পড়ে যাওয়ায় একটু চিন্তা তো করতেই হয়। নিজেদের মাঠে নেপাল খুবই শক্তিশালী, আগের ম্যাচটিতেই তারা ভারতের সঙ্গে দুর্দান্ত লড়াই করে তবেই হেরেছে ২-১ গোলে। যে ভারত মালদ্বীপকে ভাসিয়ে দিয়েছিল ৯ গোলে।

২০১২ এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবলে নেপালের কাছে বাংলাদেশ হারে ৪-১ গোলে, ২০১৫ সালে সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলের গ্রুপ পর্বে ২-১ ব্যবধানে। তারও আগে ২০১৩ সাফে জাতীয় দলের হার ২-০ গোলে।

তবে নেপালের বিপক্ষে সাম্প্রতিক সময়ে জয়ও আছে। কাঠমান্ডুতে ২০১৩ এএফসি কাপে ২-০, গত বছর গুয়াহাটি এসএ গেমসে ২-১। অবশ্য জাতীয় বা অলিম্পিক দলের চেয়ে অনূর্ধ্ব-১৫ ছেলেদের ফুটবল আলাদাই। যেখানে নেপালের বড় সুবিধা হলো, অনূর্ধ্ব-১৪ থেকে এই ছেলেরা একসঙ্গে খেলছে আনফা একাডেমিতে। এমন একাডেমি বাংলাদেশের নেই। ব্যক্তিগত নৈপুণ্যে বাংলাদেশের ছেলেরা এগিয়ে থাকলেও দলীয় বোঝাপড়াটা নেপালের ভালো।

তবে কাঠমান্ডু থেকে বাংলাদেশ দলের ম্যানেজার অমিত খান ফোনে যা বললেন, আত্মবিশ্বাসীই লাগল তাঁকে। নেপালের চেয়ে একটা জায়গায় নিজেদের এগিয়েও রাখছেন, ‘শারীরিকভাবে ওরা আমাদের চেয়ে পিছিয়ে।’

কোনো চোট-আঘাত নেই দলে। আগের একাদশটাই সম্ভবত খেলবে। ৪-২-৩-১ ছকে বাংলাদেশ দলে সবার ওপরে খেলে ১০ নম্বর জার্সিধারী মিরাজ, যে ভুটানের জালে দিয়েছে দুই গোল। পেছন থেকে তাকে সহায়তা করে উজ্জ্বল। প্রথম ম্যাচের হ্যাটট্রিক বয় ফয়সাল বাঁ দিকের উইংয়ে, ডানে স্বাধীন। এদের নিয়ে গড়া আক্রমণভাগই নেপাল-পরীক্ষায় দলকে আশা দেখাচ্ছে। কোচ মোস্তফা আনোয়ার পারভেজ বলেছেন, ‘ছেলেরা ধারাবাহিকতা রাখতে পারলে জয়ের আশা করতেই পারি আমরা।’

২০১৫ সিলেটে সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট জিতেছিল বাংলাদেশ। ট্রফিটা ধরে রাখার মিশনে আজ বড় চ্যালেঞ্জ। বাফুফে ও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন চান আবারও ট্রফিটা নিজের হাতে বাংলাদেশ দলকে দিতে। আজ বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু ম্যাচটি তিনি মাঠে বসে দেখবেন। ২৭ আগস্ট কাঠমান্ডুতে সাফের সভা, কিশোরদের উৎসাহ দিতে এক দিন আগেই যাচ্ছেন সালাউদ্দিন।