
বালগোপাল মহারজনের হাঁটাচলা, কথাবার্তায় যেন আনন্দধারা বইছে। কোচ এখানে আসলে প্রতীকী চরিত্র। গোটা নেপাল দলই এই ফাইনাল নিয়ে রোমাঞ্চিত।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচটা হলে সকাল থেকেই দর্শকের লম্বা লাইন পড়ত। ঢাকায় সেটি হবে না, কারণ স্বাগতিক দল এখানে নিছকই দর্শক। মামুনুলদের পতনের সুযোগ নিয়ে তাঁদেরই আঙিনায় বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনাল খেলছে কিনা নেপাল আর বাহরাইন!
আজ বিকেল ৫টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু এই ফাইনাল নিয়ে বিয়েবাড়ির ব্যস্ততা বাফুফে ভবনে। প্রধানমন্ত্রী আসবেন বলে স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা অনেক। এতসব আয়োজনের শেষটা উজ্জ্বল হলো না, জাতীয় দল সব মাটি করে দিয়েছে।
মামুনুলরা ফাইনাল দেখতে আসবেন বলে মনে হয় না। তাঁরা ছড়িয়ে পড়েছেন যে যাঁর গন্তব্যে। কিন্তু এই ফাইনাল বাংলাদেশের ফুটবলারদের বুকে শেল হয়ে না বিঁধে পারেই না। নেপালের একঝাঁক তরুণ দেখালেন ইচ্ছাশক্তির জোরে কতটা ওপরে ওঠা যায়। সেমিফাইনালে মালদ্বীপকে ৪-১ গোলে চূর্ণ করে নেপালের তরুণেরা এঁকে নিলেন নিজেদের সোনালি ভবিষ্যৎ।
বাহরাইনের তরুণ দলটি মাত্র ২৪ ঘণ্টার প্রস্তুতিতে ‘প্রতিশ্রুতি রক্ষার জন্য’ এই টুর্নামেন্টে এসেছে। সেই বাহরাইনের ২০-২১ বছর বয়সী তরুণেরা অপ্রত্যাশিতভাবেই সেমিফাইনালে হারিয়ে দিয়েছে বাংলাদেশকে। ওই জয়টা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।
অবশ্য সেমিফাইনালের রুদ্ররূপটা যদি ধরে রাখতে পারে নেপাল, তাহলে আজ তাদের আটকানো কঠিনই হবে বাহরাইনের জন্য। যদিও শারীরিক সামর্থ্য ও উচ্চতায় বাহরাইনের তরুণেরাই এগিয়ে। কিন্তু নেপালিদের আছে গতি আর বুদ্ধিমত্তা। সেমিফাইনালের ‘হ্যাটট্রিকম্যান’ স্ট্রাইকার নবযুগ শ্রেষ্ঠদের গতি আর দুর্দান্ত সব শটের কাছেই তো ছত্রখান মালদ্বীপ।
নেপালের জন্য এটি দীর্ঘ অপেক্ষার এক ফাইনাল। ১৯৯৯ সাফ গেমস ফুটবলের ফাইনালে বাংলাদেশের কাছে নিজেদের মাঠে হেরেছিল নেপাল। ১৭ বছর পর আরেকটি ফাইনাল সামনে রেখে কাল সংবাদ সম্মেলনে কোচ বালগোপাল চোখে আঁকলেন রঙিন স্বপ্ন, ‘দেশে সবাই আমাদের জয় দেখতে উন্মুখ। আমরা খুবই উজ্জীবিত। সেমিফাইনালের গতিটা ধরে রাখতে পারলে চ্যাম্পিয়ন হব আশা করি।’
আশার পালে হাওয়া দিচ্ছে ১৯৯৩ ঢাকা সাফ গেমসে নেপালের চ্যাম্পিয়ন হওয়ার সুখস্মৃতি। বালগোপাল ছিলেন সেই দলের খেলোয়াড়, কোচ হিসেবে এই ফাইনালে নেপালের বড় প্রেরণা সাবেক এই ফুটবলার। ঢাকায় খেলার অভিজ্ঞতায় এখানকার সবই তাঁর হাতের তালুর মতো চেনা। এটিও নেপালের জন্য বাড়তি শক্তি।
ওদিকে সেমিফাইনালে রেফারির সঙ্গে অসৌজন্য আচরণের দায়ে আজ ডাগ-আউটে দাঁড়াতে পারবেন না বাহরাইনের কোচ মারজান ইদ। যদিও নিষেধাজ্ঞা তুলে নিতে আবেদন জানিয়েছে দলটি। বাহরাইনের সহকারী কোচ ডি আল নসর স্বীকার করলেন, প্রধান কোচের অনুপস্থিতি দলের জন্য একটা ধাক্কা। তবে আশাবাদীই থাকতে চান নসর, ‘ছেলেরা ফাইনালের জন্য তৈরি। আমাদের এই নতুন দলটির পক্ষে অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।’
খুবই সম্ভব। তবে দর্শক সমর্থন থাকবে নেপালের দিকেই। নেপালকে তা মানসিকভাবে এগিয়ে রাখবে অনেকটা।