উজ্জীবিত বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগান জয়ের লক্ষ্য ছুঁয়ে এবার উজবেকিস্তান-পরীক্ষা। বাংলাদেশের ফুটবলারদের নিয়ে সেটিরই প্রস্তুতিতে ব্যস্ত কোচ লোডভিক ডি ক্রুইফ। কাল ইনচনে l সৌজন্য ছবি: বাফুফে
আফগান জয়ের লক্ষ্য ছুঁয়ে এবার উজবেকিস্তান-পরীক্ষা। বাংলাদেশের ফুটবলারদের নিয়ে সেটিরই প্রস্তুতিতে ব্যস্ত কোচ লোডভিক ডি ক্রুইফ। কাল ইনচনে l সৌজন্য ছবি: বাফুফে

উজবেকিস্তানের ফুটবল বেশ সমৃদ্ধ। ফিফা র‌্যাঙ্কিং ৫১, এশিয়ান র‌্যাঙ্কিং ৩। ১৯৯৪ সালে প্রথমবার এশিয়ান গেমস ফুটবলে খেলেই চ্যাম্পিয়ন। দেশটির অন্যতম সেরা ক্লাব বুনিয়দকরে খেলছেন রিভালদোর মতো ফুটবলার। দলটির সাবেক কোচ স্কলারি-জিকোর খ্যাতি গোটা পৃথিবীতেই। সেই বুনিয়দকরের চারজন খেলোয়াড় আছেন এশিয়ান গেমসের উজবেকিস্তান দলে।
কাজেই আজ উজবেকিস্তান-বাংলাদেশ ম্যাচটাকে ‘ধনী-গরিবের’ অসম লড়াই বলাই ভালো। ১৯৭৮ ব্যাংকক এশিয়াডে প্রথম খেলা বাংলাদেশ ফুটবল দল এখন পর্যন্ত এই গেমসের প্রথম পর্ব পেরোতে পারেনি। উজবেকিস্তানের সঙ্গে আগের চার সাক্ষাতেই বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানে। এশিয়ান কাপের বাছাইয়ে জাতীয় দলের তিন লড়াইয়ে ৬-০, ৫-০, ৪-০। গত গুয়াংজু এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচ ৩-০। ক্রমেই হারের ব্যবধান কমিয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-২৩ দলের এই সাক্ষাৎও কি এবার সূত্র মেনে চলবে?
বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু ম্যাচে মিলবে উত্তর। দেশের ফুটবল অঙ্গনের কামনা ইতিবাচক ফল। সেটা এক পয়েন্ট হলে খুবই ভালো। যদিও উজবেকিস্তানের কাছ থেকে পয়েন্ট নিতে পারা দুরূহ এক কাজ। দুদিন আগে আফগানিস্তানকে হারিয়ে ২৮ বছর পর এশিয়ান গেমসে পাওয়া জয়ের স্বাদ প্রত্যাশা বাড়ালেও অতটা কেউ ভাবছেন না। শেষ ম্যাচে হংকংকে হারাতে পারলে দ্বিতীয় রাউন্ডের টিকিট আসবে হাতে। এমন একটা সুযোগ কাজে লাগাতে উজবেকিস্তান ম্যাচটি সম্মানের সঙ্গে পার করাই হবে সাফল্য। সেদিকেই তাকিয়ে উজ্জীবিত বাংলাদেশ দল।
লাল-সবুজ জার্সিধারীদের জন্য প্রেরণাদায়ী তথ্য আছে আরেকটি। এই এশিয়ান গেমসের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ১-১ গোলে রুখে দিয়েছে হংকং। হংকং বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে মাত্র ৯ ধাপ এগিয়ে (১৬১ ও ১৭০)। উজবেকদের যদি হংকং রুখে দিতে পারে, বাংলাদেশ কেন পারবে না!
কিন্তু এমন সরল সমীকরণ মেনে ফুটবল চলে না। গ্রুপ-সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার মিশনে বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে না ঝাঁপিয়ে পড়ে উজবেকিস্তান! সেই শঙ্কা কিন্তু আছেই। তবে অধিনায়ক মামুনুল ইসলাম বলছেন, বাংলাদেশ তা হতে দেবে না। আফগানিস্তান ম্যাচে দারুণ এক গোল করে দলকে জেতানো এই মিডফিল্ডারের কথা, ‘উজবেকিস্তান অনেক শক্তিশালী দল। ওদের বিপক্ষে যতটা সম্ভব আমরা ভালো করতে চাই। আফগানিস্তানক হারিয়ে সবাই আত্মবিশ্বাসী। আশা করি, খারাপ কিছু করব না আমরা।’
ইনচনে ফোন করে জানা গেল, নিজেদের সামর্থ্যের সীমাটা বুঝে বাংলাদেশ দল রক্ষণাত্মক কৌশলই নেবে। কোচ লোডভিক ডি ক্রুইফ তেমন পরিকল্পনাই সাজিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে প্রতিআক্রমণে গিয়ে তিন পয়েন্ট এসেছে। তবে উজবেকিস্তান আর আফগানিস্তান এক নয়। সেটা জানেন বলেই ঢাকা ছাড়ার আগে বাংলাদেশ কোচ লোডভিক ডি ক্রুইফ বলেছিলেন, ‘আমার দেশ হল্যান্ডের সঙ্গে খেললেও উজবেকিস্তান চোখ রাঙাবে, সহজে ছাড়বে না। এই দলটির সঙ্গে বাংলাদেশের পার্থক্য কতদূর সেটা না বললেও চলছে।’
সেই জানা পার্থক্যটা আজ যদি মাঠের পারফম্যান্সে ধরা না পড়ে, তাহলেই ভালো হয়!