উত্তর আয়ারল্যান্ডের কাছ থেকে শিখতে পারে ব্রাজিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে উত্তর আয়ারল্যান্ড কোচ মাইকেল ও’নিল। ছবি: এএফপি।
সংবাদ সম্মেলনে উত্তর আয়ারল্যান্ড কোচ মাইকেল ও’নিল। ছবি: এএফপি।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। মাত্র তিনবার বিশ্বকাপ খেলে কখনো শেষ আটের চৌকাঠ পেরোতে না পারা উত্তর আয়ারল্যান্ডের কাছে তারা কী শিখবে? অথচ কাল ঠিক এই প্রশ্নটাই গেল উত্তর আয়ারল্যান্ড কোচ মাইকেল ও’নিলের দিকে!

উত্তর আয়ারল্যান্ডের ম্যাচের আগে ব্রাজিল প্রসঙ্গ কেন? কিছুদিন আগেই কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ব্রাজিল, চলে যেতে হয়েছে কোচ দুঙ্গাকে। এদিকে উত্তর আয়ারল্যান্ড অভিষেক ইউরোতেই চমকে দিয়েছে। প্রথম ম্যাচে হারের পর ইউক্রেনকে হারিয়ে নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে। আজ জার্মানির সঙ্গে তাদের অবশ্য বড় পরীক্ষা দিতে হবে।


দুই বছর আগে এই জার্মানির কাছে বিশ্বকাপ সেমিফাইনালে ৭-১ গোলে হেরেছিল ব্রাজিল। কাল এক ব্রাজিলিয়ান সাংবাদিকই ও’নিলকে মনে করিয়ে দিলেন সেটি। এই মুহূর্তে ব্রাজিলের যে দশা, তাতে উত্তর আয়ারল্যান্ডের কাছ থেকে কী শিক্ষা নিতে পারে, সেই প্রশ্নও করলেন। ও’নিল জবাবটা কিন্তু বেশ গুছিয়েই দিলেন, ‘ব্রাজিল আমাদের কাছে কী শিখতে পারে? বিশ্বকাপ সেমিফাইনালের আগে অনেক প্রত্যাশা থাকে। দলে স্নায়ুচাপ থাকে, মাঠে অনেক হতাশা নিয়ন্ত্রণে রাখতে হয়। আমার মনে হয় ব্রাজিল এটাই পারেনি। প্রথম ২৫ মিনিট পরেই তারা যেন অপেক্ষা করছে, কখন শেষ বাঁশি বাজবে। ব্রাজিলের আগে আমাদের যদি কোনো পার্থক্য থাকে, সেটা হচ্ছে আমরা শেষ বাঁশির আগে হাল ছেড়ে দিতাম না।’

ইউক্রেনের সঙ্গে আগের ম্যাচেও অন্তিম মুহূর্তের গোলে জয় নিশ্চিত হয়েছে উত্তর আয়ারল্যান্ডের। ও’নিল সেটিও মনে করিয়ে দিলেন, ‘প্রথম ম্যাচে আমরা খুব একটা ভালো খেলতে পারিনি। কিন্তু পরের ম্যাচে আমরা ৯৬ মিনিটে গোল করেছি। আমাদের তীব্রতা ও লড়াই করার ইচ্ছা অনেক বেশি। আমার মনে হয়, এটা ছাড়া ব্রাজিলিয়ানদের আমাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার আর কিছু আছে।’