উত্তর আয়ারল্যান্ডের হরিষে বিষাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এভাবেই গ্যালারিতে নীরবতা পালন করেছে উত্তর আয়ারল্যান্ড সমর্থকেরা। ছবি: রয়টার্স।
এভাবেই গ্যালারিতে নীরবতা পালন করেছে উত্তর আয়ারল্যান্ড সমর্থকেরা। ছবি: রয়টার্স।

প্রথমবারের মতো ইউরোতে অংশ নিচ্ছে উত্তর আয়ারল্যান্ড। প্রথম ম্যাচে অবশ্য হেরে গিয়েছিল, তবে গতকালই ইউক্রেনের সঙ্গে পেয়েছে দুর্দান্ত এক জয়। কিন্তু প্যারিসে দলের জন্য গলা ফাটাতে আসা সমর্থকেরা এমন মুহূর্তই প্রাণ খুলে উদযাপন করতে পারছেন না। দুইটি মৃত্যু যে আইরিশদের শোকের চাদরে ঢেকে দিয়েছে!

প্রথম মৃত্যুটা হয়েছিল পাঁচদিন আগে। ফ্রান্সের শহর নিসে একটা উঁচু জায়গা থেকে পড়ে মর্মান্তিক এক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন উত্তর আয়ারল্যান্ডের সমর্থক ড্যারেন রজার্স। ২৪ বছর বয়সী এই আইরিশের স্মরণে কাল কালো বাহুবন্ধনী পরে নেমেছিল তাঁর জাতীয় দল। ম্যাচের সময়ই ২৪ মিনিটে রজার্সের জন্য এক মিনিট নীরবতা পালন করে সমর্থকেরা।

কিন্তু ৯০ মিনিট পর দল যখন ইউরোতে প্রথম জয়ের আনন্দে বিভোর, আরও একবার আইরিশ গ্যালারিতে হানা দিল মৃত্যু। এবার অবশ্য কোনো দুর্ঘটনা নয়। স্তাদে দে লিঁওতে ম্যাচের সময়ই হৃদরোগে আক্রান্ত হন ৬২ বছর বয়সী এক সমর্থক। স্টেডিয়ামের ভেতরেই চিকিৎসকেরা তাঁর হৃদস্পন্দন স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন। কিন্তু লাভ হয়নি। খানিক পরেই চিরতরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তবে ওই ভদ্রলোকের নাম এখনো জানা যায়নি।