ভালো প্রস্তুতি নিয়েই বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে নামবে বাংলাদেশ। ৪ জুন আফগানিস্তানের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলার বিষয়টি চূড়ান্ত হয়েছে কদিন আগেই। এবার উত্তর কোরিয়ার সঙ্গেও পাওয়া গেল আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ। উত্তর কোরিয়ার সঙ্গে ম্যাচটি হবে ১৪ মে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে উত্তর কোরিয়াই প্রথমে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশকে। সুযোগটা হাতছাড়া করতে চায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বিশ্বকাপ বাছাইপর্বের প্রাক-প্রস্তুতিতে ব্যস্ত প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ এবং গোলরক্ষক কোচ ক্রিস্টিয়ান শোয়েচলার। মাঠে বসে তাঁরা নিয়মিত পেশাদার লিগের ম্যাচ দেখছেন। উদ্দেশ্য, সম্ভাবনাময় নতুন খেলোয়াড় বাছাই করা, পরীক্ষিতদের পারফরম্যান্স দেখা। এসব নিয়ে নিজের পরিকল্পনা জানাতেই কাল দুপুরে ক্রুইফ গোলরক্ষক কোচকে নিয়ে সভায় বসেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে। উত্তর কোরিয়ার সঙ্গে খেলার আগে কয়েক দিনের জন্য লিগ বন্ধ করতে পরামর্শ দিয়েছেন কোচ। বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য প্রথমে বিদেশে গিয়ে অনুশীলন করতে চেয়েছিলেন। কিন্তু বাফুফে সভাপতি তাতে সাড়া না দেওয়ায় আপাতত সেই পরিকল্পনা স্থগিত করেছেন।
জাতীয় দলের খেলোয়াড়দের চোট ভাবাচ্ছে ডি ক্রুইফকে। অধিনায়ক মামুনুল ইসলাম, ডিফেন্ডার রায়হান হাসান ও গোলরক্ষক শহীদুল আলম সোহেলকে নিয়েই বেশি চিন্তিত তিনি, ‘ওরা একটু বেশিই ক্লান্ত। মামুন, রায়হান ও সোহেলের বিষয়টি আমাকে ভাবিয়ে তুলেছে। জাতীয় দলের কোচ হিসেবে আমি সব সময় আশা করি ওরা ফিটনেস ধরে রাখবে। সুস্থ থাকবে। কিন্তু সেটা হচ্ছে না।’ বেশ কিছু নতুন খেলোয়াড়কে মনে ধরলেও এখনই তাঁদের নাম জানাতে রাজি নন বাংলাদেশের ডাচ কোচ, ‘বরাবরের মতো এবারও ভালো কয়েকজন খেলোয়াড়কে দেখেছি। এখনই তা বলতে চাই না। তবে দল চূড়ান্ত করতে হলে ক্লাবের কোচদের সঙ্গেও আমাকে কথা বলতে হবে।’
বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ ১১ জুন কিরগিজস্তান ও ১৬ জুন তাজিকিস্তানের সঙ্গে খেলবে। এই দুটি ম্যাচ থেকেই সর্বোচ্চ সাফল্যপ্রত্যাশী সালাউদ্দিন, ‘আমাদের প্রথম দুটি ম্যাচ মধ্য এশিয়ার দেশ দুটির সঙ্গে। খেলা যেহেতু ঢাকায় হবে, তাই এই দুই ম্যাচে যাতে ভালো করতে পারি সে জন্য এখন থেকেই পরিকল্পনা শুরু করেছি। ম্যাচ দুটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
উত্তর কোরিয়ার পাশাপাশি মিয়ানমার ও সিঙ্গাপুরও প্রস্তুতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশকে। কিন্তু তাদের মাঠে গিয়ে খেলতে চান না বাফুফে সভাপতি, ‘যেহেতু আমাদের প্রথম খেলা হোমে, তাই নিজেদের মাঠেই প্রীতি ম্যাচ খেলতে চাই।’ বিশ্বকাপ বাছাইপর্বের এই প্রস্তুতি ডিসেম্বরে সাফ ফুটবলের জন্যও কাজে আসবে বলে মনে করছেন তিনি।