উত্তর কোরিয়া আসছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল দলের জন্য দুঃসংবাদ। উত্তর কোরিয়া দল ঢাকা আসছে না। ১৪ মে বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারা বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। আগামী জুনে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্ব শুরুর আগে দুটি ম্যাচ খেলতে চেয়েছেন কোচ ডি ক্রুইফ, এই ম্যাচটি ছিল তারই অংশ। কিন্তু এ মুহূর্তে বাংলাদেশে এসে ম্যাচ খেলা সম্ভব নয় বলে কাল উত্তর কোরিয়া দলের এজেন্ট বাফুফেকে জানিয়ে দিয়েছেন।
অল্প সময়ের মধ্যে স্পনসরশিপ, টেলিভিশন সম্প্রচার ও প্রয়োজনীয় অনেক কিছুই করা সম্ভব নয় বলছেন ওই এজেন্ট। মূলত এজেন্টই প্রস্তাবটা নিয়ে এসেছিলেন। কিন্তু নানা দিক ভেবে পিঠটান দিয়েছেন তিনি। যদিও টিভি সম্প্রচার, স্পনসর এই বিষয়গুলো বাফুফেরই দেখার কথা। কিন্তু বাফুফের দাবি, এজেন্টই নাকি ‘না’ করেছেন।
তবে ৪ জুন আফগানিস্তানের সঙ্গে ঢাকায় প্রস্তুতি ম্যাচের সূচি চূড়ান্তই আছে। আরেকটি ম্যাচ খেলতে যোগাযোগ করা হয়েছে ভারতের সঙ্গে। কিন্তু ৩১ মে আই লিগ শেষ হওয়ার আগে ভারত আসতে অপারগ। আবাসন ও স্থানীয় আতিথেয়তা দিয়ে সিঙ্গাপুরকে আনার চেষ্টা চলছে। সিঙ্গাপুর অবশ্য বিমানভাড়া না পেলে আসতে আগ্রহী নয়। মিয়ানমারের সঙ্গে ম্যাচ খেলা সম্ভব, তবে তা মিয়ানমারের
মাঠে। কিন্তু এই মুহূর্তে দেশের বাইরে দল পাঠাতে রাজি নন কাজী সালাউদ্দিন। সমস্যা পেরিয়ে অন্য একটি দলকে ঢাকায় আনার ব্যাপারে বাফুফে সভাপতি অবশ্য এখনো আশাবাদী।
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের প্রথম দুটি ম্যাচ ঢাকায়। ১১ জুন কিরগিজস্তান, ১৬ জুনের প্রতিপক্ষ তাজাখস্তান।