উত্তাপ হারালে কী হবে,মোহামেডানকে হারিয়েই খুশি আবাহনী কোচ
উত্তাপটা হারিয়ে গেছে অনেক আগেই। শক্তির তারতম্যও যথেষ্ট দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে। কিন্তু আবাহনী-মোহামেডান ম্যাচ বলে কথা। লড়াইটা জম্পেশ হবে-প্রত্যাশা এমনই ছিল ফুটবলপ্রেমীদের। কিন্তু ম্যাচটা যে আবাহনী জিতে নিল খুব সহজেই ৩-০ গোলের বড় ব্যবধানে!
ম্যাচটা কার্যত ‘শেষ’ হয়ে গিয়েছিল প্রথমার্ধেই। যখন আবাহনী ২-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে স্কোরলাইনকে মোহামেডানের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায় আবাহনী। উইঙ্গার জুয়েল রানা জোড়া গোল করেছেন। অন্য গোলটি আফগানিস্তানের মাসিহ সাইগানির। তবে মোহামেডানের গোল খাওয়ার ধরনটাই সমর্থকদের সবচেয়ে বেশি হতাশ করেছে। আবাহনী ডিফেন্ডার রায়হান হাসানের তিনটি জোরালো লম্বা থ্রোয়েই এলোমেলো হয়ে গিয়েছিল মোহামেডানের রক্ষণ। আবাহনী বাজিমাতটা করেছে সেই দুর্বলতা কাজে লাগিয়েই।
আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোস প্রায় নিশ্চিত ছিলেন জয়ের ব্যাপারে। সেটি নিজের দলের শক্তির বিচার করেই। জাতীয় দলের পাঁচ ফুটবলার, সেই সঙ্গে ব্রাজিল, হাইতি আর আফগানিস্তানের তিন উঁচুমানের ফুটবলার। অন্যদিকে মোহামেডান ছিল অনভিজ্ঞ খেলোয়াড়ে ঠাসা, বিদেশি খেলোয়াড়েরাও খুব যে আহামরি, সেটি নয়। লেমোস ম্যাচ শেষে বললেন তাঁর কৌশলের কথাই, ‘মোহামেডান আমাদের কৌশলের সঙ্গে পেরে ওঠেনি। জয়ের ব্যাপারে নিশ্চিত ছিলাম। তবে ভেবেছিলাম, সেটি আসবে লড়াইয়ের পরই। জয়ের এমন ব্যবধান আশা করিনি, এটা সত্যি।’ লেমোসের অধীনেই করোনাভাইরাসের কারণে বাতিল হওয়া সবশেষ লড়াইয়ে মোহামেডান ৪-০ গোলে হেরেছিল আবাহনীর কাছে। গত মৌসুমে অবশ্য ক্যাসিনো-কাণ্ডে এলোমেলো মোহামেডানই আবাহনীকে হারিয়েছিল ৪-০ গোলের ব্যবধানে।
কী সেই কৌশল? সেট পিসের দিকেই মনোযোগ দিয়েছিলেন লেমোস। ডিফেন্ডার রায়হানের লম্বা থ্রো-ইনকে কীভাবে কাজে লাগানো যায়, অনুশীলনে এই নিয়েই কাজ হয়েছে বেশি। এই ব্যাপারে লেমোস বলেন, ‘আমরা জানতাম মোহামেডান খুব প্রেসিং করে খেলবে। ওদের খেলোয়াড়দের ফিটনেস ভালো। ওপেন প্লেতে সমান সমান সম্ভাবনা থাকবে। তাই আমরা শেষ তিন দিন থ্রো-ইন নিয়ে বেশি কাজ করেছি। এতে ম্যাচে সফলও হয়েছি।’
আবাহনী-মোহামেডানের লড়াই একসময় দেশকে দুই ভাগে ভাগ করে দিত-এটা জানেন পর্তুগিজ কোচ। দ্বৈরথটি যে আকর্ষণ হারিয়েছে, সেটাও মাথায় আছে তাঁর। কিন্তু লেমোসের তৃপ্তি চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে জিততে পারাটাই, ‘চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারানোর স্বাদটায় অন্য রকম। পৃথিবীর সব জায়গায় ডার্বি ম্যাচের অন্য রকম গুরুত্ব বহন করে। ’
মোহামেডানের ইংলিশ কোচ শন লেন অবশ্য এখনো আশা হারাচ্ছেন না। পরের ম্যাচটি জিতে কোয়ার্টার ফাইনালে খেলার ব্যাপারে আশাবাদী তিনি, ‘আমরা ম্যাচটা বাজে খেলিনি। আবাহনী তিনটি গোলই পেয়েছে সেট পিস থেকে। এই তিনটি সেট পিসই আমাদের সর্বনাশ করেছে। আশা করি পরের ম্যাচে জিতে নক আউট পর্বে যেতে পারব আমরা।’
রোববার ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে মাঠে নামবে মোহামেডান। মুক্তিযোদ্ধার বিপক্ষে আবাহনীর শেষ ম্যাচটি ৩০ ডিসেম্বর। তিন দলের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পাবে কোয়ার্টার ফাইনালের টিকিট।