উত্তেজনার 'ডার্বি'তে শেষ হাসি বার্সারই

দুই দলের ৫ গোল, দুটি লাল কার্ড, ম্যাচের সময় আর ম্যাচের পরে দুই দলের খেলোয়াড়দের মারামারি—‘আদর্শ’ ডার্বির সব রসদই ছিল। তবে তাতে নিজেদের কাজটা ঠিকমতোই গুছিয়ে নিয়েছে বার্সেলোনা, কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে এস্পানিওলকে হারিয়েছে ৪-১ গোলে।
দিন দুয়েক আগে লিগেও মুখোমুখি হয়েছিল একই শহরের এই দুটি দল। সেই ম্যাচ ছিল গোলশূন্য। কিন্তু দুই ম্যাচে কত তফাৎ! আগের ম্যাচে আক্রমণ কম হয়ে গেছে ভেবেই কি না, কাল শুরু থেকেই দুই দল ছিল বেশ আক্রমণাত্মক। সেটি ফুটবল ও শারীরিক—দুই দিক থেকেই। তবে শারীরিক দিকটিতে বার্সেলোনার সঙ্গে সমানে সমানে লড়ে গেলেও ফুটবলীয় লড়াইয়ে একদমই টিকতে পারল না এস্পানিওল। টিকতে দিলেন না আসলে লিওনেল মেসি। দুই অর্ধে তাঁর দুই রূপের দেখা মিলল। প্রথমার্ধে পুরোদস্তুর গোলস্কোরার, করেছেন জোড়া গোল। দ্বিতীয়ার্ধে পুরোপুরি প্লে-মেকার, জেরার্ড পিকে ও নেইমারকে দিয়ে করিয়েছেন আরও দুটি।
বার্সার দাপট কতটা ছিল সেটা এই পরিসংখ্যান থেকেই বুঝে নিতে পারেন, পুরো ম্যাচে বার্সা শট নিয়েছে ২২টি, যার মধ্যে ১২টিই ছিল এস্পানিওলের গোলমুখে। সেখানে এস্পানিওলের শট মাত্র ২টি, গোলে ওই একটিই। অবশ্য ওই এক শটেই ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল তারা। ম্যাচের নবম মিনিটে প্রতি-আক্রমণ থেকে এস্পানিওলকে এগিয়ে দেন ফিলিপে কেইসেদো।
মাত্রই কদিন আগে দুই পয়েন্ট হারানোর শোক, এরপর কাল শুরুতেই গোল খেয়ে বসা। তবে ন্যু ক্যাম্পের বিমর্ষ অংশটিকে গলা ফাটানোর সুযোগ মাত্র ৪ মিনিট পরেই এনে দিলেন মেসি। আন্দ্রেস ইনিয়েস্তার দুর্দান্ত থ্রু পাস থেকে অসাধারণ গোল করে বার্সাকে সমতায় নিয়ে আসেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। প্রথম গোলটিকে ‘অসাধারণ’ বলার বিপদ হলো এই, পরেরটিকে তাহলে কী বলবেন? তার পরেরটিতে? চারটি গোলের সবগুলোই যে সৌন্দর্যে একটি অন্যটিকে ছাড়িয়ে যাওয়ার মতো।
প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট খানেক আগে ফ্রি কিক থেকে মেসির ও বার্সার দ্বিতীয় গোলটির কথাই ধরুন। অবশ্য এমন গোল মেসি আরও অনেক করেছেন—৩০ গজ দূর থেকে বাঁ পায়ের বুলেট গতির শটটা বারে লেগে জড়িয়ে গেল জালে। মৌসুমে সব মিলিয়ে এটি তাঁর ১৯তম গোল। ইদানীং তাঁর সব ফ্রি কিক কেন জানি ক্রসবারে গিয়ে লাগছে। আগের দুই ম্যাচেই টানা তিনটি ফ্রি কিক ক্রসবারে লাগিয়েছেন। লাগল কালও। তবে এবার গতি আর একই সঙ্গে বাঁকের মিশেল দিয়ে নেওয়া ফ্রি কিকটি বারের ভেতরের দিকে লেগে ঢুকে গেল জালে।
গোল ঢের হয়েছে, এবার অন্য কিছু করা যাক। দ্বিতীয়ার্ধে মেসি বনে গেলেন পুরোদস্তুর প্লে-মেকার। ৪৯ মিনিটে ইনিয়েস্তার কাছ থেকে বল পেলেন বক্সের বাঁ দিকে। সেখান থেকে যে পাসটি বাড়ালেন, এস্পানিওল পোস্টের মাত্র ৩ গজ দূরে দাঁড়িয়ে থাকা পিকের কাছে গোল করা ছাড়া কোনো বিকল্পই ছিল না। ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে নেইমার-মেসির দুর্দান্ত ওয়ান-টু থেকে এর চেয়েও দুর্দান্ত ভলিতে বার্সার চতুর্থ গোলটি করেন ব্রাজিল ফরোয়ার্ড। পুরো ম্যাচেই যিনি ‘পায়ের নাচনে’ নাচিয়ে ছেড়েছেন এস্পানিওল ডিফেন্ডারদের।
এ তো গেল সৌন্দর্যের বর্ণনা। ম্যাচে কদর্য অংশও তো কম ছিল না। পুরো ম্যাচে দুই দল মিলে ফাউল করেছে ৩২টি। আর রেফারিও বেশ ‘উদার’ ছিলেন কার্ড দেখানোর ক্ষেত্রে। দশ হলুদ কার্ডে আক্ষরিক অর্থেই বাড়তি রং যোগ করেছে ম্যাচের ৭২ ও ৭৫ মিনিটে এস্পানিওলের হার্নান পেরেজ ও পাপে দিওপের দুই লাল কার্ড। প্রথম লেগেই যে ম্যাচটা শেষ, এ নিয়ে দ্বিমত আছে কারও?
ম্যাচের উত্তেজনা, হাতাহাতি, গালি বর্ষণ—এসব গায়েই মাখলেন না এনরিকে। বার্সা কোচ কৌতুক করে বলেছেন, ‘ওটা ছিল ক্রিসমাস ক্যারল’। এর সঙ্গে যোগ করেছেন, ‘এটা একটা ডার্বি, আমাদের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা আছে। এমন উত্তেজনা থাকাটা তাই স্বাভাবিক।’
তার চেয়ে বরং খেলা নিয়েই কথা বলতে চাইলেন এনরিকে। মেসি-নেইমার দুর্দান্ত খেললেও কাল মাঝমাঠে আক্রমণের সুতো বেঁধে দিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। যার পুরস্কার হিসেবে ম্যাচ শেষে এনরিকে কাছ থেকে ‘জাদুকরী খেলোয়াড়’ তকমা পেয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার।
দুর্দান্ত খেলেও আসলে মেসি আর নেইমারের আড়ালে চলে গেছেন ইনিয়েস্তা। যেমন আড়ালে চলে গেছেন পাউ লোপেজ। এস্পানিওল গোলরক্ষক ভাবতে পারেন-‘বড় বাঁচা বেঁচে গেছি!’ গোল ছাড়া ম্যাচে যে কয়টি আলোচিত ঘটনা ছিল, তার বেশির ভাগেরই সঙ্গেই জড়িয়ে তিনি। দ্বিতীয়ার্ধে মেসির পা মাড়িয়ে দিয়েছেন, যেটি থেকে গুরুতর কোনো চোট পেলেও পেতে পারতেন বার্সা ফরোয়ার্ড। তার আগে প্রথমার্ধে সুয়ারেজের সঙ্গেও লেগে গিয়েছিল তাঁর। সুয়ারেজ নিজেও অবশ্য মেসির দ্বিতীয় গোলটির সময় উদযাপন করার সময় এস্পানিওল গোলরক্ষকের দিকে অর্থবহ ইঙ্গিত করেছেন। ম্যাচ শেষে টানেলেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধ্বস্তাধ্বস্তি হয়েছে।
বরাদ্দ লাল কার্ড না পাওয়ার সৌভাগ্য নিয়ে মাঠ ছেড়েও লোপেজ হয়তো বলবেন, ‘বাঁচলাম আর কই! এক হালি গোল তো ঠিকই হজম করতে হলো!’ সূত্র: ইএসপিএন, মার্কা।