উদোকায় মানরক্ষা চট্টগ্রাম আবাহনীর
দলটার নাম—আবাহনী। সেটি চট্টগ্রামের না ঢাকার তাতে কিছুই যায় আসে না গোপালগঞ্জবাসীর। মাঠে যে তারা আসবেন, এটি অনুমিতই ছিল। সাপ্তাহিক ছুটির দিনটিতে উৎসবের আবহই সৃষ্টি করলেন তারা শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে। হাজার চারেক দর্শক দারুণ উৎসাহ নিয়ে উপভোগ করলেন ছুটির বিকেলটি। চট্টগ্রাম আবাহনীও খুব হতাশ করেনি তাদের। প্রিমিয়ার লিগের ম্যাচে আরামবাগকে ১-০ গোলে হারিয়ে পুরো পয়েন্টই তুলে নিয়েছে মামুনুলরা। জয়সূচক গোলটি করেছেন অ্যালিসন উদোকা।
ম্যাচের মাত্র ৪০ সেকেন্ডেই গোল করে এগিয়ে যেতে পারত চট্টগ্রাম আবাহনী। কিন্তু তাদের মরোক্কান ফরোয়ার্ড তারিক আল জানাবি বক্সে ঢুকেও বল তুলে দেন আরামবাগের ডিফেন্ডারের পায়ে। তবে ২৮ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার উদোকা। মামুনুলের কর্নার থেকে বক্সের মধ্যে দাঁড়ানো উদোকা দারুণ হেডে গোলটি করেন।
২৯ মিনিটেই আরেকটি গোলের সুযোগ নষ্ট করেছে চট্টগ্রাম আবাহনী। ভুটানি ফরোয়ার্ড চেনচোর ক্রস থেকে পাওয়া বলটি তারিক আল জানাবির হেড অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। ৩৯ মিনিটে গোল শোধ করতে পারতো আরামবাগ। কিন্তু জাফর ইকবালের ফ্রিকিক থেকে বক্সের মধ্যে বল পেয়েও তা পোস্টের ওপর দিয়ে মেরে দেন আবদুল্লাহ। গোল শোধে মরিয়া আরামবাগ কিন্তু আরও কয়েকটি দারুণ সুযোগ পেয়েছিল। দুর্ভাগ্যও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ছিল ঢাকার এই ক্লাবটির সঙ্গে। ৬৯ মিনিটে মনসুর আমিনের শট ফেরে ক্রসবারে লেগে!
এই জয়ে ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়েই রইল চট্টগ্রাম আবাহনী। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে সাতে আরামবাগ। এক ম্যাচ কম খেলেও ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ঢাকার আবাহনী লিমিটেড।