সাধারণত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচেই এমনটা দেখা যায়। স্টেডিয়াম থেকে বের হওয়ার মুখে ঠায় দাঁড়িয়ে থাকেন দর্শকেরা। টিম বাসে ওঠার ফাঁকে যদি কোনো প্রিয় ক্রিকেটার একনজর তাকান, তাতেই যেন ধন্য হন দর্শক। কাল শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচ শেষে দেখা গেল এমনই দৃশ্য। স্থানীয় দর্শকেরা অপেক্ষায় ছিলেন চট্টগ্রাম আবাহনীতে খেলা জাতীয় দলের ফুটবলারদের দেখবেন বলে। মামুনুল, জাহিদ, নাসির, সোহেল রানা, ইব্রাহিমরাও স্টেডিয়াম ছাড়ার আগে হাসিমুখে বিদায় জানালেন সবাইকে।
গোপালগঞ্জে এসে দর্শকদের ভালোবাসার পাশাপাশি ভাগ্যের ছোঁয়াও পেল চট্টগ্রাম আবাহনী। কাল আরামবাগকে ১-০ গোলে হারানোর পরও তাই কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর কণ্ঠে তৃপ্তি, ‘আরামবাগ খুবই ভালো দল। ওদের সঙ্গে ৩ পয়েন্ট পেয়েছি এতেই খুশি। ম্যাচটি ড্রও হতে পারত।’
চোটের কারণে দলের অন্যতম বড় ভরসা লিওনেল প্রিউক্সকে মাঠেই নামাননি কোচ। আনফিট জাহিদ হোসেনকে বদলি নামিয়েছেন ৬৪ মিনিটে। সামান্য চোট নিয়েও খেলতে হয়েছে আরমান আজিজ, ইব্রাহিমকে। ১ গোলে জিতেই তাই সন্তুষ্ট চট্টগ্রাম আবাহনী।
জয়টা চট্টগ্রাম আবাহনীর জন্য প্রয়োজনও ছিল ভীষণ। এই জয়ে ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়েই রইল চট্টগ্রাম আবাহনী। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে সাতে আরামবাগ। এক ম্যাচ কম খেলেও ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ঢাকা আবাহনী। শিরোপাদৌড়ে ভালোভাবেই টিকে রইল চট্টগ্রাম আবাহনী। লিগে তাদের বাকি চারটি ম্যাচের প্রতিপক্ষ ফেনী সকার, বিজেএমসি, মুক্তিযোদ্ধা ও ব্রাদার্স।
কাল ৪০ সেকেন্ডেই গোল পেতে পারত চট্টগ্রামের দলটি। কিন্তু মরোক্কান ফরোয়ার্ড তারিক আল জানাবি বক্সে ঢুকেও বল জমা দেন আরামবাগ ডিফেন্ডারের পায়ে! ২৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান ডিফেন্ডার অ্যালিসন উদোকা। কর্নার থেকে মামুনুলের উড়ে আসা বলটি জটলায় দাঁড়ানো উদোকা দারুণ দক্ষতায় হেডে জালে ঢোকান। গোল শোধে মরিয়া আরামবাগ বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। দুর্ভাগ্য আরামবাগের, ৬৯ মিনিটে মনসুর আমিনের শট ক্রসবারে লেগে ফেরে! বাকি সময়ে অবশ্য দুই দল চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি।
আজকের খেলা: শেখ রাসেল-ব্রাদার্স (বিকেল ৩টা, শেখ ফজলুল হক মণি স্টেডিয়াম, গোপালগঞ্জ)।