উদ্ধারকারী বিমানে ফিরল মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঠমান্ডুতে দুঃস্বপ্নের ৩০টি ঘণ্টা কাটিয়ে অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিমানে ঢাকায় ফিরেছে এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবল প্রতিযোগিতায় খেলতে যাওয়া বাংলাদেশের মেয়েরা। কাল রাত সাড়ে আটটায় তাঁদের বহনকারী বিমানটি যখন অবতরণ করে বিমানবাহিনীর ঘাঁটিতে, প্রত্যেকেরই চোখেমুখে ছিল চাপা আতঙ্ক।
পরশু নেপালে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের পর থেকেই মেয়েদের অভিভাবকদের সঙ্গে পুরো বাংলাদেশেরই আতঙ্কে আর দুশ্চিন্তায় সময় কাটছিল। পরশু বেলা ১২টায় ঘটা বিধ্বংসী ভূমিকম্পই বিকেলে নির্ধারিত প্রতিযোগিতার ফাইনাল স্থগিত করে দেয়। দশরথ স্টেডিয়ামই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। পরশু দুপুর থেকেই মেয়েদের ফিরিয়ে আনতে জোর চেষ্টা চালাতে থাকে বাফুফে। কাল দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কাঠমান্ডু গেলেও সেখানে অবতরণ করতে পারেনি। উদ্ধারকারী বিমান ছাড়া অন্য কোনো বিমানকে নেপাল এভিয়েশন কর্তৃপক্ষ অবতরণের অনুমতি না দেওয়ায় দুপুরেই সেটি ফিরে আসে ঢাকায়। বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি উদ্ধারকারী বিমান যায় কাঠমান্ডু। ওই বিমানেই অগ্রাধিকার ভিত্তিতে ফুটবল দলের সদস্যসহ ৪৯ জনকে প্রথম দফায় ঢাকায় আনা হয়।
দেশে ফিরে ফুটবলার সানজিদা যেন নতুন জীবন ফিরে পেয়েছে, ‘খেলতে পারলাম না বলে কোনো দুঃখ নেই। জীবন নিয়ে দেশে ফিরতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড়।’ অধিনায়ক কৃষ্ণা রানীরও একই উপলব্ধি, ‘মৃত্যুর দুয়ার থেকে বেঁচে এসেছি। ভূমিকম্পের সময় অনেক ভয় পেয়েছিলাম। আমরা যে অবস্থায় ছিলাম তা ভাষায় বর্ণনা করার মতো না। এই অভিজ্ঞতা বলে বোঝাতে পারব না। দেশে ফিরে আসতে পেরে খুবই ভালো লাগছে।’
২৩ জনের অনূর্ধ্ব-১৪ ফুটবল দলের ১০ জনই ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের। গত পরশু ৭.৯ মাত্রার ভূমিকম্পের পর আতঙ্কিত হয়ে পড়েন এই গ্রামের সব অভিভাবক। স্ট্রাইকার মার্জিয়া আক্তারের বাবা আবদুল মোতালেব স্থানীয় বাজারে একটি টেলিভিশনে প্রথম জানতে পারেন ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপাল। আর সেখানেই খেলতে গেছে তাঁর মেয়ে! ভীষণ উদ্বিগ্ন বাবা ঢাকায় ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ রাখছিলেন সারাক্ষণ। মা রাশিদা বেগম উদ্বেগাকুল কণ্ঠে কাল ময়মনসিংহ থেকে মুঠোফোনে জানালেন, ‘খুবই ভয় পেয়েছিলাম। সারাক্ষণ আল্লাহকে ডেকেছি।’ মেয়েদের নিরাপদে দেশে ফেরার খবর শুনেই স্বস্তির নিশ্বাস ফেলেছেন তিনি।
বিমানঘাঁটি থেকে কাল রাতেই বাফুফে ভবনে নিয়ে আসা হয়েছে ফুটবলারদের। আজ তাদের যার যার বাসায় ফিরে যাওয়ার কথা।