উদ্বোধনের চার দিন পর শুরু লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফের কাছ থেকে পাঁচ বছরের জন্য পেশাদার লিগের স্বত্ব কিনেছে সাইফ গ্লোবাল স্পোর্টস লিমিটেড। লিগের টাইটেল স্পনসর হিসেবে কাল বাফুফে ভবনে ‘জাজ ভূঁইয়া গ্রুপ’-এর সঙ্গে এক বছরের চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।
বছরে চার কোটি টাকায় সাইফ গ্লোবাল স্বত্ব কিনছে বাফুফের কাছ থেকে, কিন্তু টাইটেল স্পনসরের কাছে চেয়েছে তিন কোটি টাকা। গতবার লিগের স্পনসরশিপ মাত্র এক কোটি টাকায় বিক্রি করেছিল বাফুফে। এবার স্বত্ব কিনে সাইফ গ্লোবাল বড় টাইটেল স্পনসরও জোগাড় করে ফেলেছে। লিগ জমিয়ে তুলতে তারা অনেক টাকা খরচ করছে, বাফুফে তাই আশাবাদী লিগের ভবিষ্যৎ নিয়ে।
চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ২৪ জুলাই খেলা শুরু। তবে লিগ উদ্বোধন হয়ে যাবে ২০ জুলাই। এত আগে উদ্বোধনের কারণ লিগের দূত কণ্ঠশিল্পী মমতাজ ২২ জুলাই দেশের বাইরে যাবেন। এর আগে ১৮ জুলাই ঢাকায় একটি হোটেলে হবে লোগো ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান। যেখানে ১২টি দলের ফ্যাশন শোসহ থাকবে নানা আয়োজন।
কাল টাইটেল স্পনসরের সঙ্গে চুক্তি সই করেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন ও স্পনসর প্রতিষ্ঠানের কর্ণধার ফয়জুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে ছিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদীসহ আরও অনেক কর্মকর্তা।