সেই ছবিটা এখনো অনেকের চোখে ভাসে। সিলেট স্টেডিয়ামে একদল কিশোর আনন্দ করছে। জাতীয় পতাকা নিয়ে সারা মাঠ ঘুরছে সাদ-নিপুরা। বাংলাদেশের ফুটবলে একপশলা স্বস্তির বৃষ্টি হয়ে আসে ওই সাফল্য। ২০১৫ সালে সেটি ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের সাফ টুর্নামেন্ট জয়। দুই বছর পেরিয়ে আজ আরেকটি কিশোর সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। এবার স্বাগতিক নেপাল, যেখানে ২০১১ সালে প্রথম শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রথম কিশোর ফুটবলারদের টুর্নামেন্ট।
এবার এক বছর বয়স কমিয়ে হচ্ছে অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল। কিশোরদের এই সাফে শিরোপার জন্য লড়বে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপ। অভ্যন্তরীণ সংকটে খেলছে না পাকিস্তান। আফগানিস্তান তো সাফ থেকে বেরিয়েই গেছে।
এর আগে একবার করে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান, ভারত ও বাংলাদেশ। তিনবারই ফাইনাল খেলেছে ভারত। গতবার বাংলাদেশ ফাইনালে টাইব্রেকারে হারায় ভারতকে। আজ উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচ শুরু হবে কাঠমান্ডুর আনফা একাডেমি মাঠে। বাংলাদেশ কোচ মোস্তফা আনোয়ার পারভেজ কাল কাঠমান্ডুতে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘শিরোপা ধরে রাখতে হবে আমাদের। সেই লক্ষ্যেই শুরু করতে চাই।’ ‘এ’ গ্রুপে বাংলাদেশের দ্বিতীয় প্রতিপক্ষ ভুটান। ‘বি’ গ্রুপের তিন দল ভারত, নেপাল ও মালদ্বীপ।