উদ্যাপনে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল করে আনন্দটা যেন বাঁধ মানতে চাইল না। পরপর কয়েকটি ডিগবাজি দিলেন পিটার বিয়াকসাংজুয়ালা। কিন্তু শেষটা দিয়েই কুঁকড়ে গেলেন ব্যথায়। সতীর্থরা অবশ্য আনন্দের আতিশয্যে সেটা খেয়ালই করল না। কয়েকজন তো পিটারকে আলিঙ্গনও করে বসল। খানিক পরেই বোঝা গেল, পিটার গুরুতর চোট পেয়েছেন। স্ট্রেচারে করে মাঠ থেকে নিয়ে যাওয়া হয় তাঁকে হাসপাতালে। ওখানেই জানা যায়, শিরদাঁড়ায় মারাত্মক জখম হয়েছে। শেষ পর্যন্ত পরশু মারা গেলেন আইজলের ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার। তবে তার আগে নিজের চোখজোড়া দান করে গেছেন।
ঘটনাটা ভারতের মিজোরাম রাজ্য প্রিমিয়ার লিগের একটা ম্যাচের। পিটারের দল বেথলেহেম ভেংথলাং খেলছিল চানমারি ওয়েস্ট এফসির সঙ্গে। পিটারের গোলের আগে বেথলেহেম পিছিয়ে ছিল ১-০ গোলে। তাঁর ওই গোলেই আসে সমতা। শেষ পর্যন্ত যদিও পিটারের দল ম্যাচটা হেরে গেছে ৩-২ গোলে। আইএএনএস।