উদ্যাপনের জন্য ব্রাজিল-আলিঙ্গন মেসি পাচ্ছেনই!

টটেনহাম হটস্পার তাঁকে ধরে রাখেনি। বেচে দিয়েছিল চায়নিজ ফুটবলে। ৪ কোটি ইউরো ট্রান্সফার ফি খরচায় গত আগস্টে বার্সেলোনা তাঁকে সেখান থেকে উড়িয়ে এনেছে স্পেনে। প্রশ্নটা তখনই উঠেছিল পাউলিনহোকে ঘিরে—যে ফুটবলারকে টটেনহাম বেচেছে চীনে, তাঁকে বার্সার মতো দল এত দামে কিনল কী ভেবে? নেইমার চলে যাওয়ার পর বার্সার সমর্থকেরা চেয়েছিলেন কুতিনহোকে, এর বিনিময়ে কিনা মিলল পাউলিনহো!
কাতালান ক্লাবটি যে ভুল করেনি, সেটা পাউলিনহো প্রমাণ করে দিয়েছেন মাত্র তিন মাসের ব্যবধানে। গতকাল লা লিগায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের কথাই ধরুন, মেসি-পাউলিনহোর গোলে ম্যাচটা ২-০ গোলে জিতেছে আর্নেস্তো ভ্যালভার্দের দল। এ ম্যাচে ৪৭টি সফল পাসের পাশাপাশি প্রতিপক্ষের পা থেকে ৯ বার বল কেড়েছেন পাউলিনহো। এ ছাড়াও ৪টি ড্রিবলিংয়ের সঙ্গে দুটি সফল ট্যাকলও করেছেন। মেসির সঙ্গে দারুণ এক জুটি গড়ে উঠছে তাঁর। শুধু কাল দুজনে গোল করেননি; মেসি আর পাউলিনহো দুজনেরই একটি করে শট গোলপোস্টে লেগেছে। কী মিল!
সব মিলিয়ে চলতি লিগে ৯ ম্যাচে ৩ গোল নিয়ে পউলিনহো কিন্তু মেসির (১২) পর বার্সায় যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও! লুই সুয়ারেজের গোলসংখ্যাও কিন্তু ৩। গোল করেছেন বলে নয়, বার্সার খেলার সঙ্গে অবিশ্বাস্য দ্রুততায় মানিয়ে নিয়েছেন। রোনালদিনহো, দানি আলভেজের পর মেসিকে সবচেয়ে বেশি উদ্যাপন করতে দেখা যেত নেইমারের সঙ্গে। এবার সেই ব্রাজিল-আলিঙ্গন হয়ে এসেছেন পাউলিনহো।
আগে বলা হচ্ছিল সেমেদোর কথা। কিন্তু এখন বিশ্লেষকেরা বলছেন, নেইমার-ধাক্কার এই দলবদলে বার্সার সেরা রিক্রুট পাউলিনহোই। এবার মূলত আক্রমণভাগে মেসি এবং পেছনে পউলিনহোর ‘কনসার্ট মাস্টার’-সুলভ খেলার জন্যই লা লিগায় নিজেদের ইতিহাসে সেরা শুরুর মুখ দেখেছে বার্সা। এখন পর্যন্ত লিগে অপরাজিত। নেইমার-শূন্যতাও সামলে নিয়েছে দল।
অথচ বার্সায় যোগ দেওয়ার পর থেকেই স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে ছিলেন ২৯ বছর বয়সী এ মিডফিল্ডার। নাকউঁচু ফুটবলপণ্ডিতরা বলেছিলেন, ‘ও তো সেরা সময় পেছনে ফেলে এসেছে, বার্সা তাকে এত দামে কিনে ভুল করেছে।’ পাউলিনহোর জবাব ছিল, ‘নিজের খেলা দিয়ে আমি মানুষের এমন মনোভাব পাল্টে দেব।’
সতীর্থদের দিয়ে এ পর্যন্ত এক গোল করাতে পেরেছেন পউলিনহো। তবে ‘অ্যাসিস্ট’ সংখ্যা দিয়ে তাঁকে মাপলে ভুল হবে। বার্সার মাঝমাঠ থেকে আক্রমণভাগে বল জোগানোর (৮৭ শতাংশ সফল পাসিং হার) পাশাপাশি প্রতিপক্ষের পা থেকে বল কাড়ায় পউলিনহোর জুড়ি মেলা ভার। খেলার ধাঁচও বেশ পরিচ্ছন্ন। মৌসুমের এ পথ পর্যন্ত বার্সার সবচেয়ে বেশি কার্ড দেখা খেলোয়াড় জেরার্ড পিকে (৬ হলুদ, ১ লাল)। এ তালিকায় পউলিনহো শীর্ষ পাঁচেও নেই। হলুদ কার্ড দেখেছেন মাত্র দুটি।
আর তাই পউলিনহোকে ঘিরে বার্সা সমর্থকদের মনোভাবও পাল্টেছে। পউলিনহো নিজেও বার্সায় সময়টা উপভোগ করতে শুরু করেছেন। বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ শেষে যেমন বললেন, ‘নিজের গোল নিয়ে আমি সন্তুষ্ট। সত্য কথা হলো, ম্যাচের শুরু থেকে মাঠে নামতে পারলে গোল করাটা বেশ সহজ মনে হয়। মনে হচ্ছে সবকিছু ভালোভাবেই চলছে। সতীর্থদের সাহায্য পাচ্ছি বলেই সবকিছু সহজ মনে হয়। প্রতিটি মুহূর্ত নিজের করে নেওয়ার চেষ্টাই বার্সায় খেলার মূলমন্ত্র।’ সূত্র: ফুটবল এসপানা, ফক্স স্পোর্টস।