উনিশের 'পরিণত' রাশফোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছেন, তটস্থ রেখেছেন সেল্টা ভিগোকে। প্রতিপক্ষের মাঠে মহাগুরুত্বপূর্ণ জয় এনে দেওয়া গোলটাও করেছেন মার্কাস রাশফোর্ড। আগমনী বার্তা আগেই জানিয়েছেন, এবার জানিয়ে দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণ-ভরসা হতেই চলেছেন তরুণ ফরোয়ার্ড l এএফপি
পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছেন, তটস্থ রেখেছেন সেল্টা ভিগোকে। প্রতিপক্ষের মাঠে মহাগুরুত্বপূর্ণ জয় এনে দেওয়া গোলটাও করেছেন মার্কাস রাশফোর্ড। আগমনী বার্তা আগেই জানিয়েছেন, এবার জানিয়ে দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণ-ভরসা হতেই চলেছেন তরুণ ফরোয়ার্ড l এএফপি

বয়সকে স্রেফ একটা সংখ্যা বানিয়ে খেলছেন—কথাটা ৩০ পেরোনো ফুটবলারের ক্ষেত্রেই খুব বেশি ব্যবহার করা হয়। কিন্তু মার্কাস রাশফোর্ড যা করছেন, তাতে কথাটা তাঁর ক্ষেত্রেও ব্যবহারের সময় এসে গেছে।
মাত্র ১৯ বছর বয়স ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকারের। এটি এখনো ফুটবলের বড় মঞ্চে চোখ বড় বড় করে তাকানোর সময়! কলি থেকে ফুল হয়ে ফোটার ক্ষণ। কিন্তু এই উনিশেই ফোটার পর্ব শেষ করে যেন সৌরভ ছড়াতেই শুরু করে দিয়েছেন রাশফোর্ড। যার সর্বশেষ প্রমাণ রাখলেন পরশু। ফ্রিকিক থেকে তাঁর দুর্দান্ত গোলেই ইউরোপা লিগের সেমিফাইনাল প্রথম লেগে সেল্টা ভিগোর মাঠ থেকে ১-০ গোলে জিতে ফিরেছে হোসে মরিনহোর দল।
পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছেন। চোট পেয়ে ৮০ মিনিটে মাঠ ছাড়ার আগে তারুণ্যের উদ্যমে পুরো মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। এই সেল্টার রক্ষণে ত্রাস ছড়াচ্ছেন, তো পরের মুহূর্তেই মাঝমাঠে নেমে এসেছেন বল কেড়ে নিতে। এরই মধ্যে সময় বের করে ৬৭ মিনিটে ফ্রিকিকে দুর্দান্ত বাঁকানো শটে গোলটাও করে ফেলেছেন।
এমন পারফরম্যান্সে মুগ্ধ না হয়ে পারেন মরিনহো? ম্যাচের পর ইউনাইটেড কোচের কথা, ‘ও ১৯ বছরের একটা বাচ্চা, যার ফুটবলের জন্য ভালোবাসা অশেষ। ও পরিশ্রম করে, ও পরিণত এবং যেটা মূল ব্যাপার সেটি ওর বয়স নয়, বরং ওর মান!’ তবে ম্যাচ নিয়ে একটু আক্ষেপ আছে পর্তুগিজ কোচের। প্রথমার্ধে মেখিতারিয়ান-লিনগার্ডরা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ না হলে আরও বড় জয় নিয়েই যে ফিরতে পারতেন।
ইউনাইটেডের জয়ের ব্যবধানই আবার ইউনাইটেডের মাঠে দ্বিতীয় লেগে স্বপ্ন দেখাচ্ছে সেল্টার গোলকিপার সার্জিও আলভারেজকে। জিতলেই তো হলো! দৃপ্তকণ্ঠে সেই স্বপ্নের কথাটা জানিয়েও দিয়েছেন আলভারেজ, ‘কিছুই অসম্ভব নয়!’ এএফপি।