উন্মুক্ত ট্রায়ালে যুব ফুটবল দল গঠন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিচ থেকে সিঁড়ি ভেঙে একজন খেলোয়াড় উঠে আসেন জাতীয় দলে। ক্রিকেটে যেমন সাম্প্রতিক উদাহরণ মেহেদী হাসান মিরাজ। ধাপে ধাপে তিনি শীর্ষ স্তরে উঠে নিজেকে তুলে ধরেছেন। ফুটবলেও খেলোয়াড় তুলে আনার প্রক্রিয়াটা এমনই হওয়ার কথা। কিন্তু বাংলাদেশের ফুটবলে হচ্ছে উল্টো। এখানে নিচের দিকে স্থায়ী কোনো সিঁড়ি তৈরি করেনি ফেডারেশন। যে কারণে এখন অনূর্ধ্ব-১৯ দল গঠন করা হচ্ছে উন্মুক্ত ট্রায়াল ডেকে!
২০১৭ সালে সাফ টুর্নামেন্ট, ২০১৮ সালে এএফসি টুর্নামেন্ট আছে। এই দুটি প্রতিযোগিতার জন্য অনূর্ধ্ব-১৭ বা অনূর্ধ্ব-১৬ দলের খেলোয়াড়দেরই ডাক পাওয়ার কথা। কিন্তু বাফুফের হাতে আর ওই খেলোয়াড়েরা নেই, সবাই যে যার মতো ছড়িয়ে পড়েছে। অথচ জুনিয়র দলটাকে রেখে ভবিষ্যৎ হিসেবে গড়ে তোলে অন্য সব দেশ।
বাংলাদেশে কোনো কিছুর ধারাবাহিকতা না থাকায় এখন নতুন করে অনূর্ধ্ব-১৯ দল গড়তে কমলাপুর স্টেডিয়ামে চলছে খেলোয়াড় বাছাই। ২০০ জনকে ডেকে পাওয়া গেছে ১৮২ জন। এখান থেকে কাল ১০৭ জন বাছাই করা হয়েছে। আগামীকাল সংখ্যাটা নেমে আসবে ৩০-এ। এদের নিয়েই ক্যাম্প চলবে। তবে কখন, কোথায় হবে ক্যাম্প, তা এখনো চূড়ান্ত হয়নি।
অনূর্ধ্ব-১৯ দল পরিচালনার দায়িত্ব পাওয়া বাফুফে সদস্য ও সাবেক গোলরক্ষক বিজন বড়ুয়া জানালেন, উন্মুক্ত ট্রায়ালে ভালো কিছু খেলোয়াড় নাকি পাওয়া গেছে। টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি খুব খুশি। তবে আরও ভালো খেলোয়াড় পেলে ক্যাম্পে আনা হবে বলে জানালেন। বিজনের কথা, ‘তেমন পছন্দনীয় গোলকিপার এখনো পাইনি। ভালো গোলকিপার খুঁজছি। প্রয়োজনে জেলায় জেলায় চিঠি পাঠিয়ে ভালো গোলকিপার চাইব।’