উপজেলায় উপজেলায় ফুটবল একাডেমি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে অনেক কাজই করেছেন। সুপার কাপের মতো টুর্নামেন্ট নামিয়ে চমক দিয়েছেন কাজী সালাউদ্দিন। মেসির আর্জেন্টিনাকে এনেছেন। অনেক দেরিতে হলেও একটা একাডেমি চালু করেছেন। যদিও কিছুদিন পরই সেটি বন্ধ হয়ে গেছে। সালাউদ্দিন-বিরোধীরা বলেন, তিনি আট বছরে আটজন ফুটবলারও তৈরি করতে পারেননি। পাল্টা হিসেবে বাকি বিশ্বের উদাহরণ টানেন সালাউদ্দিনের সমর্থকেরা—খেলোয়াড় তৈরির কাজ মূলত ক্লাবগুলোর। কিন্তু ক্লাবের সেই উদাসীনতা নিয়ে সবাই চুপ!
সালাউদ্দিনের খেরো খাতা নিয়ে বিতর্ক হতে পারে। তাঁর সময়ের জাতীয় দলের কিছু সাফল্যের পাশে ব্যর্থতা অনেক। সালাউদ্দিন সেটা স্বীকারও করেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিশ্বকাপ বাছাইপর্ব, সাফ, বঙ্গবন্ধু গোল্ড কাপের ফল নিয়ে কথা হয়েছে অনেক। তবে একটা জায়গায় সালাউদ্দিন ভালো নম্বর দাবি করতেই পারেন—ফুটবলারদের পা থেকে হারিয়ে যাওয়া ফুটবল গত কয়েক বছরে অন্তত ফিরে এসেছে। ঢাকার ফুটবল মাঠে আছে। এখন আর ফুটবলারদের আন্দোলন করতে হয় না খেলার দাবিতে।
আরেকটি নির্বাচন সামনে রেখে সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হলো কাল। স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পরিষদের মূল নেতা সালাউদ্দিন এলেন না। সম্মিলিত পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান তরফদার রুহুল আমিন ইশতেহারটা পড়ে শোনান।
বড় কাগজে তিন পৃষ্ঠার ইশতেহারের দেড় পৃষ্ঠায় সালাউদ্দিন-যুগে ফেডারেশনের কাজের একটা বিবরণ আছে। ঢাকার সব স্তরের লিগ নিয়মিত আয়োজনের ব্যাপারটা দেখানো হয়েছে আলাদা করে। সুপার কাপ, একাডেমি স্থাপন ইত্যাদিও এসেছে। নতুন প্রতিশ্রুতি হিসেবে ২৫টি কর্মপরিকল্পনার মধ্যে জেলার চ্যাম্পিয়নদের নিয়ে আবার ক্লাব কাপ ও শেরেবাংলা কাপ চালুর উদ্যোগ সাধুবাদ পেতে পারে।
তবে ইশতেহারে কিছুটা উচ্চাভিলাষীও। যেমন একাডেমি থেকে খেলোয়াড় বের করে ইউরোপে পাঠাতে চান সালাউদ্দিন। পর্যায়ক্রমে সব বিভাগীয় শহরসহ সব জেলা ও উপজেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে একাডেমি গড়ে তোলার কথা বলছেন। অথচ বাফুফে একটা একাডেমি পরিচালনা করতে পারছে না!
প্রতিবছর সারা দেশে এক লাখ বল দেওয়া হবে, এটাও আদৌ সম্ভব কি না বলা কঠিন। জাতীয় দল নিয়ে পরিকল্পনাটা ঠিক কী, স্পষ্ট করা হয়নি। সালাউদ্দিনের ‘ভিশন ২০২২’ স্থান পায়নি এখানে। যদিও এরই মধ্যে এই পরিষদ থেকে জ্যেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়ে যাওয়া সালাম মুর্শেদী বললেন, ‘ভিশন কখনো মরে না, ওটা জীবিতই থাকে।’ ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নে টাকার ব্যাপারে সালামের কথা, ‘যত টাকাই লাগুক, টাকা কোনো সমস্যাই হবে না।’
ক্লাবগুলোকে পেশাদার করতে না পারলে ফেডারেশন যত উদ্যোগই নেবে, ফল আসবে না। সে ব্যাপারে ফেডারেশনের কর্মপরিকল্পনার বিস্তারিত আসেনি। সহসভাপতি প্রার্থী শামসুল হক চৌধুরীর বললেন, ‘ক্লাবগুলো যখন এককভাবে শুধু ফুটবল খেলবে, তখনই এটা পূর্ণাঙ্গ পেশাদার হবে। আমাদের সেদিকেই যেতে হবে।’ প্রতিশ্রুতি অনেকই শোনা যায়। বাস্তবায়ন হবে তো? এই পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব বাদল রায় নিশ্চয়তা দিচ্ছেন, ‘এসব প্রতিশ্রুতি আমরা অক্ষরে অক্ষরে পালন করব।’
উল্লেখযোগ্য প্রতিশ্রুতি
জাতীয় দলের প্রয়োজনে সব ক্লাবকে অর্থ ও কোচ দিয়ে দল গড়তে সাহায্য করা
ফুটবলারদের জন্য বাফুফে ভবনে ফিটনেস সেন্টার
প্রতিটি বিভাগে ফুটবল টার্ফ
সব ডিএফএকে ২ লাখ টাকা বার্ষিক অনুদান
প্রতিবছর ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজন
উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি উদ্যোগে ফুটবল একাডেমি
খুদে ফুটবলারদের ইউরোপ ও লাতিন আমেরিকায় প্রশিক্ষণ