উপভোগের মন্ত্র জপে দিচ্ছেন রোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ, কোপা আমেরিকা, কনফেডারেশনস কাপ...ব্রাজিলের শোকেসে সব ট্রফিই আছে। কিন্তু একটা অতৃপ্তি এখনো সেলেসাওদের গলার কাঁটা। অলিম্পিক ফুটবলের শিরোপাটা যে এখনো জেতা হয়নি! সেই আক্ষেপ দূর করার জন্য এবারের চেয়ে সুবর্ণ সুযোগ বোধ হয় আর কিছু হতে পারে না। নিজেদের মাঠে রিও ডি জেনিরো অলিম্পিকে ফুটবলে সোনা না পেলে ব্রাজিলের জন্য তো সেটা একরকম ব্যর্থতা বলেই গণ্য হবে। তাই সাফল্যের জন্য রোনালদিনহো নেইমারদের কানে উপভোগের মন্ত্রটাই জপে দিচ্ছেন।
অতৃপ্তিটা গতবারই ঘুচে যেতে পারত। লন্ডন অলিম্পিকে ফাইনালে উঠেও মেক্সিকোর কাছে হেরে গেছে ব্রাজিল। রোনালদিনহো সেবার দলে ছিলেন না, তবে তার আগে দুবার অলিম্পিকে খেলেছেন। ২০০০ সালে সিডনি অলিম্পিকটা তাঁর প্রথম। ২০ বছর বয়সী রোনালদিনহো তখনো বিশ্বমঞ্চে আলো ছড়াতে শুরু করেননি। অভিষেকটা অবশ্য সুখের হয়নি, সেবার গ্রুপ পর্ব পেরোতে পারলেও ব্রাজিল কোয়ার্টার ফাইনালেই হেরে যায় ক্যামেরুনের কাছে।
আট বছর পর রোনালদিনহো যখন আবার বেইজিং অলিম্পিকে ফিরে এলেন, তত দিনে বিশ্বমঞ্চে তাঁর নাম সবাই জেনে গেছে। দুবার ফিফার বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন। কিন্তু ব্রাজিলকে সেই ‘সোনার হরিণ’ এনে দিতে পারলেন না, এবারও সন্তুষ্ট থাকতে হলো ব্রোঞ্জ নিয়েই। তবে ওটাকেই বড় একটা অর্জন হিসেবে দেখছেন রোনি, ‘প্রথমবার সবকিছুই ছিল আমাদের জন্য নতুন। দ্বিতীয়বার আমি ছিলাম খুবই অভিজ্ঞ। অলিম্পিকে কোনো পদক জেতা আমার কাছে ছিল স্বপ্নপূরণের মতো।’
তবে নেইমাররা কিন্তু এবার ব্রোঞ্জে সন্তুষ্ট হবেন না। গ্রুপটা খুব কঠিন হয়নি ব্রাজিলের জন্য। সেখানে সঙ্গী হয়েছে দক্ষিণ আফ্রিকা, ডেনমার্ক ও ইরাক। এই ড্র অনুষ্ঠানে ছিলেন রোনালদিনহো। গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠতে কোনো সমস্যা হবে না বলেই মনে করছেন রোনি, ‘ছেলেদের গ্রুপটা ভালোই হয়েছে। আমার মনে হয় না পরের পর্বে যেতে খুব বেশি সমস্যা হবে।’
কিন্তু ব্রাজিল সেখানে যেতে পারবে তো? রোনালদিনহো উপভোগের মন্ত্রটাই জপে দিচ্ছেন, ‘তাদের উপভোগ করা উচিত। ইতিহাস গড়ার সুযোগ তাদের লুফে নেওয়া উচিত। নিজেদের মাঠে খেলা ওদের কাজটা অনেক সহজ করে দেবে। ভালো একটা শুরু করতে পারলেই সমর্থকেরা তাদের ফাইনালে নিয়ে যাওয়ার জন্য ধাক্কা দেবে। সেই স্বপ্নটাই আমাদের ধরে রাখতে হবে।’ ফিফাডটকম।