উরুগুয়েকে হারিয়ে সেমিতে চিলি

সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনালের আকাশে-বাতাসে কাল ম্যাচ শেষে ভেসে বেড়াল একটা শব্দ—উষ্কানি! কেবল কালকের ম্যাচই নয়, এবারের কোপা আমেরিকা প্রতিযোগিতাতেই এই ‘উষ্কানি’ শব্দটি কিন্তু বহুল ব্যবহৃতই। উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ বলছেন, চিলিয়ান কৌশলই নাকি ছিল উষ্কানির। উষ্কানি দিয়েই উরুগুয়ের দুই খেলোয়াড়কে তারা লাল কার্ড খাইয়েছে, এই উষ্কানির মাধ্যমেই স্বাভাবিক ফুটবলের পথে তারা তৈরি করেছে বাধা। তাবারেজ যা-ই বলুন, দিন শেষে ম্যাচ কিন্তু ওই চিলিরই দখলে। উষ্কানি দিয়েই হোক, আর যেভাবেই হোক উত্তেজনার এই কোয়ার্টার ফাইনালে গোলের সুযোগ কাজে লাগিয়েই জয়ী তারা। ব্যবধানটা ১-০ হলেও তাতে কারওরই কিছু আসে যায় না।
ম্যাচের ৮১ মিনিটে গোলটি হওয়ার আগেই উরুগুয়ে পরিণত দশজনের দলে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে চিলিয়ান রক্ষণসেনা গঞ্জালো জারার মুখে হাত দিয়ে আঘাত করার অভিযোগে লালকার্ড দেখেন উরুগুইয়ান তারকা এডিনসন কাভানি। কিন্তু কাভানির এই লালকার্ডে যথেষ্ট উষ্মাই ঝরেছে কোচ তাবারেজের কণ্ঠে। ম্যাচ শেষে এই কাভানি প্রসঙ্গেই ‘উষ্কানি’ শব্দটি উচ্চারণ করেছেন, এ ব্যাপারে অভিযোগ করেছেন উরুগুইয়ান কোচ।
‘কাভানির লালকার্ডের ঘটনাটি আপনারা সবাই দেখেছেন। টেলিভিশন রিপ্লেতেও দেখা গেছে মূল অপরাধটা আসলে কার। গঞ্জালো জারাই প্রথম উষ্কানি দিয়েছিল। কাভানি এ ক্ষেত্রে নিজের মেজাজটা স্রেফ হারিয়ে বসেছিল।’ কাভানির লালকার্ডকে এভাবেই দেখছেন উরুগুইয়ান কোচ।
খেলার একেবারে অন্তিম মুহূর্তে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আরেক উরুগুইয়ান জর্জ ফুসিল। তাঁর বহিষ্কার অবশ্য খেলাটিকে আর শান্তিপূর্ণ রাখেনি। রেফারির এই সিদ্ধান্তে দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তারা মাঠের মধ্যেই জড়িয়ে পড়েন বিবাদে।
খেলার ৮১ মিনিটে চিলির পক্ষে জয়সূচক গোলটি করেন মাউরিসিও ইসলা।
মাঠের বাইরে ঘটে যাওয়া একটি ঘটনা কাল উরুগুয়ের খেলায় যথেষ্ট প্রভাব তৈরি করেছিল। সোমবার কাভানির বাবাকে গ্রেপ্তার করা হয় এক সড়ক দুর্ঘটনার কারণে। খবরে প্রকাশ, সেই দুর্ঘটনায় নিহত হয় ১৯ বছর বয়সী এক তরুণ। কাভানির লালকার্ডের পর খেলাটিকে টাইব্রেকারে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় উরুগুয়ের জন্য। প্রচণ্ড চাপের মুখে খেলাটিকে আর ধরে রাখতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা। সূত্র: এএফপি।