উল্টো আরও বেশি ভুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল একই ভুল দৃষ্টিকটুভাবে করেই চলেছে। প্রতিপক্ষ তাই গোল উৎসব করছে। সিরিয়ার পর উজবেকিস্তানের কাছেও কাল যেমন ৪ গোলে বিধ্বস্ত স্বাগতিক দল।
এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের প্রাথমিক পর্ব থেকেই বিদায় বাংলাদেশের। দুই হারে মঞ্চ ছাড়ছে ভারতও। মর্যাদার লড়াইয়ে আগামীকাল কিছু পাওয়ার জন্য নামবে দুই প্রতিবেশী বাংলাদেশ ও ভারত।
দুই ম্যাচে বাংলাদেশের খাওয়া ৮ গোলের ৬টিই সেট পিসে। ফ্রি-কিকে নিশ্ছিদ্র দেয়াল নেই, কর্নারে প্রতিপক্ষ খেলোয়াড় অরক্ষিত। দুই ম্যাচেই গোলরক্ষক লিটনের অবস্থা খুবই খারাপ। একটা বলও ঠিকভাবে ধরতে পারেননি। অথচ তাঁকেই ৯০ মিনিট খেলানো হলো। গোলরক্ষক আর ‘নেই’। সমস্যা সমাধানে বাফুফে জার্মান গোলরক্ষক কোচ এনেছে বটে, কিন্তু কাল ৮-১০ বছরের শিশুও বোধ হয় লিটনের বিপক্ষে গোল করতে পারত!
প্রথমার্ধে তো স্বাগতিক দলকে মনে হচ্ছিল কোনো পাড়ার দল। সিরিয়া ম্যাচে প্রথম দুটি গোলই হয়েছে ফ্রি-কিকে। গত দুই দিন তাই সেট পিস নিয়ে সরগরম বাংলাদেশ শিবির। ফল কিন্তু অশ্বডিম্ব। সেট পিস শেখাতে কোচের ব্যর্থতা আছে কি না আগের দিন সংবাদ সম্মেলনে ওঠা প্রশ্নে ডি ক্রুইফ উল্টো প্রশ্নকর্তাকে ধমক দিলেন, ‘বি কেয়ারফুল’। এখন তো মনে হচ্ছে ডি ক্রুইফেরই কেয়ারফুল হওয়ার সময়! সেই তিনিই কালকের হারের পর তোতা পাখির মতো বলে গেলেন, ‘যা শেখাই ওরা ভুলে যায়!’
চতুর্থ মিনিটেই রাসুলভের ফ্রি-কিক জালে। ১২ মিনিটে রাসুলভের ফ্রি-কিকে রাখমানভের হেডে ২-০। কর্নারে রাখামানভেরই হেডে ৩-০। ৩৯ মিনিটে মাখসতালিয়েভের হেডে ৪-০!
একটা গোল করার চেষ্টা করেছিল বাংলাদেশ, কিন্তু সারাক্ষণ ফেসবুকে পড়ে থাকা ওয়াহেদরা গোল করবেন! অধিনায়ক রায়হান তো লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন ৬৯ মিনিটে। তার আগে উজবেকরা ৫৩ মিনিটে ১০ জনের দল। সেই সুবিধাও পরে হারিয়েছে ছন্নছাড়া ডি ক্রুইফের দল।
দিনের প্রথম ম্যাচ ভারতকে ৪-০ ব্যবধানে গুঁড়িয়ে সিরিয়া তুলেছে দ্বিতীয় জয়।