শিরোপা জয়ের উৎসব শেষ। ট্রফি দিয়ে দেওয়া হয়েছে মাঠেই। শেখ জামাল ধানমন্ডি দুই ম্যাচ আগেই গত ৩০ জুলাই প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন। কিন্তু গোল বাধিয়েছে ৩ আগস্ট শেখ রাসেলের বিপক্ষে ম্যাচের ১৩ মিনিটে ফরাশগঞ্জ মাঠ ছেড়ে যাওয়ায়। পেশাদার লিগের বাইলজ অনুযায়ী ফরাশগঞ্জকে শাস্তি দিলে শেখ জামালের শিরোপাটা কালকের আগ পর্যন্ত নিশ্চিত ছিল না।
বাফুফের পেশাদার লিগের বাইলজে আছে, কোনো দল খেলতে অস্বীকার করলে তারা ওই লিগে নিষিদ্ধ হবে। লিগে দলটির সব ম্যাচের ফল বাতিল হওয়ার কথা বলা আছে আরেকটি ধারায়। সে ক্ষেত্রে ফরাশগঞ্জের বিপক্ষে কোনো দলই পয়েন্ট পাবে না। তাই এই দলটির সঙ্গে শেখ জামালের পাওয়া ৬ পয়েন্ট বাদ গেলে ঝুলেই যেত তাদের শিরোপা জয়। সে ক্ষেত্রে শেষ দুই ম্যাচ থেকে তাদের অন্তত দুটি পয়েন্ট দরকার হতো। কালই ছিল শেষের আগের ম্যাচ, আর তাতে মুক্তিযোদ্ধাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয়কে প্রশ্নাতীতই করে ফেলল শেখ জামাল।
কিন্তু প্রশ্ন উঠছে বাফুফের সিদ্ধান্ত নিয়ে। কারণ লিগ কমিটি শেখ রাসেল ম্যাচের আগ পর্যন্ত ফরাশগঞ্জের সব ম্যাচের ফলই বহাল রেখেছে। যার অর্থ, শেখ জামালই চ্যাম্পিয়ন দুই ম্যাচ আগেই! শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ফরাশগঞ্জের বিপক্ষে শেখ রাসেল ৩-০ গোলে জয়ী। ফরাশগঞ্জের বাকি তিন ম্যাচের প্রতিপক্ষকেও ৩-০ গোলে আগাম জয়ী ঘোষণা করা হয়েছে।
বাইলজের একটা ধারা অনুসরণ করে ফরাশগঞ্জকে নিষিদ্ধ করা হলো, আরেকটি ধারা মেনে সব ম্যাচের ফল বাতিল করা হলো না কেন? এসব নিয়ে কাল সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। অনেক প্রশ্ন পাশ কাটিয়ে তিনি ব্যাপারটাকে ব্যাখ্যা করলেন এভাবে, ‘আমাদের সামনে পেশাদার লিগের বাইলজ ও বাফুফের ডিসিপ্লিনারি কোড (শৃঙ্খলাবিধি) ছিল। আমরা শৃঙ্খলাবিধিই অনুসরণ করেছি। সেটি মেনেই শাস্তি দেওয়া হয়েছে।’
ফরাশগঞ্জকে শাস্তি দেওয়া নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা হলো, লিগের শাস্তি বাইলজ অনুযায়ী হওয়ার কথা। সেখানে শৃঙ্খলাবিধি টেনে আনা কেন? বাফুফের কেউ শৃঙ্খলা ভাঙলে তাঁরও শাস্তি হতে পারে এই বিধি মেনে। বাইলজ শুধুই লিগের জন্য। কিন্তু সেটাই তো অনুসরণ করেনি বাফুফে।
মজার ব্যাপার, শৃঙ্খলা কমিটি ফরাশগঞ্জের সব ম্যাচের ফল বাতিল করারই বিধান দিয়েছিল। শেখ জামালের চ্যাম্পিয়ন হওয়া তাতে ঝুলেই যেত। অনেকের ধারণা, সেই শঙ্কায় আর ওই পথে হাঁটেনি বাফুফে!