উল্টো ম্যারাডোনার দিকেই তির
অর্থই অনর্থের মূল—কথাটা তো আর এমনি এমনি আসেনি। সাবেক স্ত্রী ক্লদিয়া ভিলাফানের সঙ্গে ডিয়াগো ম্যারাডোনার অর্থকড়ি নিয়ে বিবাদটা যে আর ভদ্রস্থ অবস্থায় নেই! ভিলাফানের বিরুদ্ধে ছয় মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ করেছিলেন ম্যারাডোনা। পরশু আর্জেন্টাইন আদালতে দাঁড়িয়ে ভিলাফান তো নিজেকে নির্দোষ দাবি করেছেনই, উল্টো অভিযোগ করেছেন, আসলে নাকি টাকা ম্যারাডোনাই আত্মসাৎ করেছেন!
আদালতে উপস্থিত না থাকলেও এক টেলিভিশন বার্তায় টাকা ফেরত চেয়ে কড়া বার্তাই দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি, ‘আমি শুধু আমার টাকা চাই। টাকা লোপাটের সময় আমি কাউকে প্রকাশ্যে দোষারোপ করিনি এবং এখনো করব না। আমি শুধু আমার টাকা চাই। আমি কোনো নাম বলব না, আমার স্বভাবেও সেটা নেই। কিন্তু আমার টাকা যদি তারা ফিরিয়ে না দেয়, তাহলে তাদের কপালে দুঃখ আছে।’ পাশাপাশি ম্যারাডোনা পারিবারিক এ কলহ নিয়ে তাঁর তিন কন্যা জিয়ান্নিনা, দালমা ও জানাকে শান্ত থাকারও উপদেশ দিয়েছেন। জিয়ান্নিনা ও দালমার মা ভিলাফান হলেও জানা জন্ম নিয়েছেন অন্য একজনের গর্ভে।
গত বছরের এক তদন্তে বেরিয়ে আসে, কর্তৃপক্ষের অগোচরে দুই মিলিয়ন ডলার দামের তিনটি অ্যাপার্টমেন্ট ও উরুগুয়ের একটি ব্যাংকে তিন মিলিয়ন ডলার গচ্ছিত রেখেছেন ভিলাফান। মক্কেলকে নিরাপরাধ দাবি করে ভিলাফানের আইনজীবী অবশ্য তির ছুঁড়েছেন ম্যারাডোনার দিকেই, ‘কর ফাঁকির কোনো ঘটনা ঘটলে সেটার দায় করদাতার। যেটা ক্লদিয়া ভিলাফান নন। বিচারব্যবস্থা ম্যারাডোনাকে তাঁর প্রাপ্যটা বুঝিয়ে দেবে।’ আইএএনএস।