উল্টো হুমকি দিল শেখ জামাল ক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফের সঙ্গে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দ্বন্দ্বের প্রভাব পড়ছে ফুটবলারদের আসন্ন দলবদলে। পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী পদত্যাগ না করলে ২৬ ডিসেম্বর শুরু দলবদলে না যাওয়ারও ঘোষণা দিয়েছে দলটি।
শুধু তা-ই নয়, বাফুফেকে ২০১২ সালে ‘ধার দেওয়া’ ৬২ লাখ টাকা ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত চেয়েছেন শেখ জামালের সভাপতি মনজুর কাদের। পাশাপাশি লিগে অংশগ্রহণ ফি এবং বিভিন্ন পুরস্কারের ৮২ লাখ টাকাও দাবি করেছে গত দুবারের লিগ চ্যাম্পিয়নরা।
জাতীয় দলের ক্যাম্প থেকে জোর করে খেলোয়াড় নিয়ে যাওয়া এবং বাফুফের বিরুদ্ধে ‘অসত্য’ বক্তব্য দেওয়ায় শেখ জামালকে কারণ দর্শানোর নোটিশ দেয় বাফুফে। ৪৮ ঘণ্টা পেরোনোর পর কাল সন্ধ্যায় সেটির জবাব মিলেছে। জবাব বলতে, এমন কারণ দর্শাও নোটিশ দেওয়ার এখতিয়ার ফেডারেশনের আছে কি না—মোহামেডানের মতো একই প্রশ্ন তুলেছে শেখ জামালও। তার আগে গতকালই বাফুফেকে আলাদা দুটি চিঠি দিয়ে পাওনা টাকা চেয়েছে দলটি।
এসব দেখে অনেকেরই শঙ্কা, হকির মতোই না অচলাবস্থা হয় ফুটবলে! শেখ জামাল ও মোহামেডানের সঙ্গে দ্বন্দ্বে এ বছর ঘরোয়া ফুটবলের আকাশে জমেছে কালো মেঘ। মনজুর কাদের কালও আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। হঠাৎ ‘পাওনা’ টাকা নিয়েও সোচ্চার তিনি, ‘২০১২ সালের ৭ নভেম্বর ৬২ লাখ টাকা ব্যক্তিগতভাবে ধার দিয়েছিলাম ফেডারেশনকে, তা আজও পাইনি।’
ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদীর বিরুদ্ধে নানা অভিযোগ মনজুর কাদেরের। শেখ জামালকে ধ্বংস করার ষড়যন্ত্র করছেন লিগ কমিটির চেয়ারে বসে—সালামের বিরুদ্ধে তাঁর অভিযোগের মূল সুর এটাই। এসবেরই জের ধরে কাদের কাল জানিয়ে দিলেন, ‘সালাম লিগ কমিটি থেকে না সরলে আমরা দলবদলসহ ঘরোয়া কোনো কার্যক্রমেই যুক্ত হব না। ব্যর্থ এই লিগ কমিটির অধীনে মাঠে নামার প্রশ্নই আসে না।’
এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি সালাম মুর্শেদী। তবে টাকার ব্যাপারে বলেছেন, ‘প্রাইজমানি বা অংশগ্রহণ ফি অনেক দলই পাবে। শেখ জামাল ৮২ লাখ টাকা কীভাবে পায়, সেটা আমরা খতিয়ে দেখব। পেলে দিয়ে দেব।’ তবে ৬২ লাখ টাকার ব্যাপারে সালামের কথাটা আবার ভিন্ন, ‘কাদের সাহেব বাফুফের জেলা লিগ কমিটির চেয়ারম্যান ছিলেন, ওই খাতে খরচ হওয়া ৬২ লাখ টাকার হিসাবটা তিনিই ভালো জানেন। আমি কিছু জানি না।’