উসকানি
গুজবটা উসকে দিয়েছিলেন সেস্ক ফ্যাব্রিগাসই। সাবেক বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসিকে চেলসিতে নিয়ে আসতে ফ্যাব্রিগাস যেন এক পায়ে খাড়া! কিন্তু চেলসির এই স্প্যানিশ মিডফিল্ডারের আগ্রহ কি একটু বেশি হচ্ছে না? এমনিতে মেসির সঙ্গে বন্ধুতা খুবই ভালো। তবে আসল কারণ এটি নয়। সম্ভবত পেছন থেকে কলকাঠি নেড়েছেন দুজনের ঘরনি। মেসির সঙ্গিনী আন্তোনেল্লা রোকুজ্জো ও ফ্যাব্রিগাসের প্রেমিকা ড্যানিয়েলা সেমানের গলায় গলায় ভাব। বার্সেলোনা থাকার সময়েই শুরু এই দোস্তির, অবকাশযাপনে দুই জুটিকে সব সময় একসঙ্গেই দেখা যেত। ফ্যাব্রিগাস চেলসিতে চলে এলেও বন্ধুত্বে ফাটল ধরেনি। গত নভেম্বরে রোকুজ্জো এসেছিলেন লন্ডনে। সেমানের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন, দুজনই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন বেশ কিছু ছবি। কে জানে, ফ্যাব্রিগাসকেও হয়তো সেমান কথাগুলো বলতে প্ররোচিত করেছেন। কিন্তু দুই বান্ধবী চাইলেই কি হয়? মেসির দলবদল তো আর ছেলেখেলা নয়! মেইল অনলাইন।