উৎসব আর অশ্রুতে বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যু ক্যাম্পে শেষ ম্যাচটি খেলে কান্না আড়াল করার চেষ্টা জাভির l এএফপি
ন্যু ক্যাম্পে শেষ ম্যাচটি খেলে কান্না আড়াল করার চেষ্টা জাভির l এএফপি

ঝেপে আসা চোখের জলকে দুচোখের পাতা দিয়ে শক্ত করে বন্দী করে রাখতে চাইছেন। তবু গাল গড়িয়ে ঝরে পড়ে সেই বেয়াড়া অশ্রু। ১৭টি মৌসুম একটা ক্লাবে কাটিয়ে, খেলোয়াড়ি জীবনের প্রায় সবটুকু একটা ক্লাবকে দিয়ে চলে যাওয়ার সময় বুক ভেঙে কান্না তো আসবেই। জাভি তাই না কেঁদে পারলেন না। লা লিগার শিরোপাটা তুলে দেওয়া হলো বিদায়ী বার্সেলোনা অধিনায়কের হাতে। ঘিরে ধরা সতীর্থদের উচ্ছ্বাস, উৎসবের মাঝেও তাঁর চোখের কোণে চিকচিক করে ওঠে জল।
না, অধিনায়কের বিদায়ী ম্যাচ এবং একই সঙ্গে মৌসুমের শেষ ম্যাচে দেপোর্তিভো লা করুনিয়াকে হারাতে পারেনি বার্সেলোনা। লিওনেল মেসির জোড়া গোলের পরও ২-২ ড্র। যেটি দেপোর্তিভোকেও বাঁচিয়ে দিয়েছে অবনমন থেকে। ম্যাচ শেষে তাই শিরোপা জয়ের মতো উৎসব করছিলেন দেপোর্তিভোর খেলোয়াড়েরা। যে শিরোপা এই ম্যাচের আগেই নিশ্চিত করে রেখেছিল লুইস এনরিকের দল, পরশু ম্যাচ শেষে সেটি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হলো বার্সা অধিনায়ক জাভির হাতে। বার্সা খেলোয়াড়েরা ততক্ষণে জার্সি বদলে সাদা টি-শার্ট পরে নিয়েছেন। সেই টি-শার্টের পেছনে লেখা জাভির জার্সি নাম্বার—‘৬’, সামনে ‘ধন্যবাদ জাভি’। মাঠে এসেছিলেন জাভির বাবা-মা, স্ত্রী, কাছের বন্ধুরা। স্ত্রী নুরিয়া কুনিয়েরাকে নিয়ে মাঠে হাঁটলেন খানিকক্ষণ। হাত নাড়িয়ে জবাব দিলেন দর্শকদের ভালোবাসার। সতীর্থরা তাঁকে শূন্যে ছুড়ে মাতলেন আনন্দে। কিন্তু উৎসবের মাঝেও যে তখন বেজে চলেছে বিদায়রাগিণী!
মাত্র ১১ বছর বয়সে পা রেখেছিলেন বার্সেলোনার লা মেসিয়া অ্যাকাডেমিতে। সেখান থেকে বয়সভিত্তিক দল পেরিয়ে ১৯৯৮ সালে মূল দলে অভিষেক। সেই জাভি একসময় হয়ে উঠেছেন তাঁর সময়ের সেরা সেন্ট্রাল মিডফিল্ডারদের একজন, বার্সেলোনার ইতিহাসে জীবন্ত কিংবদন্তি। প্রায় দুই যুগ যে ক্লাবের আলো-বাতাস গায়ে মেখেছেন, সেটিকে বিদায় বলার সময় গলাটা ধরে এল তাঁর। ন্যু ক্যাম্পের প্রায় ৯৩ হাজার দর্শকের সামনে বিদায়ী বক্তৃতায় কাঁপা কণ্ঠে বললেন, ‘সবাইকে ধন্যবাদ। আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সুখী এখানে কাটানো ১৭টি মৌসুমের কারণে।’ ম্যাচের পর ক্যানাল প্লাসকে বলেছেন, ‘না কেঁদে থাকা অসম্ভব ছিল। আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। কিন্তু শেষটায় আর সম্ভব হয়নি। বার্সার সবকিছুই মিস করব আমি। বার্সা আমাকে যতটা মিস করবে, আমি তার চেয়ে বেশি মিস করব। এখানে ২৫ বছর কাটিয়েছি। আমার পুরোটা জীবনই তো।’

লা লিগায় পরশু ৫০৫তম ম্যাচ ছিল তাঁর, বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৭৬৫তম। দুটোই ক্লাব রেকর্ড। সর্বোচ্চ পর্যায়ের ফুটবল ছেড়ে ৩৫ বছর বয়সী এ স্প্যানিশ মিডফিল্ডার যাচ্ছেন কাতারের আল সাদ ক্লাবে খেলতে। এর আগে অবশ্য কোপা ডেল রে ও চ্যাম্পিয়নস লিগ ফাইনাল আছে। সেটি মনে করিয়ে দিয়ে বললেন, ‘এটাই শেষ নয়। আমরা লিগ জিতেছি, কিন্তু আরও দুটি ট্রফি বাকি আছে। যদিও সেটা মোটেই সহজ হবে না।’

জাভিহীন নতুন পথচলা সহজ হবে না মনে করিয়ে দিলেন বার্সেলোনা কোচ লুইস এনরিকেও, ‘জাভির কোনো বিকল্প নেই। এমন অসাধারণ খেলোয়াড়ের বিকল্প খুঁজে পাওয়া যায় না। আমি এবং আমার পরে যাঁরা কোচ হয়ে আসবেন, তাঁদের এই বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে। সে দুর্দান্ত এক ফুটবলপ্রতিভা, ফুটবল ইতিহাসের সেরা মিডফিল্ডার।’

শুধু সতীর্থ আর নিজের ক্লাবের লোকজনই নয়, বিদায়বেলায় বার্সেলোনা মিডফিল্ডারকে নিয়ে মুগ্ধতার কথা জানিয়েছেন বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সাবেক কোচ হোসে মরিনহোও, ‘আমি সম্পূর্ণ সততার সঙ্গে বলতে চাই, গত এক দশকে জাভি বিশ্বসেরা খেলোয়াড়দের একজন। ও কখনো ব্যালন ডি’অর জেতেনি, কিন্তু জেতা উচিত ছিল।’ এএফপি, মার্কা, গোলডটকম।

.
.