উৎসব ছাপিয়ে নিরাপত্তাশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরো সামনে রেখে কাল লিঁওতে ফ্রান্স পুলিশের নিরাপত্তা মহড়া l রয়টার্স
ইউরো সামনে রেখে কাল লিঁওতে ফ্রান্স পুলিশের নিরাপত্তা মহড়া l রয়টার্স

প্যারিস, মার্শেই, সেন্ট ডেনিস—শহরগুলোর এখন মেতে থাকার কথা ফুটবল উৎসবে। পাব-বার-রেস্তোরাঁগুলো গমগম করার কথা ফুটবলপ্রেমীদের আড্ডায়। কাল থেকেই যে শুরু হবে ইউরো!
উৎসবের আমেজ আছে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ফুটবলপ্রেমী এসেও পড়েছেন। কিন্তু সব ছাপিয়ে ইউরো শুরুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কাটাই যেন বড় হয়ে উঠেছে! প্যারিসসহ ইউরোপের বেশ কয়েকটি শহরে সাম্প্রতিককালের সন্ত্রাসী হামলাগুলো এভাবেই বদলে দিয়েছে ছবিটা।
গত নভেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রায় একই সময়ে কয়েকটি স্থানে বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে ১৮০ জন নিহত হন, আহত হন শতাধিক। ওই হামলার পর পুরো ফ্রান্সে জরুরি অবস্থাও জারি করা হয়। সেই ধাক্কা সামলে ওঠার আগেই এ বছরের মার্চে ব্রাসেলসের বিমানবন্দর ও একটি মেট্রো স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় আরও ৩১ জন নিহত ও ২৭০ জন আহত হন। এই হামলাগুলো ইউরোপজুড়েই নিরাপত্তাশঙ্কা দেয় বাড়িয়ে, যার ছাপ পড়ছে এই ইউরোতেও।
এদিকে গত সোমবারই ইউরোতে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে ইউক্রেনের পোল্যান্ড সীমান্ত থেকে এক ফরাসি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ইউক্রেনের নিরাপত্তা সংস্থার (এসবিইউ) দাবি, উগ্র জাতীয়তাবাদী ওই ব্যক্তি ইউরো চ্যাম্পিয়নশিপ চলাকালে অন্তত ১৫টি হামলার প্রস্তুতি নিচ্ছিলেন। এর আগে গত মাসের শেষ দিকে জানা যায়, ইউরো চলাকালে হামলার পরিকল্পনা করছে ইসলামিক স্টেট (আইএস)। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সতর্ক করে দেয়, ইউরো চলাকালে বিভিন্ন ভেন্যুতে কিংবা ইউরোপের অন্যান্য জায়গায় সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে। গত পরশু একই রকম সতর্কবার্তা দেয় ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরও। ফলে নিশ্ছিদ্র নিরাপত্তায় ইউরো আয়োজন করতে আটঘাট বেঁধেই নেমেছে ফ্রান্স।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনুভা আগেই জানিয়েছিলেন, এবার ইউরোর জন্য পাঁচ স্তরের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে ফ্রান্স। টুর্নামেন্ট চলাকালে ফ্রান্সজুড়ে খেলোয়াড়, স্টাফ, ভেন্যু ও দর্শকদের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন ৯০ হাজারেরও বেশি সশস্ত্র পুলিশ সদস্য। এ ছাড়া টুর্নামেন্টের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে বাড়তি আরও ১৩ হাজার বেসরকারি নিরাপত্তারক্ষী।
ইউরোকে সামনে রেখে ফ্রান্সে আসা অতিথিরা যাতে সম্ভাব্য সন্ত্রাসী হামলা সম্পর্কে আগেই সতর্কবার্তা পেতে পারেন, সে জন্য একটি স্মার্টফোন অ্যাপও তৈরি করেছে ফরাসি নিরাপত্তা সংস্থা। ইংরেজি-ফরাসি দুই ভাষাতেই ব্যবহারের উপযোগী এই অ্যাপ দিয়ে জানা যাবে কোথায় নিরাপত্তাঝুঁকি রয়েছে কিংবা কোথায় ইতিমধ্যে হামলা হয়েছে এবং ওই মুহূর্তে দর্শকেরা কোথায় গেলে নিরাপদ থাকতে পারবেন। এতে করে ফ্রান্স পুলিশের জরুরি সেবার হটলাইনে চাপ একটু কমবে বলে মনে করা হচ্ছে। তবে এই অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য যাতে সুরক্ষিত থাকে, সেদিকেও লক্ষ রাখবে কর্তৃপক্ষ।
তবে এত কিছুর পরেও কি নিশ্চিন্ত থাকা যায় নিরাপত্তা নিয়ে? প্যারিসের ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক রিলেশনসের মুখপাত্র প্যাসকাল বোনিফেস কিন্তু বলছেন অন্য কথা, ‘আপনি ১০০০ জায়গায় নিরাপত্তা দেবেন, ওরা ১০০১তম জায়গাটায় হামলা করবে।’
নিরাপত্তা-সংক্রান্ত এই ভয়টাই ইউরোপের সবচেয়ে বড় ফুটবল উৎসবে কাঁটা হয়ে থাকবে আগামী এক মাস! এএফপি, রয়টার্স।