উৎসবের অপেক্ষায় যশোর

খেজুরের রস আর গুড়-পাটালির সুঘ্রাণ ছড়িয়ে যাচ্ছে চারপাশে। চিরায়ত ঐতিহ্যের এই ঘ্রাণে যশোরের মানুষ উচ্ছ্বসিত। সেই উচ্ছ্বাস কয়েক ধাপ বাড়িয়ে দিতে প্রথমবারের মতো যশোরের মাটিতে বসছে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। বঙ্গবন্ধু গোল্ডকাপ নাম নিয়ে যা শুরু হয়ে যাচ্ছে আগামী পরশু। এমন বড় উপলক্ষ সামনে রেখে যশোর শহরে এখন উৎসবের আমেজ।
শহরের চায়ের দোকানে কান পাতলে শোনা যায় ফুটবলের আলোচনা। লোকজনের আগ্রহ অনেক। খেলা দেখার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই। স্টেডিয়ামের আশপাশে চলছে সাজগোছ। কিছু রাস্তা সংস্কারও হয়ে যাচ্ছে এই ফাঁকে। অনেক তরুণ সাগ্রহেই হতে চাইছেন টুর্নামেন্টের স্বেচ্ছাসেবী। ফুটবল জ্বরে রীতিমতো কাঁপতে থাকা যশোর শহরটাকে একটু যেন অচেনাই লাগছে।
চারটি দেশের খেলোয়াড়েরা শহরে থাকবেন—উৎসব জমে ওঠার জন্য এটাই আসলে যথেষ্ট। বড় আকর্ষণ অবশ্যই বাংলাদেশ জাতীয় দল। সোমবার যশোরে পা রাখা মামুনুলদের নিয়ে শহরবাসীর আগ্রহটাও আলাদা করে চোখ কাড়ছে। মাঠ, হোটেল সবখানেই লোকজনের ভিড়। অনুশীলনের জন্য যশোর পুলিশ লাইন মাঠ ছেড়ে দেওয়া হয়েছে বাংলাদেশ দলকে। সেখানেই কাল দাপিয়ে নিজেদের ঝালাই করে নিলেন মামুনুল-এমিলিরা।
পেছনে সাফ ফুটবলের ব্যর্থতা, বঙ্গবন্ধু কাপে যা দূর করার প্রতিজ্ঞায় শাণিত বাংলাদেশ দল। কোচ মারুফুল হকও ঘুরে দাঁড়ানোর আশা করছেন, ‘সাফে আমরা সাফল্য পাইনি। বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে খেলতে চায় ছেলেরা। আমিও চাই সাফের ব্যর্থতা ভুলতে। নিজেদের মাটিতে খেলা, অন্য দেশের তুলনায় তাই আমরা একটু এগিয়েই থাকব।’
ঘরের মাঠে বড় ফুটবল—মাঠটা ঠিকঠাক হওয়া চাই। আয়োজকেরা চেষ্টার কমতি রাখছেন না। মাঠ পরিচর্যা, গ্যালারি সাজসজ্জা চলছে। গ্যালারির সামনে ফেন্সিং না থাকায় ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর শামসুল হুদা স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রীতি ম্যাচে দর্শকের বাঁধভাঙা জোয়ারের একটা অংশ মাঠের ভেতরে ঢুকে পড়ে। তবে অপ্রীতিকর কিছু হয়নি। এবার ফেন্সিং বসানো হচ্ছে। স্টেডিয়ামে খেলা দেখতে পারবে ১০ হাজার দর্শক। টিকিটের দাম ৫০, ১০০, ২০০ ও ৩০০ টাকা। আজ থেকে ব্যাংকের মাধ্যমে টিকিট বিক্রি শুরু।
মাঠ প্রস্তুতির ব্যাপারে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ( ডিএফএ) সভাপতি আসাদুজ্জামান মিঠু প্রথম আলোকে বলেন, ‘মাঠটি মূলত ক্রিকেটের জন্য। ক্রিকেটের পিচ তুলে এটি এখন ফুটবলের উপযোগী করা হয়েছে। নতুন ঘাস ওঠার ব্যবস্থাও করেছি আমরা।’ সাত দিন আগেও যে মাঠটি ছিল অপ্রস্তুত, এখন সেটি আন্তর্জাতিক ম্যাচের জন্য তৈরি। তাই ভালো ফুটবল খেলার আশা করছেন সবাই।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের যশোরে একসময় ফুটবলের চাকা ছিল সচল। ওয়াজেদ গাজী, খন্দকার রকিবুল ইসলামসহ আরও কয়েকজন ফুটবলার যশোর থেকে উঠে গিয়ে ঢাকায় আলো ছড়িয়েছেন। কিন্তু এখন আর নিয়মিত খেলা না হওয়ায় ফুটবল-সৌরভ হারিয়ে গেছে যশোর থেকে। তবে আশির দশকে জাতীয় খেলোয়াড় মাশুক মুহাম্মদ সাথীর আশা, ‘১৯৭০ থেকে ’৯৫ পর্যন্ত যশোরের ফুটবল অঙ্গনে ছিল গৌররময় সময়। তা ফিরিয়ে আনতে বঙ্গবন্ধু কাপ বড় ভূমিকা রাখতে পারে। নতুন প্রজন্ম ফুটবলে উজ্জীবিত হবে আশা করি।’
এমন প্রত্যাশা যশোরের সবারই।