উৎসবের অপেক্ষায় যশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঘের উল্কি একে স্টেডিয়ামে এসেছেন যশোরের ফাহাদ আহমেদ। অন্যরাও যোগ দিয়েছে এই আনন্দে- ছবি : বদিউজ্জামান
বাঘের উল্কি একে স্টেডিয়ামে এসেছেন যশোরের ফাহাদ আহমেদ। অন্যরাও যোগ দিয়েছে এই আনন্দে- ছবি : বদিউজ্জামান

সারা গায়ে আঁকা বাঘের উল্কি। হাতে বিশাল আকৃতির জাতীয় পতাকা। খেলা শুরুর ঘন্টা তিনেক আগে যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে উপস্থিত ফাহাদ আহমেদ। শুধু ফাহাদই নন, খালেকুর হাসান, হৃদয়সহ এক দল কিশোর স্টেডিয়ামের আশপাশে মিছিল করছিলেন। আজ বেলা পৌনে তিনটায় শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন। কিন্তু মাঠে বসে খেলা দেখার এতটুকু তর সইছে না যশোরবাসীর। যেন উৎসবে মেতে ওঠার অপেক্ষায় রয়েছেন সবাই।


স্টেডিয়ামে ঢোকার মুখেই রং তুলি নিয়ে দাঁড়িয়ে আঁকিয়েরা। মুখে-হাতে জাতীয় পতাকা একে, বাংলাদেশ-বাংলাদেশ লিখে নিচ্ছিলেন অনেকে। দেদারসে বিক্রি হচ্ছে জাতীয় পতাকার রঙে আঁকা টুপি, মাথার ব্যান্ড।

জেলা স্কুলের পাশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কের বাসিন্দা ফাহাদ নিয়মিতই বাঘের বেশ ধরে স্টেডিয়ামে আসেন। জেলা স্কুলের পাশেই তাঁর ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু খেলা হলে ব্যবসা বন্ধ রেখে চলে আসেন স্টেডিয়ামে।

আজ এসেই বললেন, ‘দেশের প্রথম স্বাধীন জেলা যশোর। অথচ ৪৫ বছর যশোরে কোনো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট হয়নি। এবার বঙ্গবন্ধু গোল্ডকাপ হচ্ছে দেখে খুব ভালো লাগছে।’ যশোর ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র খালেকুর হাসানের প্রিয় ফুটবলার স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। আজ মাঠে এমিলি জ্বলে উঠবেন এমনটাই প্রত্যাশা ঘোপ নওয়াপাড়া রোডের বাসিন্দা, ‘চোটের জন্য সাফে খেলতে পারেননি এমিলি। আমার খুব খারাপ লেগেছে। আজ উনার কাছ থেকে গোল চাই।’

পতাকা ও টুপি বিক্রি করতে ঢাকা থেকে কাল রাতে যশোরে এসেছেন নুরুল ইসলাম। যেখানে খেলা সেখানেই ছুটে যান পঞ্চাশোর্ধ্ব এই ভদ্রলোক। দর্শক সবে আসতে শুরু করেছে। অথচ এরই মধ্যে প্রায় ৫০-৬০টি পতাকা বিক্রি শেষ। নুরুলের আশা, ‘দিন শেষে ভালোই বেচতে পারুম।’

থেমে নেই জাতীয় পতাকার বিক্রি- ছবি: প্রথম আলো
থেমে নেই জাতীয় পতাকার বিক্রি- ছবি: প্রথম আলো

খড়কির কিশোর সাইফুল ইসলাম ২০১৪ সালের অক্টোবরেও এই স্টেডিয়ামে এসেছিল। সেবার শ্রীলঙ্কা-বাংলাদেশ প্রীতি ম্যাচ খেলার আগের মনোমুগ্ধকর ডিসপ্লে দলের সদস্য ছিল সে। এবার সাইফুল বল বয়ের কাজ করবে।

খেলা দেখার আনন্দে তার চোখে মুখে ছিল উচ্ছ্বাস, ‘এবারও আমি মাঠে বসে খেলা দেখতে পারব, ভেবে খুব ভালো লাগছে। মাঠের খুব কাছে থেকে ফুটবলারদের দেখব, এ জন্যই বেশি আনন্দিত আমি।’ বলবয় হিসেবে এসেছে বজলুর রহমানও। সে থাকে স্টেডিয়ামের পাশেই। সকাল থেকে লোকের ভিড় দেখে আনন্দ আর ধরছে এই কিশোরের, ‘স্টেডিয়ামে খেলা হলেই আমার আনন্দ বেড়ে যায়। আমি নিজেও ফুটবল খেলি এই মাঠে। আজ এমিলি-মামুনুল ভাইদের খেলা দেখব ভেবে গত রাতে তো ঘুমুতেই পারিনি।’

সাইফুল, বজলুদের দিন শুরু হয়েছে আনন্দ দিয়ে। দিন শেষে এই আনন্দ ধরে রাখার দায়িত্ব এখন ফুটবলারদের।