
হোটেলের ছোট্ট সুইমিংপুলটা মুহূর্তেই হয়ে উঠল পাড়াগাঁয়ের কোনো পুকুর। কৈশোরের সব দুরন্তপনা একসঙ্গে পেয়ে বসল শাওন, সাদ, ফাহিমদের। নীল জলে দাপাদাপি। ডুবসাঁতার। লাইফগার্ড নিয়ে ঠোকাঠুকি। কোনো কিছুই বাদ রইল না। নির্ভার বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের ছবি! ছয় দিনে টানা তিন ম্যাচ খেলে ক্লান্ত দল। ফাইনালের আগের দিন তাই ইচ্ছা করেই কোচ গোলাম জিলানী অনুশীলন রাখেননি। শুধুই সুইমিংপুলে সাঁতার কেটেছে ফুটবলাররা।
সিলেট জেলা স্টেডিয়ামে কিশোরদের সাফের ফাইনালে আজ বাংলাদেশ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের। বিকেল পাঁচটায় শুরু খেলা। অথচ টিকিটের গায়ে লেখা সন্ধ্যা ৬টায় শুরু হবে ফাইনাল!
এমনিতেই টিকিট সোনার হরিণ হয়ে উঠেছে শহরে। দুপুরে স্টেডিয়ামের কাউন্টারে টিকিট নিতে এসে ফিরে গেছে অনেকে। যারাও পছন্দের গ্যালারির টিকিট পেয়েছে তাদের সচেতন করে দেওয়া হয়েছে মাইকিং করে। টিকিট ছাপানোর দায়িত্বে থাকা কর্মকর্তাদের এমন কাণ্ডজ্ঞানহীন ‘কাণ্ডে’ বাফুফে ক্ষমা চেয়েছে দর্শকদের কাছে।
অবশ্য সিলেটের দর্শকদের ফুটবলপ্রেম প্রশ্নাতীত। ম্যাচ শুরুর আগেই উপচে পড়ে গ্যালারি। গত বছর নেপালের সঙ্গে প্রীতি ম্যাচে স্টেডিয়ামের বেষ্টনী ভেঙে পড়েছিল দর্শকের চাপে। এবার ঘরের মাঠে আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুধু দর্শকেরাই কেন, এই ম্যাচে খেলতে যেন তর সইছে না গোটা বাংলাদেশ দলের। অধিনায়ক শাওনের চোখে-মুখে আত্মবিশ্বাসের আঁকিবুঁকি, ‘প্রথমবারের মতো ছোটদের সাফের ফাইনালে উঠেছি। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চাই।’
শারীরিক শক্তির বিচারে দুই দলই সমান। তবে মাঠের পরীক্ষায় যে বাংলাদেশই সেরা এরই মধ্যে সেটা প্রমাণও হয়েছে। ভারতকে গ্রুপ ম্যাচে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশই। এই বাংলাদেশ আত্মবিশ্বাসী। তবে একটা শঙ্কার চোরাস্রোতও আছে। টানা দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় নির্ভরযোগ্য স্ট্রাইকার নিপুকে আজ পাওয়া যাবে না। নিপুর জায়গায় রনি বা মিরাজের খেলার সম্ভাবনা আছে।
সুইমিংপুলের এক কোণে কাল মুখ শুকনো করে বসে ছিল নিপু। দুঃসংবাদটা তার জানাই ছিল, ‘খেলতে না পারলেও আক্ষেপ নেই। শুধু কষ্ট লাগছে সাদের জন্য। আমাদের বোঝাপড়াটা ভালো ছিল। তবে আমি না খেললেও চাইব দল যেন জেতে।’
টানা তিন ম্যাচ জিতে দাপটের সঙ্গে ফাইনালে বাংলাদেশ। এবার বাকি শুধু তুলির শেষ আঁচড়। আবারও ভারতকে হারাতে প্রত্যয়ী কোচ জিলানী, ‘শক্তির বিচারে ভারত ও বাংলাদেশ সমান। তাদের মোটেও খাটো করে দেখছি না। তবে মানসিকভাবে আমরাই এগিয়ে। কারণ নিজেদের মাঠ, নিজেদের দর্শক। সুযোগগুলো কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন হতে চাই।’
সেমিফাইনাল জয়ের নায়ক সাদও প্রস্তুত আজকের ম্যাচের জন্য, ‘শেষ ভালো যার সব ভালো তার। ভারতকে হারিয়ে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি। ইনশা আল্লাহ, এবারও আমরাই জিতব।’ পরশু জয়সূচক গোলটি করে সিলেটবাসীর প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে ঘরের ছেলে সাদ, ‘এটা সত্যি, আমি সবার প্রত্যাশা বাড়িয়ে দিয়েছি। ভয়ে ফোন খুলতে পারি না। প্রচুর ফোন আসছে। সবাই চায় ফাইনালেও যেন আমি গোল করি। দলকে চ্যাম্পিয়ন করে মাঠ ছাড়ি।’
কাল সংবাদ সম্মেলনে কথাবার্তায় বেশ সতর্ক ছিলেন ভারতের কোচ বিতান সিং। বাংলাদেশের কাছে হারের যন্ত্রণা যেন এখনো লেপ্টে আছে এই মণিপুরি কোচের চেহারায়। শিরোপা জয়ের লক্ষ্যে সতর্ক হয়েই নামতে চান তিনি শেষ লড়াইয়ে, ‘গ্রুপ পর্বে যেহেতু আমরা তাদের কাছে হেরেছি, তাই ফাইনালে আরও সতর্ক হয়ে নামব। আমরা সহজে ছেড়ে দেব না।’
এক যুগ আগে সাফ চ্যাম্পিয়ন হয়ে সারা দেশকে আনন্দে ভাসিয়েছিল জাতীয় দল। ২০০৩ সালের পর ২০১৫—সে রকমই একটি দিন ফিরিয়ে আনার প্রতিজ্ঞাই যেন খেলা করছে ছোটদের চোখেমুখে।