উৎসবের আবহে শঙ্কার চোরাস্রোত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের মতো না হোক, ইউরো ফুটবলের জৌলুশ একেবারে কম নয়। তার ওপর এ বছর ইউরো ফিরছে আঁতুড়ঘর ফ্রান্সে। অমরাবতী প্যারিসের উৎসবের সাজেই সাজার কথা। উৎসবের প্রস্তুতি অবশ্য চলছে, কিন্তু উদ্বেগ-আশঙ্কার একটা চোরাস্রোতও ভালোই টের পাওয়া যাচ্ছে। আজ রোমানিয়ার সঙ্গে ফ্রান্সের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরুর আগে মাঠের বাইরের ব্যাপার-স্যাপারও আছে তুমুল আলোচনায়।
আইএসের হামলায় নিহত প্রাণের রক্তের দাগ এখনো প্যারিসের রাজপথ থেকে পুরোপুরি শুকোয়নি। ইউরো সন্ত্রাসবাদীদের হামলার লক্ষ্যবস্তু হতে পারে—অনেক আগে থেকেই ফ্রান্সকে ঘিরে আছে এই আশঙ্কা। জার্মানির জেরোম বোয়াটেং যেমন এই আশঙ্কায় পরিবারকে ফ্রান্সে নিয়ে আসছেন না। প্রকৃতিও হঠাৎ করে বৈরী। অতিবৃষ্টিতে সিন নদীতে প্লাবন, বন্যায় ঘটেছে প্রাণহানি। চলছে শ্রমিক ধর্মঘট। ইউরোর বিরুদ্ধে কেমন যেন ‘জোটবদ্ধ’ এক ষড়যন্ত্র চলছে ‘মানুষ ও প্রকৃতি’র!
তবে মাঠের খেলা শুরু হলে নির্ঘাত সবকিছু আড়ালে গিয়ে দৃষ্টিসীমায় থাকবে শুধু ফুটবল। আর ১০ জুলাইয়ের ফাইনাল শেষে ট্রফিটা অধিনায়ক হুগো লরিসের হাতেই দেখতে চাইবে ফ্রান্স। কিন্তু সেই পথে ফ্রান্স ইতিহাসের রক্তচক্ষুও তো দেখে! ৩২ বছর ধরে স্বাগতিকদের কাছে ইউরো দুর্বোধ্য এক ধাঁধা, নিজেদের মাঠে কেউই ইউরো জিততে পারেনি। তবে ইতিহাস ফরাসিদের আবার অনুপ্রাণিতও করে। ১৯৮৪ সালে ঘরের মাঠে ইউরো জয়ের সর্বশেষ কীর্তি তাদেরই—শিরোপা জিতেছিল প্লাতিনির ফ্রান্স। সেই কীর্তির ১৬ বছর পর আবারও বিজয়ী ফ্রান্স—২০০০ সালে অধিনায়ক দিদিয়ের দেশমের হাত ধরে আবারও তারা ইউরোপ-সেরা। তার ১৬ বছর পর দেশম যখন কোচ, ইউরো ফিরবে তাদের ঘরে?
ফ্রান্স দলটার সেই সম্ভাবনা পুরোপুরিই আছে। কেলেঙ্কারিতে জড়িয়ে করিম বেনজেমা নেই, চোট খেলতে দিচ্ছে না রাফায়েল ভারানেকেও। কিন্তু দেশমের হাতে আছে অনেক বিকল্প। পগবা, গ্রিজমান, মাতুইদি, মার্শিয়ালরা এরই মধ্যে নিজেদের প্রমাণ করেছেন।
ফ্রান্সের পথে সবচেয়ে বড় বাধা বলতে জোয়াকিম লোর জার্মানির নামটাই আসবে আগে। বিশ্বকাপ-ইউরোর ‘ডাবল’ জয়ের এমন সুযোগ জার্মানি আবার কবে পাবে বলা যায় না! মিরোস্লাভ ক্লোসা, ফিলিপ লামদের বাদ দিলে বিশ্বকাপের ওই দলের অনেকেই ইউরোতে আছেন। ২০ বছর ধরে অধরা শিরোপাটা নিশ্চয়ই জিততে চাইবে জার্মানি!
অথচ যে দলটা হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে, তাদের নিয়ে ততটা আলোচনা নেই। ২০০৮ ও ২০১২ সালের পর স্পেন এবারও ইউরো জিততে পারে। যদিও পালাবদলের মধ্য দিয়ে যাওয়া দলকে নিয়ে ভিসেন্তে দেল বস্ক নিজেই যেন ততটা উচ্চকিত নন। এই দলের কিছু দুর্বলতা আছে—স্পেন কোচ সেটা নিজ মুখেই স্বীকার করেছেন। জাভি-তোরেসরা নেই, পুরোনো পিকে, বুসকেটসদের সঙ্গে তরুণ মোরাতারা কি কিছু করতে পারবেন?
এই ‘কিছু করতে পারার’ গুঞ্জনটা ইংল্যান্ডকে নিয়েই বেশি শোনা যায়। কিন্তু প্রতিবারই শেষ পর্যন্ত হাঁকডাকই সার হয় ইংলিশদের। এবার রয় হজসনের ইংল্যান্ডে নতুনের আবাহন, ব্রিটিশ প্রচারমাধ্যমের অত শোরগোলও নেই। অধরা ইউরোটা কি তাদের হবে এবার?
পিরলো, ভেরাত্তি, মার্কিসিওবিহীন আন্তোনিও কন্তের ইতালি বেশ খর্বশক্তির। কিন্তু বড় আসরে ইতালি কী করতে পারে, সেটি গতবারের ইউরোতেই তা দেখিয়েছে। ভাঙাচোরা দল নিয়ে বিশ্বকাপ জয়ের কীর্তিও আছে তাদের!
ওদিকে তিনবারের ফিফা-ব্যালন ডি’অরজয়ী ক্রিস্টিয়ানো রোনালদো নিশ্চয়ই দেশের হয়ে কিছু একটা জিততে আকুল থাকবেন। টুর্নামেন্টের ‘কালো ঘোড়া’ হয়ে উঠতে পারে ফিফা র্যাঙ্কিংয়ে ইউরোপ-সেরা বেলজিয়াম। নাকি ডেনমার্ক, গ্রিসের মতো অন্য কোনো দল এবার লিখে ফেলবে আরেকটি রূপকথা?
এক মাস পরই উত্তর মিলবে সব প্রশ্নের।

নাম তার ভিক্টর
সুপারম্যানের সাজের এই খুদে সুপারহিরোর নামটাও দারুণ, সুপার ভিক্টর! এবারের ইউরোর মাসকট।

ভাইদের ইউরো
রেকর্ড চার জোড়া ভাই অংশ নিচ্ছে এবারের ইউরোতে । ২০০০ সালেও চূড়ান্ত পর্বে খেলেছেন চার জোড়া ভাই। এবার বেলজিয়াম দলে সুযোগ পেয়েছেন জর্ডান ও রোমেলু লুকাকু, উত্তর আয়ারল্যান্ডে কোরি ও জনি ইভানস, রাশিয়ায় ভাসিলি ও আলেক্সেই বেরেজুতস্কি। তবে জাকা ভাইয়েরা খেলছেন দুই দলে, তাওলান্ত আলবেনিয়ায় ও গ্রানিত সুইজারল্যান্ডের হয়ে। দুই দল আবার পড়েছে একই গ্রুপে।