উৎসবের দেশ পর্তুগাল

মহাকাব্যিক! চিরন্তন! গর্বিত!
শিরোনামগুলোই বলে দিচ্ছে পর্তুগিজ সংবাদমাধ্যমগুলো এখন আছে আনন্দের সপ্তম চুড়োয়। প্রথমবারের মতো ফুটবলের কোনো বড় শিরোপা ধরা দিল হাতে। তাও এমনই এক নাটকীয় ফাইনালের মধ্য দিয়ে, এমন শিরোনাম না হলেই তো বরং উল্টো খবর করতে হতো, ‘ইতিহাস গড়েও নিরাবেগ পর্তুগাল, আবেগে বাঁধ দিয়ে শিরোপা উদ্যাপন রোনালদোদের!’
না, পর্তুগিজরা আবেগে কোনো বাঁধ-টাধ দেননি। একদম হৃদয় উজাড় করেই নেমেছেন শিরোপা উৎসবে। ক্রিস্টিয়ানো রোনালদো, নানি ও পেপেদের বহন করা বিমানটি লিসবন বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করতে না করতেই জাতীয় পতাকার দুই রং মেরুন ও সবুজ রঙের পানি ছিটিয়ে বরণ করে নেওয়া হলো। তাঁদের স্বাগত জানাতে আসা হাজারো মানুষকে ট্রফির সুবাস দিতে দিতে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে ছুটলেন ইউরোজয়ীরা। সেই ইউরোর ট্রফিকে হাতের কাছে পেয়ে সব ভাবগাম্ভীর্য ভুলে ছেলেমানুষি আনন্দে মাতলেন পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা। উৎসবে ভাসছে পুরো পর্তুগাল!

অবশ্য পরশু রাত থেকেই উৎসবে মেতেছে দেশটি, সঙ্গী সারা বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পর্তুগিজরা। এডারের গোলের পর উৎকণ্ঠিত ১১ মিনিট পার হতেই পর্তুগালের রাস্তায় বিজয় উৎসবে মেতে ওঠেন সবাই। এ উৎসব আটকে থাকেনি শুধু সেখানেই। সুদূর অস্ট্রেলিয়ার সিডনি কিংবা উত্তর আয়ারল্যান্ডের ডানগ্যাননের রাস্তায়ও নেমে এসেছিলেন পর্তুগিজরা।
ডানগ্যাননের রাস্তায় উৎসবরত এক পর্তুগিজ তো কাল কথাই বলতে পারছিলেন না বিবিসির সঙ্গে, ‘গত রাতে আমি পাগলের মতো লাফিয়েছি, উন্মাদের মতো দৌড়েছি, চিৎকার করেছি। আজ আমার গলাই ভেঙে গেছে। তবে এটা কোনো সমস্যা না।’ আসলেই তো, দেশের এমন সাফল্যের মুহূর্তে সামান্য গলা ভাঙায় কীই-বা আসে-যায়! তাঁর মতো এমন প্রবাসী পর্তুগিজরাই তো পরশু স্তাদ দো ফ্রান্সে গলা ফাটিয়েছেন। চোটের কারণে রোনালদো মাঠ ছেড়ে উঠে যাওয়ার পরও তাঁরা মনোবল হারাননি, উল্টো দলকে উৎসাহ দিয়ে শিরোপা জিতিয়ে এনেছেন।
রোনালদো নিজেও এই সমর্থকদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে নিলেন উৎসবের মাঝেই, ‘এই ট্রফি সব পর্তুগিজের জন্য, সব প্রবাসীর জন্য। যাঁরা আমাদের ওপর বিশ্বাস রেখেছেন। এমন ফাইনাল আমি চাইনি, তবু আমি খুব খুশি, আমি গর্বিত।’
রোনালদো তো গর্বিত হবেনই, এমন উৎসবের মুহূর্ত পর্তুগিজদের উপহার দিলেন তো তাঁরাই! এএফপি।