উৎসবের মঞ্চে জয়ের তাড়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবলারদের উদ্বুদ্ধ করতে সিলেটে ছুটে গেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। মালয়েশিয়ার সঙ্গে উদ্বোধনী ম্যাচ জিততে মামুনুলদের ৩০ লাখ টাকা পুরস্কারের ঘোষণাও দিলেন তিনি। কাল সিলেটের একাডেমি মাঠে l শামসুল হক
ফুটবলারদের উদ্বুদ্ধ করতে সিলেটে ছুটে গেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। মালয়েশিয়ার সঙ্গে উদ্বোধনী ম্যাচ জিততে মামুনুলদের ৩০ লাখ টাকা পুরস্কারের ঘোষণাও দিলেন তিনি। কাল সিলেটের একাডেমি মাঠে l শামসুল হক

নাজিরুল নাঈমের মধ্যে এখনো যেন কৈশোরসুলভ চপলতা। মুঠোফোন টিপতে টিপতে সংবাদ সম্মেলনে এলেন মালয়েশিয়ার অধিনায়ক। অনেকটাই ভাবলেশহীন। সিলেট শহরে ছড়িয়ে পড়া বঙ্গবন্ধু কাপের উত্তেজনা স্পর্শ করেনি এই তরুণকে।
মালয়েশিয়ার অন্য খেলোয়াড়দেরও একই অবস্থা। দু-তিনজনের এখনো ঠিকমতো গোঁফও ওঠেনি। এমন তরুণদের কাছে বঙ্গবন্ধু গোল্ডকাপটা রোমাঞ্চকর হওয়াই উচিত। কিন্তু এটা মালয়েশিয়ার কাছে এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের প্রস্তুতিরই উপলক্ষ। খেলোয়াড়দের গড় বয়স ২০ বছর ১৬৩ দিন। এটিকে মাহাথির মোহাম্মদের দেশের অনূর্ধ্ব-২৩ বলা হলেও আদতে অনূর্ধ্ব-২১!
এমন তরুণ প্রতিপক্ষকে আজ হারাতে পারলে ৩০ লাখ টাকা পুরস্কার পাবে বাংলাদেশ দল! বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কাল সিলেট বিকেএসপিতে দলের অনুশীলনে গিয়ে দিয়েছেন ঘোষণাটা! অনেকেরই চোখ ছানাবড়া এটা শুনে। শুধু তা-ই নয়, টুর্নামেন্টে একেকটা ম্যাচ জিতলেই বড় অঙ্কের অর্থ পুরস্কারের কথাও জানিয়ে দিয়েছেন সালাউদ্দিন। ফাইনালে গেলে তিনি যে কী করবেন, কে জানে! একেকজনকে বাড়ি-গাড়িও দিয়ে দিতে পারেন।
সালাউদ্দিনের এমন অবাক করা ঘোষণা উজ্জীবনী শক্তি কয়েক গুণ বাড়ানোর কথা খেলোয়াড়দের। ঘোষণা না দিলেও জয়টা থাকত খুবই কাঙ্ক্ষিত। এখন তো অনেকে বলছেন, আজ বিকেল পাঁচটায় সিলেট স্টেডিয়ামে শুরু ম্যাচে ২-৩ গোলেই বাংলাদেশের জেতা উচিত। ৩০ লাখ টাকা পুরস্কার বলে কথা!
এটা ঠিক, মালয়েশিয়ার ফুটবল বাংলাদেশের চেয়ে এগিয়ে। কিন্তু গত বছর মালয়েশিয়া জাতীয় দলের সঙ্গে তাদেরই মাটিতে প্রীতি ম্যাচে ১-১ ড্র করেছে বাংলাদেশ। সে দেশের যুব দল তাই আজ ঘরের মাঠে বাধা হওয়ার তো কথা নয়।
কিন্তু বাংলাদেশের সহকারী কোচ ও অধিনায়ক কাল সংবাদ সম্মেলনে এসে মুখ ফুটে বলেননি, ‘আমরা জিতবই।’ ‘ভালো কিছুর আশা করছি,’ ‘শুভসূচনা করতে চাই’...এই বাক্যগুলোই ঘুরেফিরে এসেছে তাঁদের কণ্ঠে। তবে এটা হতে পারে প্রতিপক্ষকে সমীহ করে হাঁটার চিরায়ত কৌশল।
সেই কৌশলপ্রণেতা লোডভিক ডি ক্রুইফের নাকি দাঁতে ব্যথা। সকালের নাশতা বা মধ্যাহ্নভোজেও থাকেননি দলের সঙ্গে। আসেননি টিম হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনেও। মানুষটা ডি ক্রুইফ বলে এ নিয়ে রহস্যের গন্ধ অনেকেরই নাকে লাগল। বিকেলের অনুশীলন সেশনে তাঁর উপস্থিতি অবশ্য রহস্যটাকে আর বাড়তে দেয়নি।
‘বাংলাদেশ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চায়’, ‘প্রথম লক্ষ্য সেমিফাইনাল’—ডি ক্রুইফের মুখে গত কদিনে কথাগুলো অনেকবারই শোনা গেছে। সেটিরই ধারাবাহিকতায় সংবাদ সম্মেলনে সহকারী কোচ সাইফুল বারী তুলে আনলেন আরেকটি দিক, ‘খেলার যে ধরন নিয়ে আমরা গত এক বছর কাজ করেছি, সেটিকে পূর্ণতা দিয়ে মাঠে নিজেদের তুলে ধরতে চাই আমরা।’
বাংলাদেশ দল এখন খেলে বিল্ডআপ ফুটবল, দ্রুত আক্রমণ, নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া, দ্রুত রক্ষণে নামার কৌশলে। এটা ঠিকঠাক হলে জয় আসবে এমন বিশ্বাস কোচ-খেলোয়াড়দের।
প্রতিপক্ষ সম্পর্কে বাংলাদেশের ধারণা শুধু এতটুকুই, ওরা সিঙ্গাপুর লিগে খেলে। কেমন খেলে, দলটির বড় তাস কারা, এসব অজানা। দলটি যে ৪-৩-২-১ ছকে খেলে সেটিও জানা নেই। মালয়েশিয়ার অচেনা তরুণেরা উল্টো ফণা তুলবে না, সেটা কে বলতে পারে!
অধিনায়ক মামুনুল ইসলাম সব দিকে ভেবে বললেন, ‘প্রথম ম্যাচটা খুবই গুরত্বপূর্ণ। সেমিফাইনালে যেতে হলে আমাদের ভালো সূচনা করতেই হবে।’
মালয়েশিয়া দলটাকে কিন্তু নির্ভার দেখাচ্ছে। কোচ বাজিপ ইসমাইল ১৯৮৩ ঢাকায় প্রেসিডেন্ট কাপে খেলেছেন। সেই স্মৃতি উঠে এল সাবেক খেলোয়াড়ের কথায়, ‘তখন ঢাকায় এত জমজমাট টুর্নামেন্ট হয়েছে যা কোনো দিন ভুলব না।’ এই যুব দলটিকে নিয়ে তাঁর প্রত্যাশার বেলুন বেশ ছোটই, ‘ফাইনালে উঠলে খুশি হব। তবে ফল আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের প্রস্তুতি নিতেই আমরা এসেছি।’
মালয়েশিয়ার যুবদলটি সর্বশেষ সিঙ্গাপুর লিগে ১২ দলে দ্বাদশ হয়েছে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড লিগেও খেলে তারা। সম্প্রতি পাঁচটি অনুশীলন ম্যাচের চারটি খেলেছে দেশে বিভিন্ন ক্লাবের সঙ্গে—তিনটি ড্র, একটি জয়। ইরানের একটা দলের কাছে হেরেছে ৫-০ গোলে।
মামুনুলদের জন্য তথ্যটা প্রেরণাদায়ীই। সিলেটে মাঠভরা দর্শকের সমর্থন যোগ করলে জয়ই শেষ কথা হওয়া উচিত। ওহ্, ৩০ লাখ টাকা বোনাসও তো আছে!

বঙ্গবন্ধু কাপের সূচি
গ্রুপ ‘এ’
বাংলাদেশ, মালয়েশিয়া, শ্রীলঙ্কা।
গ্রুপ ‘বি’
বাহরাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড।

সিলেট পর্ব
২৯ জানুয়ারি বাংলাদেশ-মালয়েশিয়া
৩০ জানুয়ারি সিঙ্গাপুর-থাইল্যান্ড
৩১ জানুয়ারি মালয়েশিয়া-শ্রীলঙ্কা

ঢাকা পর্ব
১ ফেব্রুয়ারি বাহরাইন-সিঙ্গাপুর
২ ফেব্রুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কা
৩ ফেব্রুয়ারি বাহরাইন-থাইল্যান্ড

সেমিফাইনাল
৫ ফেব্রুয়ারি (সিলেট)
গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘বি’ রানার্সআপ

৬ ফেব্রুয়ারি (ঢাকা)
গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘এ’ রানার্সআপ

ফাইনাল
৮ ফেব্রুয়ারি (ঢাকা)
* সব ম্যাচই শুরু বিকেল পাঁচটায়