উড়ছে ওয়েলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেল ও তাঁর দলবলের স্তুতিতে ওয়েলস কোচ ক্রিস কোলম্যান কোনো বাধ মানলেন না। পরশু রাশিয়ার বিপক্ষে ম্যাচ শেষে প্রশংসায় ভাসালেন সবাইকে, ‘আমি খুশি যে আমি ও আমার কোচিং স্টাফ এই দলের অংশ হতে পেরেছি।’ অন্য কোনো দিন কোচের এমন কথাবার্তা আদিখ্যেতা বলেই মনে হতো। কিন্তু রাশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর কোলম্যানের কথাটি মেনে নিতেই হচ্ছে।
গোল পেয়েছেন গ্যারেথ বেল, অ্যারন রামসে, নিল টেলর। তারপরও বলতে হয়, গোল একটু কমই হয়েছে। রাশিয়াকে নিয়ে তো রীতিমতো খেলেছেন বেল-রামসে-জো অ্যালেনরা! বেলের কথাতেও সেই উচ্ছ্বাস, ‘জাতীয় দলের হয়ে আমাদের সেরা পারফরম্যান্সের একটি এটি। রাশিয়া খারাপ খেলেনি, তবে আমরা অনেক বেশি ভালো খেলেছি। ইংল্যান্ড ম্যাচের পরই সিদ্ধান্ত নিয়েছিলাম আরও বেশি সময় বল আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আজ (পরশু) তা-ই করেছি।’
প্রথম গোলদাতা রামসে পুরো টুর্নামেন্টেই নিজেদের খেলা নিয়ে তৃপ্ত, ‘এ রকম একটি প্রতিযোগিতায় খেলার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি। অবশেষে এখানে এসেছি। মাঠ থেকে সমর্থকদের গান শোনা যাচ্ছিল, তাঁদের গর্বিত করতে পেরেছি আমরা।’
রাশিয়াকে হারিয়ে ইংল্যান্ডকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পা রেখেছে ওয়েলস। বেলের কাছে এটা প্রত্যাশার চেয়েও বেশি কিছু। তবে এখানেই না থেমে তাঁরা এগিয়ে যেতে চান আরও, ‘গ্রুপ-সেরা হওয়াটা বোনাস পাওয়া। আমরা বলেছিলাম, শুধু অংশ নিতে আসিনি। যা পেয়েছি এর চেয়ে বেশি কিছু পাওয়া সম্ভব নয়। আমরা অবশ্যই মুহূর্তটি উপভোগ করব কিন্তু কাল থেকে পরের ম্যাচের প্রস্তুতি নেব।’
কোচ কোলম্যানও দারুণ উপভোগ করছেন সময়টা। তবে তাঁর বিশ্বাস, বেলদের পক্ষে আরও অনেক কিছুই করা সম্ভব, ‘এই দলের কাছ থেকে আপনি আরও অনেক কিছু আশা করতে পারেন। ওরা এই প্রতিযোগিতাতেই থামবে না।’ আর সমর্থকেরা তো আছেনই বেলদের অনুপ্রেরণা দিতে, ‘ভৌগোলিকভাবে অনেক ছোট একটি দেশ কিন্তু আবেগের দিক থেকে আমরা মহাদেশের সমান। আজ যে সমর্থন পেয়েছি, এটি গর্ব করার মতো। জাতি হিসেবে আমরা গর্বিত।’ এএফপি।