উড়ন্ত বেল, আড়ালে রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই হাত দুই পাশে মেলে যেন উড়ছেন গ্যারেথ বেল। রিয়ালের জয়ে কাল বড় অবদান ছিল ওয়েলস উইঙ্গারের, করেছেন জোড়া গোল l রয়টার্স
দুই হাত দুই পাশে মেলে যেন উড়ছেন গ্যারেথ বেল। রিয়ালের জয়ে কাল বড় অবদান ছিল ওয়েলস উইঙ্গারের, করেছেন জোড়া গোল l রয়টার্স

আন্তর্জাতিক বিরতি চলার সময়টায় জিনেদিন জিদান প্রার্থনায় বসে যেতে পারেন, ‘আমার আগের রোনালদোকে ফিরিয়ে দাও!’
আগের রোনালদো মানে গোলমুখে বিশ্বের সবচেয়ে ভয়ংকর ফুটবলার রোনালদো। রিয়ালের প্রাণভোমরা রোনালদো। মৌসুমে এখন পর্যন্ত এমন বর্ণহীন ক্রিস্টিয়ানো রোনালদো নয়।
এমন নয় যে রিয়াল হেরেছে। আন্তর্জাতিক বিরতির আগে গতকালই লিগে শেষ ম্যাচটি খেলেছে জিদানের দল, তাতে ঘরের মাঠে লেগানেসকে হারিয়েছে ৩-০ গোলে। এই জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থানটাও আরেকটু পাকাপোক্ত করে নিয়েছে রিয়াল। তবু জিদানের একটু যদি হতাশা থেকে থাকে, সেটি রোনালদোকে ঘিরে। রিয়ালের সবচেয়ে উজ্জ্বল বাতিটিই যে এবার জ্বলছে মরিচাবাতির মতো করে।
রোনালদো অনুজ্জ্বল, তবে রিয়ালের স্বস্তি হয়ে এবার হাজার ওয়াট উজ্জ্বলতায় জ্বলে উঠছেন গ্যারেথ বেল। কাল প্রথমার্ধেই জোড়া গোল করেছেন ওয়েলশ ফরোয়ার্ড। ৩৮ মিনিটে ইসকোর দুর্দান্ত লব পাস পেয়ে লেগানেস গোলকিপারকে কাটিয়ে প্রথমটি। আর দ্বিতীয়টি প্রথমার্ধের যোগ করা সময়ে, ফ্রি-কিক থেকে বক্সে ভিড়ের মধ্যে ‘সুযোগসন্ধানী’ ক্ষমতা কাজে লাগিয়ে। রিয়ালের অন্য গোলটি আলভারো মোরাতার।
এই ম্যাচে জয়টা রিয়ালের জন্য ছিল ‘অবশ্যকর্তব্য’। আগের দিন রিয়াল সোসিয়েদাদের মাঠে ২-০ গোলে হেরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। কাল রাতে অন্য ম্যাচে মুখোমুখি হয়েছে অন্য দুই শিরোপাপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও সেভিয়া। লুইস এনরিকের দল সেখানে জিতলেও রিয়াল এগিয়ে থাকবে ২ পয়েন্টে।
আন্তর্জাতিক বিরতি থেকে ফিরে প্রথম ম্যাচটিই মাদ্রিদের দুই ক্লাবের। তার আগে সপ্তাহটা দুই রকম কাটল ক্লাব দুটির। অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনের কপালের ভাঁজই বেশি। শিরোপা লড়াইয়ে তো পিছিয়ে পড়েছেই, পরশু সোসিয়েদাদের মাঠে হারটি নিয়ে মৌসুমে প্রতিপক্ষের মাঠে সম্ভাব্য ১৮ পয়েন্টের মধ্যে মাত্র ৮ পয়েন্ট পেয়েছে অ্যাটলেটিকো। তবে রিয়ালের সঙ্গে ম্যাচটি ঘরের মাঠে বলেই কি না, একটা বড় হুমকিই দিয়ে রাখলেন অ্যাটলেটিকো ডিফেন্ডার হুয়ানফ্রান, ‘আমি নিশ্চিত, রিয়ালের বিপক্ষে আমরা জিতব।’
হুমকিটার দাঁতভাঙা জবাব দিতেও হয়তো ‘আগের রোনালদো’কে দরকার হবে জিদানের। মার্কা।