উড়ন্ত রিয়াল আর মরিয়া বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন রক্ষণবৃত্তেও কি আটকানো যাবে রোনালদোকে (বাঁয়ে)? মেসি-সুয়ারেজ-নেইমাররা অবশ্য কিছুদিন ধরে বন্দী ছন্দপতনের বৃত্তে। বার্সার লিগ জয়ের আশা বাঁচাতে হলে এমএসএন ত্রয়ীকে আজ জ্বলে উঠতেই হবে একসঙ্গে l এএফপি
এমন রক্ষণবৃত্তেও কি আটকানো যাবে রোনালদোকে (বাঁয়ে)? মেসি-সুয়ারেজ-নেইমাররা অবশ্য কিছুদিন ধরে বন্দী ছন্দপতনের বৃত্তে। বার্সার লিগ জয়ের আশা বাঁচাতে হলে এমএসএন ত্রয়ীকে আজ জ্বলে উঠতেই হবে একসঙ্গে l এএফপি

ন্যু ক্যাম্প। বার্সেলোনার ড্রেসিংরুম। ম্যাচের আগে শেষবারের মতো মেসি-নেইমারদের কানে মন্ত্র পড়ে দিচ্ছেন লুইস এনরিকে। বার্সেলোনা কোচ একটা সমীকরণই শুধু মনে করিয়ে দিচ্ছেন খেলোয়াড়দের, ‘মনে রেখো, জিতলে ব্যবধান হবে ৩ পয়েন্ট, হারলে নয়।’
কল্পিত এই দৃশ্যটা বাস্তবও তো হতে পারে! এল ক্লাসিকোতে আজ রাতে রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলতে নামার আগে একটা হিসাবই করার কথা বার্সেলোনার। বার্সার চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে সবার ওপরে জিনেদিন জিদানের দল। আজ জিতলে রিয়াল এগিয়ে যাবে ৯ পয়েন্টে, বার্সা জিতলে পয়েন্ট ব্যবধানটা কমে আসবে তিনে।
এল ক্লাসিকো নিয়ে একটা কথা সব সময় বলা হয়, ‘এটা শুধুই ৩ পয়েন্টের ম্যাচ নয়।’ তা ঠিক, এই ম্যাচের সঙ্গে জড়িয়ে দুটি দলের ঐতিহাসিক ‘শত্রুতা’ ও অহংয়ের লড়াই। তবু শুরুতেই পয়েন্টের অঙ্ক নিয়ে আসা, কারণ আজ সবকিছু ছাপিয়ে এই একটা হিসাবই বড় হয়ে উঠছে। এমনকি লিগ শিরোপার ভাগ্যলিখনও হতে পারে এই ম্যাচ। বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকের কথাই সেটির প্রমাণ, ‘শনিবারের ম্যাচটা মাদ্রিদের চেয়ে আমাদের জন্য অনেক বেশি বাঁচা-মরার। ওরা হারতে পারে, আমরা না।’
১৩ ম্যাচ শেষে এনরিকের দলের পয়েন্ট মাত্র ২৭—গত নয় বছরের মধ্যে কোনো মৌসুমে সবচেয়ে বাজে শুরু। আর বার্সার যখন এই অবস্থা, রিয়াল আছে পুরো অন্য মেরুতে। সর্বশেষ ৩২টি ম্যাচেই অপরাজিত জিদানের দল।
দুই দলের বিপরীত অবস্থানই ম্যাচটিতে দিচ্ছে ঠিক নয় মাস এক দিন আগের গল্পের স্বাদ। বদলেছে শুধু দৃশ্যপটটা। ২ এপ্রিল ন্যু ক্যাম্পে যখন দুই দল নেমেছিল লড়াইয়ে, বার্সেলোনা টানা ৩৯ ম্যাচে ছিল অপরাজিত। সেবার ২-১ গোলে জিতেছিল রিয়াল।
এবার বার্সার মতো অবস্থানে রিয়াল, কিন্তু গল্পের শেষটা কেমন হবে জিদানের দলের?

দুই দলের অবস্থা
গ্যারেথ বেল, টনি ক্রুস নেই। তবে রিয়ালের জন্য খুশির খবর, চোট কাটিয়ে গত বুধবার স্প্যানিশ কাপের ম্যাচেই ফিরেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো। ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে নিয়ে জিদান ফিরে যেতে পারেন ৪-৩-৩ ফর্মেশনে। মিডফিল্ডে তাঁর সঙ্গে লুকা মডরিচ ও মাতেও কোভাচিচ। আক্রমণে ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে থাকতে পারেন করিম বেনজেমা, আর বেলের জায়গায় লুকাস ভাসকেজ।
বার্সেলোনার স্বস্তি, ফিরতে পারেন আন্দ্রেস ইনিয়েস্তা। গত অক্টোবরে হাঁটুতে চোট পাওয়া স্প্যানিশ মিডফিল্ডার কয়েক দিন হলো অনুশীলনে ফিরেছেন। বার্সেলোনার ফর্মের পড়তির পেছনে ইনিয়েস্তার না থাকাটাকেও অনেকে দেখছেন বড় কারণ হিসেবে। চোট কাটিয়ে ফিরতে পারেন দুই ডিফেন্ডার জর্ডি আলবা ও স্যামুয়েল উমতিতি। নিষেধাজ্ঞার কারণে লিগের সর্বশেষ ম্যাচে বাইরে থাকা লুইস সুয়ারেজও দলে ফিরছেন আজ।

মেসি-ম্যাজিক, না রোনালদো–ফ্যাক্টর?
এল ক্লাসিকো নিয়ে কথা হবে আর তাঁরা দুজন থাকবেন না, তা কী করে হয়? বার্সেলোনার ফর্ম যতই অধারাবাহিক হোক, লিওনেল মেসি আছেন তাঁর মতোই। অক্টোবরের মাঝামাঝি চোট কাটিয়ে ফেরার পর আট ম্যাচের সাতটিতেই গোল করেছেন। সব মিলিয়ে লিগ ও চ্যাম্পিয়নস লিগে ১০ ম্যাচে ১৮ গোল। রোনালদোই বা কম কী? এল ক্লাসিকো উপলক্ষেই কিনা মৌসুম শুরুর অধারাবাহিকতা ঝেড়ে ফেলেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিকসহ সর্বশেষ তিন ম্যাচে ৫ গোল।

কোচ উবাচ
এটা পরিষ্কার আমাদের আরও উন্নতি করতে হবে। আমাদের ধারাবাহিকতা নেই। তবে দয়া করে ব্যাপারটিকে অতিরঞ্জিত করবেন না। বার্সায় আমার প্রথম মৌসুমেও আপনারা (সংবাদমাধ্যম) শুরুতে সমস্যাগুলোকে বাড়িয়ে বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আমরা ট্রেবল জিতেছি

লুইস এনরিকে
লুইস এনরিকে

লুইস এনরিকে, কোচ, বার্সেলোনা
ফল নিয়ে ভাবছি না। শুধু ম্যাচের জন্য ভালোভাবে তৈরি হওয়ার কথাই ভাবছি এখন। ফল যা-ই হোক, এটাই কোনো কিছু নির্ধারণ করে দেবে না
জিনেদিন জিদান, কোচ, রিয়াল মাদ্রিদ

জিনেদিন জিদান
জিনেদিন জিদান

নাচবে-গাইবে ন্যু ক্যাম্প
ইউরোপের সবচেয়ে বড় স্টেডিয়াম ন্যু ক্যাম্পের দর্শক ধারণক্ষমতা প্রায় ৯৯ হাজার। তবু বার্সেলোনার স্টেডিয়ামটি নিয়ে সমালোচনা—মেসিরা যেমনই খেলুন, এটির আবহটা ঠিক গমগমে থাকে না। তবে এ মৌসুমে এল ক্লাসিকোতে বার্সার সমর্থক গোষ্ঠী ‘সেগুইমেন্টএফসিবি’ পুরো ৯০ মিনিট নেচে-গেয়ে আবহটাকে প্রাণবন্ত করে রাখবেন বলে ঘোষণা দিয়েছেন। সমর্থক গোষ্ঠীর প্রধান চার্লেস অর্দিয়ালেস বলেছেন, ‘ন্যু ক্যাম্প কখনোই খুব গমগমে স্টেডিয়াম ছিল না। কাতালান মানুষদের চরিত্রই এমন, খুব বেশি উৎসবমুখর তাঁরা নন, তাঁদের উত্তেজিত করার উপলক্ষটাও তেমন হতে হয়।’
এল ক্লাসিকো তো ঠিক তা-ই।
৮ হাজার ৮০০ কোটি!
ফুটবলের রোমাঞ্চ যেমন আছে, তেমনি এল ক্লাসিকোতে আছে অর্থের খেলও। যেন বিলিয়ন ইউরোর ম্যাচ। আজকের ম্যাচই দেখুন, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার স্কোয়াডের মিলিত দাম প্রায় ১০৪ কোটি ৯০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৮০০ কোটি টাকা।
রিয়ালের স্কোয়াডের দামই প্রায় ৬১ কোটি ইউরো। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য খরচ ৯ কোটি ৪০ লাখ ইউরো, গ্যারেথ বেলের জন্য ১০ কোটি, আর রদ্রিগেজের জন্য ব্যয় ৮ কোটি।
যুব একাডেমির সৌজন্যে মেসি-ইনিয়েস্তাদের বলতে গেলে কিনতেই হয়নি বার্সাকে। তারপরও অবশ্য কম টাকা ঢালছে না কাতালান ক্লাবটিও। লুইস সুয়ারেজের জন্যই খরচ করেছে ৮ কোটি ১০ লাখ ইউরো। কিছুটা ধোঁয়াশা থাকলেও নেইমারের দলবদল অঙ্কটাও বিশাল—প্রায় ৮ কোটি ৫৪ লাখ ইউরো। মার্কা।
এল ‘ফোরকে’ ক্লাসিকো
এবারই প্রথম অত্যাধুনিক সুপার জুম প্রযুক্তিসহ আটটি ‘ফোরকে আলট্রা এইচডি’ ক্যামেরায়ও (সবচেয়ে আধুনিক ভিডিওচিত্রের প্রযুক্তি) ধারণ করা হবে এল ক্লাসিকো।
১৮৫ দেশে ৬৫০ মিলিয়ন দর্শক দেখবেন ম্যাচটি। তা সেটির জন্য প্রস্তুতিও কম নয়। ওই আটটি ক্যামেরার বাইরেও স্টেডিয়ামজুড়ে ৩৭টি ক্যামেরা থাকবে। আলাদা দুটি ক্যামেরা থাকবে দুই কোচ লুইস এনরিকে ও জিনেদিন জিদানের ওপর। আর ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি তো আছেনই, তাঁদের ওপরও সার্বক্ষণিক থাকবে দুটি ক্যামেরা।

.
.

* মেসি এল ক্লাসিকোর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। নামের পাশে ২১ গোল।
* অবশ্য রিয়ালের বিপক্ষে গত পাঁচ ম্যাচে গোল পাননি মেসি।
* ন্যু ক্যাম্পের চেয়ে সান্তিয়াগো বার্নাব্যুতেই বেশি গোল মেসির। ২১ গোলের ১২টি (৫৭ শতাংশ) রিয়ালের মাঠে।
* শুধু গোল করে নয়, করাতেও মেসি এগিয়ে। ৩২ ম্যাচে ১৩টি অ্যাসিস্ট করেছেন।
* ২৫টি এল ক্লাসিকো খেলে মাত্র ৭ জয় পেয়েছেন রোনালদো।
* রোনালদো গোল করেছেন ১৬টি। মেসি ও তাঁর গোলগড় প্রায় সমান। ম্যাচপ্রতি রোনালদোর গোল দশমিক ৬৪ শতাংশ, মেসির দশমিক ৬৫ শতাংশ।