উড়ে গেল আমিরাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এমন উদ্যাপন বেশ কয়েকবারই করেছে বাংলাদেশের মেয়েরা। এই দৃশ্য ৫-০ হওয়ার পর। সানজিদা-বিপাশাদের উচ্ছ্বাস রইল ম্যাচ শেষেও। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এমন উদ্যাপন বেশ কয়েকবারই করেছে বাংলাদেশের মেয়েরা। এই দৃশ্য ৫-০ হওয়ার পর। সানজিদা-বিপাশাদের উচ্ছ্বাস রইল ম্যাচ শেষেও। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

কারও হাতে জাতীয় পতাকা। কেউ বাজাচ্ছেন বাদ্যযন্ত্র। অনেকের হাতেই খেলনা বাঘ। বঙ্গবন্ধু স্টেডিয়ামের হাজার পাঁচেক দর্শক কাল সারাক্ষণ উচ্ছ্বাসে মেতে রইল। এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবলের বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। কিশোরীদের এমন দাপুটে জয় দেখে পরিতৃপ্তি নিয়েই বাড়ি ফিরেছে সবাই।
প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের জালে ৯ গোল দিয়েছিল ইরান। কাল সেই আমিরাতকে কত বেশি ব্যবধানে হারাবে বাংলাদেশ, তা নিয়েই ম্যাচ শুরুর আগে প্রেসবক্সে যত জল্পনা। স্কোরলাইন ৬-০ হওয়ার পরও বাংলাদেশের মেয়েদের আক্ষেপ। সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক মণিকা চাকমা বলল, ‘আমরা অন্তত ১২ গোল দিতে চেয়েছিলাম।’
প্রতিযোগিতা শুরুর আগে এই একটি মাত্র দলকেই হারানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী। রক্ষা হলো সেই প্রতিশ্রুতি। এবার প্রত্যাশার পারদ আরও বাড়িয়ে দিল বাংলাদেশের কিশোরীরা। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৬ পর্যায়ে এটাই সর্বোচ্চ ব্যবধানে জয় লাল-সবুজের। চার বছর আগে জাতীয় মহিলা দল সাফ চ্যাম্পিয়নশিপে ৯-০ গোলে হারিয়েছিল ভুটানকে।
জর্ডানের সঙ্গে প্রথম ম্যাচে মাত্র ১ গোলে জেতে বাংলাদেশ। সেদিন যেখানে শেষ করেছিল, কাল সেখান থেকেই শুরু করেছিল সানজিদারা। গোটা ম্যাচে প্রাধান্য রেখে খেলেছে। আমিরাতের ডি-বক্সে মুহুর্মুহু ঢুকে আতঙ্ক ছড়িয়েছে কৃষ্ণা, সানজিদা, লিপি। যদিও একক চেষ্টায় গোল করতে গিয়ে তালগোল পাকিয়ে গেছে বেশ কয়েকবার। নইলে জয়ের ব্যবধানটা আরও বড় হতে পারত।
ম্যাচ শুরুর মিনিট পাঁচেকের মধ্যেই প্রথম গোল। কৃষ্ণার পাস থেকে বিপাশার টোকায় ১-০। ৯ মিনিটে আমিরাতের গোলরক্ষক দালাল আবদুল্লাহর মাথার ওপর দিয়ে পাঠিয়ে সানজিদা করল দ্বিতীয় গোল। ২১ মিনিটে রাজিয়ার শট লাগল ক্রসবারে। পরের মিনিটেই আবার দৃশ্যপটে ময়মনসিংহের মেয়ে সানজিদা। এবার তার প্লেসিংয়ে ৩-০। ৪৩ মিনিটে চতুর্থ গোল, এটি করেছে কৃষ্ণা। ৬৮ মিনিটে কৃষ্ণার শট গোলরক্ষকের হাত ফসকে বেরিয়ে এলে সামনে দাঁড়ানো বিপাশা সুযোগ কাজে লাগিয়ে এনে দিল পঞ্চম গোল। শেষ মিনিটে ষষ্ঠ গোল লিপির।
টানা দ্বিতীয় জয়ে উচ্ছ্বসিত গোলাম রব্বানী বলছিলেন, ‘বাংলাদেশের মেয়েদের ফুটবলে এটা ইতিহাস। টানা দুই জয় পাওয়া দারুণ ব্যাপার। মাঠে শতভাগ উজাড় করে দিতে বলেছিলাম মেয়েদের। ওরা সেভাবেই খেলেছে।’ দুই ম্যাচে ৬ পয়েন্ট। কিন্তু চূড়ান্ত পর্বে যাওয়ার স্বপ্ন এখনই দেখতে রাজি নন কোচ, ‘মানসিকভাবে মেয়েরা এখন বেশ উজ্জীবিত। কিন্তু ভুলে যাচ্ছি না সামনের দুই প্রতিপক্ষই (ইরান ও ভারত) শক্তিশালী।’
হ্যাটট্রিক হতে পারত সানজিদার। হয়নি বলে মোটেও আফসোস নেই তার, ‘হ্যাটট্রিক হয়নি বলে খারাপ লাগছে না। দল জিতেছে এতেই খুশি।’
জয়ের আনন্দে আত্মহারা মেয়েরা ম্যাচ শেষে ছুটল গ্যালারির দিকে। পেল দর্শকের অকুণ্ঠ অভিনন্দন। আরেকটি আনন্দময় রাতই কেটেছে মণিকাদের।
ইরানের দ্বিতীয় জয়
বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও ভারতকে ২-১ গোলে হারিয়েছে ইরান। ১৩ মিনিটে প্রেমি চেরুর গোলে এগিয়ে গিয়েছিল ভারত। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফেরা ইরানকে ৭১ মিনিটে সমতায় ফেরায় হোসেনি। ৮৮ মিনিটে জয় নিশ্চিত করা গোলটিও এই মিডফিল্ডারের।
আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সংযুক্ত আরব আমিরাত খেলবে জর্ডানের সঙ্গে।