উড়ে গেল সিঙ্গাপুরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ম্যাচে বিধ্বস্ত হয়েছে ইরান। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েরা ৫-০ গোলে উড়িয়ে দিল সিঙ্গাপুরকে। এমন জয়ের পর কৃষ্ণা-আনুচিংদের উদ্‌যাপনটাও হলো মানানসই। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l শামসুল হক
প্রথম ম্যাচে বিধ্বস্ত হয়েছে ইরান। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েরা ৫-০ গোলে উড়িয়ে দিল সিঙ্গাপুরকে। এমন জয়ের পর কৃষ্ণা-আনুচিংদের উদ্‌যাপনটাও হলো মানানসই। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l শামসুল হক

ম্যাচ শেষে সিঙ্গাপুরের মেয়েরা মাঠেই কান্নায় ভেঙে পড়ল। ডাগআউটে বসা সতীর্থরাও বিষণ্ন। ততক্ষণে কৃষ্ণা, তহুরা, মার্জিয়ারা ছুটে গেছে ভিআইপি গ্যালারির দিকে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কালও জয়োৎসব করেছে বাংলাদেশ। স্কোরলাইন বলছে বাংলাদেশ ৫-০ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে। কিন্তু ম্যাচটি ১০-০ গোলে জিতলেও অবাক হওয়ার কিছু ছিল না!
‘সি’ গ্রুপে বাংলাদেশের জন্য ইরান ছিল সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ। ইরানের বিপক্ষে সহজেই জয় পাওয়ার পর আসলে বড় কোনো বাধাই হওয়ার কথা ছিল না সিঙ্গাপুর দলটি। তারপরও বাংলাদেশের মেয়েরা মনে মনে বেশ সতর্ক ছিল, জয়টা যাতে কোনোভাবে ফসকে না যায়। বাস্তবতা হচ্ছে, কৃষ্ণা-আনুচিংদের কাছে সিঙ্গাপুর একেবারে উড়েই গেল!
ইরানের ম্যাচের মতোই পুরোটা সময় দাপটে খেলেছে বাংলাদেশ। হাতে গোনা কয়েকবার শুধু বাংলাদেশের অর্ধে বল নিয়ে ঢুকেছে সিঙ্গাপুর। বাকিটা সময় বাংলাদেশের মেয়েদের পায়ে পায়ে ঘুরেছে বল। বল নিয়ে বারবার বক্সে ঢুকেছে স্বপ্না-কৃষ্ণা। কখনো ফাঁকা পোস্ট পেয়েও বাইরে পাঠিয়েছে, কখনো সিঙ্গাপুরের গোলরক্ষক নূর ইজাতির হাতে বল তুলে দিয়েছে। পুরো ম্যাচেই গোল নষ্টের মহড়ায় নেমেছিল যেন মেয়েরা!
তিন মিনিটেই প্রথম গোলটি পেতে পারত বাংলাদেশ। ফাঁকা পোস্ট পেয়েও স্বপ্না বল পাঠায় বাইরে! ১২ মিনিটে সানজিদার ক্রস থেকে পাওয়া বলে পা-ই ছোঁয়াতে পারেনি মার্জিয়া। অবশেষে ৩৯ মিনিটে গোলমুখ খোলে অধিনায়ক কৃষ্ণা। সানজিদার ক্রসে কৃষ্ণার হেডে এগিয়ে যায় বাংলাদেশ। ৪৭ মিনিটে আবারও কৃষ্ণার গোল, মাসুরার ক্রস থেকে চমৎকারভাবে বল রিসিভ করে আলতো টোকায় ২-০। বদলি আনুচিংয়ের সুযোগসন্ধানী গোলে ৩-০ হয় ৮৩ মিনিটে। তহুরার শট সিঙ্গাপুরের বদলি গোলরক্ষক লুৎফিয়া হান্নার হাত ফসকে বেরিয়ে গেলে ফিরতি বলে টোকা দেয় আনুচিং। ৮৬ মিনিটে জটলার মধ্যে পাওয়া বলে চমৎকার শটে ৪-০ করে মৌসুমী। ম্যাচের যোগ হওয়া সময় ছিল মাত্র এক মিনিট। ওই সময় আরও একটি গোল করে রাঙামাটির মেয়ে আনুচিং। তহুরার হেড থেকে আনুচিংয়ের বুদ্ধিদীপ্ত শটে দলের পঞ্চম গোল।
আগের দিনই সিঙ্গাপুরের কোচ চেন কাই ইং বাংলাদেশের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন। কাল তাই তাঁর মেয়েদের খেলিয়েছেন রক্ষণাত্মক কৌশলে। ‘গোল না দিলেও গোল খাব না’—এমনই ছিল পরিকল্পনা। কিন্তু ম্যাচের শেষ ১০ মিনিটে এসে দ্রুত ৩ গোল খেয়েছে সিঙ্গাপুর। ম্যাচ শেষে এর ব্যাখ্যা দিলেন কোচ, ‘রক্ষণ জমাট রাখার কৌশল নিয়ে খেলেছি। কিন্তু শেষ দিকে মেয়েরা ফিটনেস ধরে রাখতে পারেনি। এ জন্যই দ্রুত গোল হয়েছে।’ কাল প্রতিপক্ষ কোচের মুখে সানজিদা ও কৃষ্ণার অকৃপণ প্রশংসা, ‘ওদের ৭ নম্বর (সানজিদা) ও ১২ নম্বর (কৃষ্ণা) সারাক্ষণ চাপে রেখেছিল। এই দুজন দুর্দান্ত খেলেছে।’
টানা দুই জয় পেয়ে সংবাদ সম্মেলনে ভীষণ উচ্ছ্বসিত বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন, ‘আজ আরেকটা বাধা অতিক্রম করলাম। মেয়েরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রাধান্য বিস্তার করে খেলেছে। আরও গোল অবশ্য হতে পারত। কিন্তু ৫-০ গোলে জিতেই আমি সন্তুষ্ট।’
এর আগে দিনের প্রথম ম্যাচে ইরান ৯-০ গোলে হারিয়েছে কিরগিজস্তানকে। পরের ম্যাচে চীনা তাইপে ৫-০ গোলে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।