উয়েফা একাদশে বার্সার রাজত্ব
লা লিগা ও চ্যাম্পিয়নস লিগসহ পাঁচ-পাঁচটি শিরোপা। বার্সেলোনার ইতিহাসের অন্যতম সেরা বছর ছিল ২০১৫। স্প্যানিশ চ্যাম্পিয়নদের মাঠের পারফরম্যান্স অনূদিত হলো ভোটের বাজারেও। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তাদের ওয়েবসাইটে ভোট নিয়েছিল ২০১৫ সালের ইউরোপের সেরা একাদশ বেছে নিতে। উয়েফাডটকমের নিবন্ধিত পাঠকেরা ১১ জনের পাঁচজনকেই বেছে নিলেন বার্সেলোনা থেকে।
সবচেয়ে বেশি ভোট পেয়েছেন লিওনেল মেসি। মোট ভোটারের ৭০ শতাংশই তাঁদের একাদশে রেখেছেন বার্সা ফরোয়ার্ডকে। মেসি ছাড়াও একাদশে আছে বার্সার নেইমার, জেরার্ড পিকে, আন্দ্রেস ইনিয়েস্তা ও দানি আলভেজ। ৪-৪-৩ ছকে আক্রমণভাগে মেসি-নেইমারের সঙ্গী ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ শতাংশ ভোট পেয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। নেইমার পেয়েছেন ৪৪ শতাংশ ভোট।
একাদশে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় তিনজন। রোনালদোর সঙ্গে জায়গা পেয়েছেন ডিফেন্ডার সার্জিও রামোস ও মিডফিল্ডার হামেস রদ্রিগেজ। এ ছাড়া জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের দুজন ও জুভেন্টাসের একজন আছেন একাদশে। অস্ট্রিয়া ও বায়ার্নের ডিফেন্ডার ডেভিড আলাবা পেয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ শতাংশ ভোট। তথ্যসূত্র: উয়েফা।
উয়েফার সেরা একাদশ
গোলরক্ষক
ম্যানুয়েল নয়্যার, ৩৭৯৩০৪ ভোট
ডিফেন্ডার
ডেভিড আলাবা, ৪৩৩২৪৪ ভোট
সার্জিও রামোস, ৩৩০৬৪৭ ভোট
দানি আলভেজ, ২৯১৬১১ ভোট
জেরার্ড পিকে, ২৫৪২৭৯ ভোট
মিডফিল্ডার
আন্দ্রেস ইনিয়েস্তা, ৪০১৫৭৪ ভোট
পল পগবা, ৩৬১৪২১ ভোট
হামেস রদ্রিগেজ, ২৬০৮৭১ ভোট
ফরোয়ার্ড
লিওনেল মেসি, ৪৪৮৪৪৫ ভোট
নেইমার, ২৮২৩২৭ ভোট
ক্রিস্টিয়ানো রোনালদো, ২৬০৮১১ ভোট