উয়েফার ড্রতে কারচুপি!
বোমা ফাটানো তথ্যই বটে! ফুটবলের গ্রুপিংয়ের ড্রতে কারচুপি, সেটিও আবার উয়েফার শীর্ষ টুর্নামেন্টগুলোতে! আর বোমা ফাটানো এই দাবিটা করেছেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার। ড্রয়ে কারচুপি করতে নাকি পাত্রে রাখা ছোট ছোট বলগুলোর কয়েকটি একটু ঠান্ডা করে রাখা হতো, যেন যিনি না দেখে বলটা তুলবেন, হাত দিয়ে ধরলেই বুঝতে পারেন কোন বলগুলো ঠান্ডা, কোনগুলো ঠান্ডা নয়!
অভিযোগটা আসলে উঠেছিল আর্জেন্টিনাকে নিয়ে। ২০১৪ বিশ্বকাপে ইরান, বসনিয়া ও নাইজেরিয়ার সঙ্গে একই গ্রুপে পড়েছিল আর্জেন্টিনা। গুঞ্জন উঠেছিল, ড্রতে কারচুপি করে আর্জেন্টিনাকে সহজ গ্রুপ পাইয়ে দেওয়া হয়েছে। ব্ল্যাটারের দাবি, বিশ্বকাপের ড্রতে তাঁর সময়ে এমন কিছু হয়নি। অভিযোগ অস্বীকার করে বরং তিনি উল্টো দাবি করেন, ফিফা নয়, উয়েফা করে এমন কারসাজি!
আর্জেন্টাইন দৈনিক লা ন্যাসিওন-এর সঙ্গে সাক্ষাৎকারে ব্ল্যাটার ব্যাখ্যা করেছেন, ‘অবশ্যই সংকেত দিয়ে, গরম বা ঠান্ডা করে এটা করা যায়। এটা টেকনিক্যালি সম্ভব। অন্য সময় হলেও হতে পারে, তবে আমার সময় ফিফায় কখনো এটা দেখিনি। কিন্তু উয়েফার ড্রতে আমি এটা দেখেছি। আপনি যদি কিছু বল রেফ্রিজারেটরে রাখেন, সেগুলো ঠান্ডা হয়ে থাকবে। আর তাহলেই তো গরম ও ঠান্ডা বলের পার্থক্য আলাদা করা যায়। স্পর্শ করলেই বুঝতে পারবেন, কোনটা কী রকম।’
টুর্নামেন্টগুলোতে কোন দল কোন গ্রুপে পড়বে, এটা লটারির ড্রয়ের মাধ্যমে ঠিক করা হয়। আর সেই ড্রয়ে আলাদা আলাদা পাত্রে ছোট বলের ভেতরে লুকানো কাগজে লেখা থাকে দলগুলোর নাম। যিনি পাত্র থেকে বল তোলেন, তাঁর পক্ষে বলা সম্ভব নয় কোন দলের নাম লেখা বল তুলছেন। কিন্তু যদি নির্দিষ্ট দলগুলোর বল ঠান্ডা করে রাখা হয় আর যাঁরা বল তুলবেন, তাঁদের সেভাবেই নির্দেশনা দেওয়া হয়! এটাই হচ্ছে ব্ল্যাটারের দাবি।
এই মুহূর্তে দুর্নীতির অভিযোগে ফিফা থেকে ছয় বছরের জন্য নিষিদ্ধ ব্ল্যাটার। এই অবস্থায় তাঁর দেওয়া নতুন এই তথ্য উয়েফাকেও নাড়িয়ে দিতে পারে কিছুটা। এ ব্যাপারে অবশ্য এখন পর্যন্ত উয়েফার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এএফপি।