উয়েফার সমর্থন ইনফ্যান্তিনোকে
হঠাৎ করেই বদলে গেল সব সমীকরণ। ফিফা সভাপতি পদের জন্য প্রার্থিতা ঘোষণার শেষ সময় ছিল গতকাল। শেষ দিনেই নাটকীয়ভাবে প্রার্থিতা ঘোষণা করলেন উয়েফা মহাসচিব জিয়ান্নিনো ইনফ্যান্তিনো। তার আগেই অবশ্য প্রার্থিতা ঘোষণা করেছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা। প্রার্থিতা প্রত্যাহার করেছেন ফিফা থেকে ছয় বছরের জন্য নিষিদ্ধ সাবেক সহসভাপতি চুং মং-জুনও।
ইনফ্যান্তিনোর ঘোষণাটা আসলে উয়েফার পক্ষ থেকেই এসেছে। কাল জরুরি এক সভা ডেকেছিল উয়েফার নির্বাহী কমিটি। সেটি শেষ হওয়ার পরেই ইউরোপের সর্বোচ্চ ফুটবল সংস্থা জানিয়েছে, ইনফ্যান্তিনোই তাদের সমর্থন পাবেন। তার মানে কি মিশেল প্লাতিনির ওপর থেকে সমর্থন তুলে নিয়েছে উয়েফা? উয়েফা অবশ্য সেটি পরিষ্কার করেনি। অথচ কয়েক দিন আগেই তারা প্লাতিনির পক্ষে থাকারই ঘোষণা দিয়েছিল।
প্রার্থী হিসেবে প্লাতিনির শেষ পর্যন্ত টিকে থাকাটা সংশয়াচ্ছন্ন। ফিফার নৈতিকতা কমিটির ৯০ দিনের নিষেধাজ্ঞার খড়্গ ঝুলছে মাথার ওপর। শাস্তির বিরুদ্ধে সর্বোচ্চ ক্রীড়া আদালতে আপিল করেছেন ফরাসি ফুটবল কিংবদন্তি। সেখানে নির্দোষ প্রমাণিত হলেই ফিফা নির্বাচনে লড়াই করতে পারবেন।
এএফসি সভাপতি শেখ সালমান আগেই ইঙ্গিত দিয়েছিলেন। কাল নিশ্চিত করলেন ফিফা সভাপতি নির্বাচনে তাঁকেও দেখা যাবে। কালই প্রার্থিতা নিশ্চিত করেছেন লাইবেরিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি মুসা বিলিতি। এর আগে ঘোষণা দিয়েছিলেন জর্ডানের প্রিন্স আলী,
সাবেক ফিফা কর্মকর্তা জেরোম শ্যাম্পেন, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা টোকিও সেক্সওয়েল এবং ত্রিনিদাদের সাবেক ফুটবলার ডেভিড নাখিদ। এএফপি, বিবিসি।