উয়েফায় অভিযোগ পিএসজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বাদ পড়ার দুঃখটা ভুলতেই পারছে না প্যারিস সেন্ট–জার্মেই (পিএসজি)। রেফারির বিতর্কিত কিছু সিদ্ধান্তে বার্সেলোনার কাছে হারের দুঃখটা সামলাতে এখন উয়েফার দ্বারস্থ হয়েছে পিএসজি। ম্যাচটির দায়িত্বে থাকা জার্মান রেফারি ডেনিস আয়তেকিনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ তুলছে তারা।
এই তো গত বুধবার রাতের ঘটনা। আধুনিক ফুটবলের সবচেয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনটা দেখিয়েছে বার্সেলোনা। প্রথম লেগে ৪-০ গোলে হারের ধাক্কা সামলে পিএসজিকে ৬-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে কাতালানরা। ম্যাচ শেষ হওয়ার পরই রেফারির সিদ্ধান্ত নিয়ে নিজেদের অসন্তুষ্টি জানিয়েছিলেন কোচ উনাই এমেরি, ‘আমাদের সুযোগ ছিল স্কোর ৩-২ করার। এরপর তো রেফারির সিদ্ধান্তগুলো ছিলই। আমি জানি না সেগুলো ঠিক না ভুল, কিন্তু সেগুলো ক্ষতি করেছে আমাদের।’
ক্লাবের সভাপতি নাসের আল-খেলাইফি অতটা রাখঢাক রাখেননি। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নটা এত দ্রুত শেষ হওয়ার দায়টা রেফারির কাঁধে তুলে দিয়েছেন খেলাইফি, ‘আরেকটু সৎ রেফারিং হলেই ম্যাচের ফলটা ভিন্ন হতে পারত। সবাই দেখেছে অ্যাঙ্গেল ডি মারিয়া একটা পরিষ্কার পেনাল্টি পেত, তাহলেই স্কোর ২-৩ হয়ে যেত আর ম্যাচ নিয়ে সব উত্তেজনা শেষ হয়ে যেত। আর শেষ দিকে লুইস সুয়ারেজেরটা যে পেনাল্টি ছিল না (ওই পেনাল্টি থেকে স্কোর ১-৫ হয়), সেটা না-ই বা বললাম।’
পিএসজি শুধু প্রতিক্রিয়া জানিয়েই থামছে না। পরশু বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ম্যাচের রেফারি আয়তেকিনের বিরুদ্ধে উয়েফার সভাপতি আলেক্সান্দার সেফেরিনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে পিএসজি। মাদ্রিদভিত্তিক পত্রিকা মার্কা দাবি করেছে, আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে ম্যাচের কিছু ভিডিও ফুটেজ দিয়েছে পিএসজি। আন্তর্জাতিক রেফারিদের সঙ্গে আলোচনা করে ও সংবাদমাধ্যমের প্রতিক্রিয়াও প্রমাণ হিসেবে পাঠিয়েছে ফরাসি ক্লাবটি। মার্কা আরও দাবি করেছে, নির্দিষ্ট আটটি ঘটনার কথা বলে আয়তেকিনের বিপক্ষে অভিযোগটা সাজিয়েছে পিএসজি। এএফপি।